০৩:১০ পি.এম
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন।
নগর কর্তৃপক্ষের কার্যালয় জানায়, বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা গেছে।
নগর কর্তৃপক্ষের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চলাকালীন স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করার মাধ্যমে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।
আরও পড়ুন: সৌদি উপকূলে ট্যাংকারে রকেটচালিত গ্রেনেড হামলা, নাবিকরা নিরাপদ
মোট পাঁচজন নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে পাঁচ ও ১০ বছর বয়সী দুই কন্যা এবং ১২ বছর বয়সী এক কিশোর। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ভবনটির নিচের তিনটি তলা ধসে পড়েছে। তবে উপরের চারটি তলা ধ্বংসস্তূপের উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে।
ইস্তাম্বুলের উপমেয়র নুরি আসলান সাংবাদিকদের জানান, ‘ভবনটি ১৯৮৭ সালে নির্মিত হয়েছিল। সে সময়ের নির্মাণবিধি অনুযায়ী এর বেসমেন্ট, নিচতলা এবং প্রথম ও দ্বিতীয় তলা নির্মাণ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে উপরের তলাগুলো নির্মাণ করা হয়।’
দুর্ঘটনাস্থলের আশপাশে বসবাসকারী ৫৫ জনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গ্রেটার নয়ডায় নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু
তুরস্কের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির নিচতলায় অবস্থিত একটি দোকানের ব্যবস্থাপক জানিয়েছেন, তিনি গত এপ্রিল থেকেই ভবনটির কাঠামোয় ফাটল দেখতে পেয়েছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর হিসাব অনুযায়ী, ত্রুটিপূর্ণ নির্মাণকাজ বা নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে ইস্তাম্বুলে প্রায় ১ হাজার ২০০টি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
এর আগে গত আগস্টে শহরটিতে একটি খালি ভবন ধসে পড়েছিল। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।
আরও পড়ুন: রাশিয়া ইউরোপে জ্বালানি সরবরাহ বাড়াতে প্রস্তুত: উপপ্রধানমন্ত্রী নোভাক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন