প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের সরকারি বাহিনী ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানকে আরও জোরদার করেছে। এক দিনের মধ্যে বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুথিদের বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। তাদের বক্তব্য অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে এসব অভিযানে অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন। এ সময় হুথিদের ৮১টি সামরিক যান এবং বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান, সমাবেশ, সামরিক শক্তিবৃদ্ধি ও প্রতিরক্ষা স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আল-নুজাইলি আরও জানান, পরিচালিত অভিযানের মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন হামলা এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব হামলায় হুথিদের সামরিক সক্ষমতা ও রসদ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী দাবি করেছে যে, এতে ৮১টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর হয়েছে।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাইজ শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চল ছাড়াও আল-দাবাব ও সাবির ফ্রন্টে হুথিদের অবস্থান, সমাবেশ এবং নতুন করে আসা যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে স্থানীয় প্রতিরোধযোদ্ধারাও এসব লড়াইয়ে অংশগ্রহণ করেন।
এছাড়া মারিব ও আল-জউফ প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, তুর আল-বাহা, আল-মাকাতিরাহ, মুকাইরাস, আল-দালি ও শাবওয়া অঞ্চলেও সংঘর্ষ ও সামরিক অভিযান চালানো হয়েছে। বিশেষ করে মারিবের মাবিক ও আল-সাওয়ালিহ এলাকায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। কিরশ ফ্রন্টের তানসুম পাহাড় ও হাওয়ামিরা এলাকাতেও হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
ইয়েমেনে সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষের তীব্রতা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে রাজধানী সানাসহ দেশের বিস্তীর্ণ এলাকা দখল করার পর থেকে হুথিদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত চলমান রয়েছে। ২০১৫ সালের মার্চে হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা করতে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট অভিযান শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পরবর্তী সময়ে তা ভেঙে পড়ে। চলতি বছরের জুলাই থেকে দুই পক্ষের মধ্যে লড়াই আবারও তীব্র হয়ে উঠেছে।
এদিকে, শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। ইয়েমেনে চলমান সংঘাতের পাশাপাশি সৌদি আরবের ওপর হুথিদের এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।
অন্যদিকে, শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় একটি ভবনে বিমান হামলায় ১১ জন নিহত হওয়ার দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, নিহতদের অধিকাংশই শিশু। ভবনটিতে আইসক্রিম বিক্রেতা কয়েকজন শিশু বসবাস করত বলেও দাবি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।
তবে হামলার দায় নিয়ে দুই পক্ষের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে। হুথিরা এ হামলার জন্য সৌদি আরবকে দায়ী করলেও তাইজের সরকারি কর্তৃপক্ষ দাবি করেছে, ওই এলাকায় কোনো বিমান হামলা হয়নি; বরং বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য হুথিদের দায়ী করেছে তারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, হতাহতের সংখ্যা, হামলার ধরন ও দায়ী পক্ষের বিষয়ে দুই পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আরব নিউজ, আলজাজিরা ও এপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন