ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত


সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত

সৌদি আরবের রিয়াদে একটি সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন, গাজীপুরের কালীগঞ্জের বাসিন্দা মো. আলমগীর এবং মো. ফরহাদ।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির মরদেহ বর্তমানে রিয়াদের সুমোসি হাসপাতালে সংরক্ষিত রয়েছে।

নিহতদের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় অবস্থিত। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এদিকে, চলতি সেপ্টেম্বর মাসে সৌদি আরবে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও চার প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

গত ৭ সেপ্টেম্বর তায়েফ থেকে জেদ্দা যাওয়ার সময় আল-খুরমা এলাকায় প্রবাসীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় গাড়ির চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।

জানা গেছে, ওই দুর্ঘটনায় নিহত চারজনের সবাই সিলেটের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‌্যাম্প ডিসেম্বরের মধ্যে চালুর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‌্যাম্প ডিসেম্বরের মধ্যে চালুর নির্দেশ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নির্দেশনা দিয়েছেন যে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‌্যাম্পের নির্মাণকাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে যান চলাচলের জন্য খুলে দিতে হবে।

বুধবার সেতু ভবনে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের চীনা প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের অগ্রগতি, অর্থায়ন এবং চলমান নির্মাণকাজ দ্রুত শেষ করার লক্ষ্যে আলোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুর রউফ।

এ সময় প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নতুন অর্থায়ন, নির্মাণকাজের বর্তমান অবস্থা এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেতু সচিব বৈঠকে বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‌্যাম্পের নির্মাণকাজ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি চীনা প্রতিনিধিদলসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যায়।

এছাড়া আবদুর রউফ প্রকল্পের অন্যান্য অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন। তিনি উল্লেখ করেন, "প্রকল্পের পূর্ণাঙ্গ সুফল ঢাকাবাসীর কাছে দ্রুত পৌঁছে দিতে হলে নির্মাণকাজের গতি আরও বাড়াতে হবে।" এই লক্ষ্যে তিনি প্রকল্প এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের নির্দেশনা দেন।

বৈঠকে প্রকল্পের অর্থায়ন পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। চীনা প্রতিনিধিদল জানায়, তারা অর্থায়ন কার্যক্রম দ্রুত নিষ্পত্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ প্রক্রিয়া বেগবান করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তারা আরও জানায়, বিকল্প ঋণদাতা হিসেবে চীনের শ্যানডং প্রদেশের শীর্ষস্থানীয় দুটি ব্যাংক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এদিকে, এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলোতে যানবাহনের নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে আরএফআইডি-ভিত্তিক ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের বিষয়টি বৈঠকে উঠে আসে। এ ব্যবস্থা দ্রুত চালু করতে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য চীনা প্রতিনিধিদলকে অনুরোধ জানানো হয়।

সেতু সচিব প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও পরিচালনাগত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ে শেষ করতে একটি সুস্পষ্ট ও সময়ভিত্তিক পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।

নির্মাণকাজ চলাকালে প্রকল্প এলাকায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার তাগিদও দেওয়া হয়।

উল্লেখ্য, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত পিপিপি প্রকল্প। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে।

মূল উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার এবং ওঠানামার সংযোগকারী র‌্যাম্পসহ প্রকল্পটির মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। এই প্রকল্পটি রাজধানীর সড়কপথের ধারণক্ষমতা বৃদ্ধি ও যানজট নিরসনের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও এফডিইইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ মামলায় ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হাকিমি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ধর্ষণ মামলায় ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হাকিমি

মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। এর ফলে ২০২৩ সালের ওই অভিযোগের প্রেক্ষিতে হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।

তবে আপিল খারিজ হওয়া মানে হাকিমি দোষী সাব্যস্ত হয়েছেন, এমন কিছু নয়। অভিযোগের সত্যতা এবং দায়-দায়িত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মূল বিচারপ্রক্রিয়ায় নেওয়া হবে।

ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্রান্সের কোর্ট অব ক্যাসেশন হাকিমির করা আপিল গ্রহণ করেনি। এর আগে, ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত তাকে ফৌজদারি আদালতে পাঠানোর সিদ্ধান্ত বহাল রেখেছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন হাকিমি।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ ওঠার পর থেকেই মরক্কোর এই ফুটবলার তা অস্বীকার করে আসছেন। তার আইনজীবী ফ্যানি কোলিনের বক্তব্য অনুযায়ী, কোর্ট অব ক্যাসেশন অভিযোগের মূল বিষয়গুলো পর্যালোচনা করেনি; সেগুলো নিয়ে মূল বিচারপর্বেই আলোচনা হবে।

