ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মতলবে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি নৌকা নিলামে বিক্রি


মতলবে জাটকা রক্ষা অভিযানে জব্দ ৩৫টি নৌকা নিলামে বিক্রি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে জব্দকৃত ৩৫টি নৌকার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন-২০২৬) সকাল ১০টায় উপজেলার মেঘনা নদীর তীরে এ নিলাম কার্যক্রম শুরু হয়।

নিলামে এই ৩৫টি নৌকা মোট ৮ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা মূল্যে বিক্রি করা হয়েছে, যার সাথে ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয় ৯ লক্ষ ৪৫ হাজার টাকা। উন্মুক্ত এই নিলামটি সরকারি বিধি অনুসরণ করে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।

নিলামে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট এম সানোয়ার হোসেন, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আবুল কালাম।

আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, “এই অভিযানে জব্দ হওয়া নৌকাগুলো নিলামের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব সংযুক্ত করা হয়েছে, যা আমাদের কার্যক্রমের সফলতার প্রমাণ।”

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহও বলেন, “নিলাম প্রক্রিয়াটি আমরা স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করেছি।” তিনি জানান, “সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এসব জব্দকৃত নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করেছি এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।” প্রসঙ্গত, প্রতিবছর জাটকা সংরক্ষণে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ মাছ ধরা, জাল ও নৌকা জব্দ করা হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু

দেশের রপ্তানি খাতের ভিত্তি সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন সক্ষমতা জোরদার করার লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করেছে।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রবিবার কেন্দ্রীয় ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগ প্রকাশ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে উদ্ভূত পণ্য ও বাজারকেন্দ্রিক ঝুঁকি মোকাবিলা এবং সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোর বিকাশে সহায়তার জন্য এ স্কিম প্রবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দ্বারা এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হবে, যা একটি ঘূর্ণায়মান (রিভলভিং) তহবিল হিসেবে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের (পিএফআই) জন্য ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা নির্ধারণ করেছে। অন্যদিকে, রপ্তানিকারকরা সর্বাধিক ৭ শতাংশ সুদে অর্থায়ন পাবেন।

এই সুবিধার মেয়াদ তিন বছর ঠিক করা হয়েছে, যার মধ্যে ছয় মাসের একটি গ্রেস পিরিয়ড থাকবে। সুদ কমতি স্থিতি (রিডিউসিং ব্যালেন্স) পদ্ধতিতে হিসাব করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই স্কিমের মাধ্যমে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো, বাণিজ্য ভারসাম্যের উন্নয়ন এবং অপ্রচলিত রপ্তানি খাত সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করা হবে।

রপ্তানি নীতি ২০২৪-২৭ অনুযায়ী, ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ ও ‘বিশেষ উন্নয়ন’ খাতভুক্ত শিল্পগুলো এ স্কিমের আওতায় অর্থায়ন সুবিধা লাভ করবে।

স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহারকারী রপ্তানিকারকদের অগ্রাধিকার দেওয়া হবে এবং পাট ও চামড়া খাতকে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে অভিহিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদনে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত রপ্তানিকারক, দেশে রপ্তানি আয় আনতে বকেয়া রয়েছে এমন প্রতিষ্ঠান এবং ঋণ অবলোপনের (রাইট-অফ) ইতিহাস রয়েছে এমন প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় আসতে পারবে না।

স্কিমে অংশ নিতে আগ্রহী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষর করতে হবে।

ইসলামী ব্যাংকগুলোও শরিয়াহসম্মত বিনিয়োগ পদ্ধতিতে এ স্কিমের আওতায় অর্থায়ন করতে পারবে, তবে তাদের স্কিমের সুদহার ও মেয়াদসংক্রান্ত শর্ত মেনে চলতে হবে।

পুনঃঅর্থায়ন সুবিধা পেতে প্রতিটি অর্থ বিতরণের ৯০ দিনের মধ্যে নথিপত্রসহ আবেদন করতে হবে। এর মধ্যে থাকবে ডিমান্ড প্রমিসরি নোট, লেটার অব কন্টিনিউটি, ডেবিট অথরিটি লেটার এবং হালনাগাদ সিআইবি প্রতিবেদন।

এ স্কিমের আওতাধীন সব বিনিয়োগে ন্যূনতম ঋণ-ইকুইটি অনুপাত ৭০:৩০ বজায় রাখতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক সদস্য আর্থিক প্রতিষ্ঠানের ওপর কঠোর তদারকি এবং জবাবদিহি ব্যবস্থা চালু করেছে। অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রতি প্রান্তিক শেষে ১৫ দিনের মধ্যে ত্রৈমাসিক প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নিয়মিত পরিদর্শনের মাধ্যমে তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিলে বা তহবিলের অপব্যবহার করলে, পুনঃঅর্থায়নের স্বাভাবিক সুদের অতিরিক্ত ৫ শতাংশ জরিমানা সুদ আরোপ করা হবে।

জরিমানার অর্থ বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে সরাসরি আদায় করা হবে।

এছাড়া, কোনো ঋণগ্রহীতা খেলাপি হলে, সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।

এ ধরনের পরিস্থিতিতে, বাংলাদেশ ব্যাংক এককালীন কর্তনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলতি হিসাব থেকে সম্পূর্ণ বকেয়া পুনঃঅর্থায়নের অর্থ আদায় করতে পারবে।

