বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৫:১৪ পি.এম
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১টা ৮ মিনিটের সময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের মধুমতি মডেল টাউনের সামনে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাইনুল রিয়াদ জানান, বেলা ১টা ৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে অবস্থিত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ২টা ১০ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, গাড়িতে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচিত সরকারের অগ্রাধিকার এবং প্রয়োজনের ভিত্তিতে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও জানান, একটি নির্দিষ্ট কর্মসূচির (প্রোগ্রাম) ভিত্তি কী হবে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। পূর্বে যেসব নীতিগত বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলোর ওপরেই এই কর্মসূচির ভিত্তি দাঁড়াবে।
তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রতি সম্মান (রেসপেক্ট টু দ্য ইলেক্টেড গভর্নমেন্ট) বজায় রেখেই সংস্কারের কাজ পরিচালিত হবে। একই সময়ে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে (সিকোয়েন্সিং) পরিবর্তন আনা হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, যখন যেটা প্রয়োজন হবে, তখন সেটাই করা হবে। ইতোমধ্যে অনেক পরিবর্তন হয়েছে। বাকি পরিবর্তনগুলোও সময় ও প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, অর্থনৈতিক সংস্কার একবারে নয় বরং পরিস্থিতি, অগ্রাধিকার এবং নির্বাচিত সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কারের সময়, নদীতে পড়ে সাদিক (২৫) নামে ফায়ার সার্ভিসের এক ডুবুরি সদস্য নিখোঁজ হয়ে গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে। নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি এলাকার আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য হিসেবে পরিচিত ছিলেন। সাদিক বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদকও গ্রহণ করেছেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও, বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল। এ সময়, ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোটচালক সজল দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। তিনি আরও বলেন, সাদিক একজন দক্ষ ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে তার সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় পদকে ভূষিত হন। তাকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবহাওয়া অফিস থেকে একটি বড় দুঃসংবাদ জানিয়ে বলা হয়েছে, দেশের ১৪ অঞ্চলে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
'লাদাখের সমাজকর্মী, শিক্ষা সংস্কারক ও পরিবেশবাদী সোনম ওয়াংচুকের জীবন রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। তিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ১৯ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশন করছেন।
বুধবার দায়ের করা একটি আবেদনের শুনানিতে বৃহস্পতিবার আদালত মন্তব্য করেছেন যে, সোনম ওয়াংচুকের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা উচিত। আদালতের পর্যবেক্ষণ হলো, প্রতিটি নাগরিকের জীবন মূল্যবান এবং তা রক্ষায় কর্তৃপক্ষের সর্বোচ্চ চেষ্টার প্রয়োজন রয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, ৫৯ বছর বয়সী ওয়াংচুক যদি অনশন না ভাঙেন, তাহলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হতে পারে। অভিযোগ করা হয় যে, সরকার পরিস্থিতির প্রতি যথেষ্ট উদ্বিগ্ন নয়। অনশনের ফলে তার ওজন সাড়ে ৮ কেজি কমে গেছে এবং রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রাও কমেছে।
আবেদনে আরও বলা হয়েছে, ওয়াংচুককে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পুষ্টি উপাদান, ভিটামিন এবং খনিজ, প্রয়োজনে তরল আকারে, সরবরাহ করা উচিত। এতে উল্লেখ করা হয়েছে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা নাগরিকের মৌলিক গণতান্ত্রিক অধিকার। তবে যদি ওয়াংচুক মারা যান, তা দেশের জন্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশাল লজ্জার বিষয় হবে।
শুনানিতে আদালত জানতে চান, ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের জন্য কেন নিরবচ্ছিন্ন সরকারি তদারকি নেই। সরকারপক্ষের জবাবে বলা হয়, প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, কিন্তু সব সময় সরকারি চিকিৎসক উপস্থিত থাকেন না; কখনও বেসরকারি চিকিৎসকরাও দায়িত্ব পালন করেন।
এ সময় আদালত নির্দেশ দেন যে, ওয়াংচুক যেন প্রতিদিন সরকারি চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা পান এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত উল্লেখ করেছে, প্রয়োজন হলে ওষুধও দিতে হবে। প্রতিটি জীবনই মূল্যবান।
আদালতের নির্দেশের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ওয়াংচুক জানান, অনশনে থাকা সত্ত্বেও তার শারীরিক অবস্থা এখনও নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক উদ্যোগ না আসা পর্যন্ত অনশন ভাঙবেন না বলেও জানান।
তিনি বলেন, পরিস্থিতি ততটা খারাপ নয়। দুর্বলতা থাকলেও তিনি এখনও হাঁটতে পারছেন। শুধু অনশন ভাঙার আহ্বানই জানিয়ে শেষ নয়, বরং তিনি ২০ জুলাই বিপুল সংখ্যক মানুষকে যন্তর মন্তরে এসে সরকারের কাছে বার্তা পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করেন।
উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এ আমির খান অভিনীত ফুনশুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