সর্বোচ্চ আদালতের সর্বশেষ সিদ্ধান্তের ফলে এই পর্যায়ে হাকিমির আইনি চ্যালেঞ্জের সুযোগ শেষ হয়ে গেছে। যদিও মামলাটি ফৌজদারি আদালতে যাওয়ার পথ পরিষ্কার হয়েছে, তবে বিচার শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বাদীপক্ষের আইনজীবী র‌্যাচেল-ফ্লোর পার্দো জানিয়েছেন, তার মক্কেল বিচারের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে, হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন বলেছেন, তার মক্কেল শুরু থেকেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন এবং বিচারপর্বে তার পক্ষে থাকা সব বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, ১৮ থানায় অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, ১৮ থানায় অভিযান

কুমিল্লা জেলার পুলিশ, একযোগে ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের ফলে নগরীসহ জেলার বিভিন্ন স্থানে ৬২৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানার আওতাধীন এলাকায় এ অভিযান শুরু হয়। কিশোর গ্যাং এবং উঠতি বয়সী তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ করার লক্ষ্যে বখাটেদের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহজনক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে উঠতি বয়সী কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। এর ফলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশে ১৮টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশগ্রহণ করেন। নগরীর বিভিন্ন স্থান ছাড়াও জেলার প্রতিটি থানার আওতাধীন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য ও বখাটেদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও উল্লেখ করেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

মার্কিন প্রেসিডেন্টদের ঐতিহ্য ভেঙে এক অনন্য কূটনৈতিক সৌজন্য প্রদর্শন করেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে স্বাগত জানাতে তিনি সরাসরি সামরিক বিমানঘাঁটিতে পৌঁছে গেছেন, যেখানে চীনা প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন ডিসিতে আসেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় চীনা প্রেসিডেন্টের বিমান মার্কিন সামরিক ঘাঁটি ‘জয়েন্ট বেস অ্যান্ড্রুজ’-এ অবতরণ করে। বিমান থেকে শি নামার পরপরই, বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প। মেরিল্যান্ডে অবস্থিত এই বিমানঘাঁটিটি হোয়াইট হাউস থেকে প্রায় ১৩ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।

সাধারণত, ওয়াশিংটনে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান এলে তাদের হোয়াইট হাউসে স্বাগত জানানোর নিয়মই মার্কিন প্রেসিডেন্টদের জন্য প্রচলিত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের প্রবেশদ্বারে এবং চলতি বছরের এপ্রিলে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে সাউথ পোর্টিকোতে অভ্যর্থনা জানিয়েছিলেন ট্রাম্প। তবে বিমানবন্দরে গিয়ে বিদেশি কোনো নেতাকে স্বাগত জানানোর ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিরল দৃশ্য।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬২ সালে ওয়াশিংটনের বিমানবন্দরে গিয়ে আইভরি কোস্টের প্রেসিডেন্ট ফেলিক্স উফুয়ে-বোয়িনির মতো কয়েকজন নেতাকে অভ্যর্থনা জানিয়েছিলেন। তবে সাম্প্রতিক দশকগুলোতে পোপদের সফর ছাড়া এই রীতি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। উদাহরণস্বরূপ, ২০০৮ সালে জর্জ ডব্লিউ বুশ পোপ ষোড়শ বেনেডিক্টকে এবং ২০১৫ সালে বারাক ওবামা পোপ ফ্রান্সিসকে এই জয়েন্ট বেস অ্যান্ড্রুজেই স্বাগত জানিয়েছিলেন।

ট্রাম্পের এই বিশেষ পদক্ষেপের বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি অ্যাক্সিওসকে জানান, ‘চলতি বছরের গ্রীষ্মে প্রেসিডেন্ট শি চিনপিং চীনে এক ঐতিহাসিক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক আতিথেয়তা দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পও এই চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে সেই আতিথেয়তারই প্রতিদান দিচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘আমেরিকান জনগণের সমৃদ্ধি ও জাতীয় স্বার্থ রক্ষা হয়, এমন যেকোনো ভালো চুক্তির জন্য প্রেসিডেন্ট যেকোনো বিশ্বনেতার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে প্রস্তুত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%