১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন (২০২৩ সালে সংশোধিত) এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই স্কিম চালু করা হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিমাগো র‍্যাঙ্কিংয়ে ভেটেরিনারি সায়েন্সে দেশের সেরা বাকৃবি

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


সিমাগো র‍্যাঙ্কিংয়ে ভেটেরিনারি সায়েন্সে দেশের সেরা বাকৃবি
স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিংস ২০২৬-এ ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে দেশের শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। একই সঙ্গে এশিয়ার ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৯২তম এবং বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ৪৩২তম।

রোববার (৭ জুন) বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। এ সময় ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান এবং ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, সিমাগো ইনস্টিটিউশনস র‍্যাঙ্কিং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা, উদ্ভাবন ও সামাজিক প্রভাবের ভিত্তিতে বৈশ্বিক মূল্যায়ন করে থাকে। ২০২৬ সালের তালিকায় বিশ্বের ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫ হাজার ৪৯১টি।

তিনি জানান, ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরির ১ হাজার ৩০৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭৮টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। এশিয়ার ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বাকৃবির অবস্থান ৯২তম এবং বৈশ্বিকভাবে ৯৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৩২তম।

তিনি আরও জানান, ভেটেরিনারি সায়েন্সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ৫৯৩তম। তৃতীয় স্থানে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১১০৪তম), চতুর্থ স্থানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (১১৬২তম) এবং পঞ্চম স্থানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (১২৮৫তম)।

এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং আরও উন্নতির লক্ষ্যে গৃহীত উদ্যোগ সম্পর্কে অধ্যাপক বাহানুর রহমান বলেন, এ অর্জন পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গর্বের। শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি জানান, র‍্যাঙ্কিং-সংক্রান্ত কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকদের সমন্বয়ে ১৫ সদস্যের একটি ‘র‍্যাঙ্কিং সেল’ গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির বলেন, ভেটেরিনারি সায়েন্স ক্যাটাগরিতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং সামাজিক প্রভাব—এই তিনটি সূচককে গুরুত্ব দেওয়া হয়। এখানে কেবল স্কোপাস-ইনডেক্সড জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ বিবেচনায় নেওয়া হয়।

তিনি আরও বলেন, গবেষণা প্রকাশনার ব্যয় বহন করা বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল থেকে কিছু সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গবেষণায় সরকারি বিনিয়োগ বৃদ্ধি করা হলে শিক্ষার্থীদের স্নাতক পর্যায় থেকেই গবেষণায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা সম্ভব হবে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র ও টাকাসহ ডাকাত আজিম ও তার ২ সহযোগী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


অস্ত্র ও টাকাসহ ডাকাত আজিম ও তার ২ সহযোগী আটক

লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার জনতা বাজার সংলগ্ন মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও নগদ ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারী (৩২) এবং তার দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৬ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন রামগতি জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় কুখ্যাত ডাকাত আজিম ব্যাপারী ও তার দুই সহযোগী মো. বশির (৪০) এবং রাব্বী (১৬)-কে আটক করা হয়। তারা সবাই রামগতি উপজেলার বাসিন্দা। পরে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, এর আগে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বরও অস্ত্রসহ আজিম ব্যাপারীকে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত টাকা জিম্মায় নিয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, আটক তিনজনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে মনোরেল প্রকল্প নিয়ে চউক-ডিটিসিএ মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


চট্টগ্রামে মনোরেল প্রকল্প নিয়ে চউক-ডিটিসিএ মতবিনিময়

চট্টগ্রাম মহানগরীতে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)-এর মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার অনুষ্ঠিত এই সভাটি চউকের সম্মেলন কক্ষে হয়েছে। সভায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়ে থাকে, বিশেষ করে সম্ভাবনা এবং নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় চট্টগ্রাম শহরের জন্য একটি সমন্বিত ট্রাফিক মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্দেশ্যে ডিটিসিএ কর্তৃপক্ষ চউকের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি সহযোগিতা কামনা করে। এ সময় বক্তারা নগর পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, 'চট্টগ্রাম ভৌগোলিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। সুতরাং যেকোনো অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পর্যটন, জীববৈচিত্র্য, পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত। নগরবাসীর কল্যাণে কার্যকর, টেকসই ও জনবান্ধব প্রকল্প গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।'

ডিটিসিএর নির্বাহী পরিচালক ড. মো. মশিউর রহমান বলেন, মনোরেল প্রকল্পকে অর্থনৈতিকভাবে টেকসই এবং লাভজনক করতে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) ব্যবস্থার সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়নের সমন্বয় সাধনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। এতে করদাতাদের অর্থ থেকে ভর্তুকি দেওয়ার প্রয়োজন হবে না।

সভায় ডিটিসিএ-এর পক্ষে আলোচনায় অংশ নিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. মশিউর রহমান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (ম্যাস ট্রানজিট) ও যুগ্মসচিব আবদুল লতিফ খান, সিএমএ প্রকল্প পরিচালক ট্রাফিক ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ কামরুল হাসানসহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চউকের সদস্য প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুব উল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এ.এম. হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%