০৮:১৮ পি.এম
তথ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিগত সরকার নিয়ে প্রশ্ন করার সময় এক সাংবাদিক আন্দালিভ রহমান পার্থকে শেখ হাসিনার ‘আত্মীয়’ হিসেবে উল্লেখ করেন। জবাবে তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়।’ প্রশ্ন করার ক্ষেত্রে ওই সাংবাদিককে আরও পেশাদার হওয়ার পরামর্শও দেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে জানতে চান। প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির খুনিদেরও ফেরত দেয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এর জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন,‘আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে। তার আত্মীয় হিসেবে নয়। আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।’
এ সময় উপদেষ্টা জাহেদ উর রহমানও সাংবাদিকের উদ্দেশে পার্থর পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আপনি তো উনার বহুবছরের একটা...উনি কার সাথে ছিলেন, কী করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড। ইজন্ট ইট?’
আন্দালিভ রহমান পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জু ছিলেন এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী। জাতীয় পার্টি বিভক্ত হলে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নামে একটি অংশের নেতৃত্বে আসেন মঞ্জু। ২০০৮ সালে তার মৃত্যুর পর দলের হাল ধরেন পার্থ।
আন্দালিভ রহমান পার্থর পারিবারিকভাবে শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তার মা রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। পার্থর স্ত্রী শেখ সায়রা রহমান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের মেয়ে। সে হিসেবে শেখ হাসিনা পার্থর ফুফু হন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। আমরা জানি এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে, যে কন্ডিশনগুলো দেয়া হয়েছে, এবং আমি যেটা জানি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় লিখেছে, এ ব্যাপারটা নাকি উনারা এখন আদালতের মাধ্যমে করবে।’
পার্থ বলেন, ‘সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার এখন পলিটিক্যালি ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা এখন জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এই সংবাদটা উনার জন্য খুব একটা সুখকর হবে না।’
শেখ হাসিনার পাশাপাশি মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। তার ভাষ্য, ‘আমাদের তো দাবি একটাই; সেটা হলো, শুধু উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু। বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, এই জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগেও যে ঘটনাগুলো, সেগুলোর সঠিক বিচার হোক।’
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন