ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৩৮ বছর বয়সে মারা গেলেন রেসলিং তারকা ব্রনসন রিড


৩৮ বছর বয়সে মারা গেলেন রেসলিং তারকা ব্রনসন রিড

রেসলিংয়ের রিংয়ে তার শক্তি ও দাপটের পরিচিতি ছিল আলাদা। দর্শকদের কাছে প্রতিপক্ষকে কাবু করতে তার বিখ্যাত ‘সুনামি’ আক্রমণ অন্যতম আকর্ষণ ছিল।

এখন সেই ব্রনসন রিড আর নেই। মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন অস্ট্রেলিয়ান এই রেসলার। তার মৃত্যুর ফলে বিশ্ব রেসলিংয়ে শোকের ছায়া নেমে এসেছে।

ব্রনসন রিডের আসল নাম জারমেইন হ্যালি। গতকাল (২৭ নভেম্বর) শুক্রবার চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) কর্তৃপক্ষ। তবে তিনি কোথায় মারা গেছেন কিংবা ঠিক কী ধরনের শারীরিক জটিলতায় তার মৃত্যু ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: নেইমারকে আনতে গিয়ে জে এদুয়ার্দোকে নিয়ে ফিরলেন প্রেজিওসি

সর্বশেষ ৭ নভেম্বর সৌদি আরবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপে দেখা গিয়েছিল ব্রনসনকে। ওই অনুষ্ঠানে ওবা ফেমির সঙ্গে লড়াইয়ের সময় মঞ্চ থেকে টেবিলের ওপর পড়ে তিনি চোট পান। তার পাঁজরের হাড় ভাঙা ও কিডনিতে আঘাত লাগার খবরও প্রকাশিত হয়েছিল। তবে ওই চোটের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত করেনি ডব্লিউডব্লিউই।

ব্রনসনের মৃত্যুতে ডব্লিউডব্লিউই এক বিবৃতিতে বলেছে, ‘জারমেইন হ্যালি, যিনি ব্রনসন রিড নামে পরিচিত, ৩৮ বছর বয়সে তার চিকিৎসাজনিত জটিলতায় মৃত্যুতে ডব্লিউডব্লিউই গভীরভাবে শোকাহত। রিংয়ে তিনি ছিলেন বিশাল ব্যক্তিত্বের অধিকারী। তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিত একজন ব্যক্তি এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘জারমেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেজ, তাদের মেয়ে, বন্ধু, সহকর্মী ও ভক্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’

১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম নেওয়া ব্রনসনের পেশাদার রেসলিংয়ে অভিষেক ঘটে ২০০৭ সালে। দীর্ঘদিন বিভিন্ন প্রতিষ্ঠানে রেসলিং করার পর ২০১৯ সালে ডব্লিউডব্লিউইতে যোগ দেন তিনি। এনএক্সটিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে ২০২১ সালে জেতেন এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ।

আরও পড়ুন: ৪২ পেরিয়েও থিয়াগো সিলভার অবসরের ভাবনা নেই, ফ্লুমিনেন্সের সঙ্গে নতুন চুক্তি

২০২১ সালে ডব্লিউডব্লিউই ছাড়ার পর নিউ জাপান প্রো রেসলিং (এনজেপিডব্লিউ) ও ইমপ্যাক্ট রেসলিংয়ে (টিএনএ) লড়েছেন ব্রনসন। ২০২২ সালে আবার ডব্লিউডব্লিউইতে ফেরেন। ২০২৪ সালে জেতেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কের মেয়র মামদানি সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


নিউইয়র্কের মেয়র মামদানি সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফিরলেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির অ্যাকিলিস টেন্ডনে (গোড়ালির ঠিক ওপরে মানবদেহের সবচেয়ে বড়, মোটা এবং শক্তিশালী টেন্ডন) সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি নিজের বাসভবন গ্রেসি ম্যানশনে ফিরে গেছেন। চিকিৎসকেরা তার সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী।

মেয়রের প্রেস সচিব জো ক্যালভেলো জানিয়েছেন, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৩৩ মিনিটে অস্ত্রোপচার শুরু হয় এবং দুপুর ১২টা ৪২ মিনিটে এটি শেষ হয়। বর্তমানে মামদানি বাসায় বিশ্রামে আছেন। তার সুস্থ হয়ে ওঠার সময় নগরীর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন প্রথম উপমেয়র ডিন ফুলাইহান।

গত সপ্তাহে সংবাদকর্মীদের সঙ্গে প্রীতি ফুটবল খেলার সময় দৌড়ে বল ধরতে গিয়ে ৩৫ বছর বয়সী মামদানি অ্যাকিলিস টেন্ডনে আঘাত পান। অস্ত্রোপচারের আগে তিনি বলেছিলেন, জীবনে প্রথমবার অস্ত্রোপচার হওয়ায় তিনি কিছুটা ভয় পাচ্ছিলেন। তবে বাস্কেটবল তারকা জেসন টেটামের একই ধরনের অস্ত্রোপচারের কথা মনে করে নিজেকে সাহস দিচ্ছিলেন।

সূত্র: এবিসি সেভেন এনওয়াই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে যুবদল নেতা মহিউদ্দিন ঝাড়ু স্বপদে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ এম


শ্রীমঙ্গলে যুবদল নেতা মহিউদ্দিন ঝাড়ু স্বপদে ফিরলেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু স্বপদে ফিরে এসেছেন। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর তিনি এই পদে পুনর্বহাল হন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন—কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব নোমান আহমেদ, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, গোলাম রাব্বী, আছনাজ চৌধুরী ইমন, মো. জিয়া উদ্দিন চৌধুরী, ইজ্জাদুর রহমান এবং সদস্য সিপার আহমদ। এছাড়া, কমলগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রোবেল ও আব্দুল রোবেল ভূঁইয়া এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং পূর্বের স্বীয় পদে তাদের বহাল করা হয়েছে।

এছাড়াও, কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আরো ৯ নেতা এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের এক নেতার বহিষ্কারাদেশও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দ্বারা প্রত্যাহার করা হয়েছে। তাদের সকলকে পূর্বের স্বীয় পদে পুনর্বহাল করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইলের অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ এম


চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইলের অব্যাহতি

সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং সংগঠনের চিকিৎসকদের মধ্যে গ্রুপিং তৈরি করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতে ইসলামীর পর এবার কেন্দ্রীয় ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিত করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের অর্থোপেডিক সার্জন ডা. মো. ইসমাইল হোসেনের। তিনি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক এবং এনডিএফ জেলা কমিটির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ডা. ইসমাইল হোসেনের সংগঠন থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জেলা এনডিএফ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছিল।

কেন্দ্রীয় কমিটির পত্রে উল্লেখ করা হয়, ১৩ নভেম্বর (শুক্রবার) জেলা কমিটির পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে যথাযথ কারণ ছাড়া বারবার সভায় অনুপস্থিত থাকা, সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ন করা, সরকারি চাকরিবিধি লঙ্ঘন এবং সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ না করার অভিযোগ উত্থাপন করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ১৪ দিনের মধ্যে এনডিএফের কেন্দ্রীয় সভাপতির কাছে জবাব দেয়ার জন্য বলা হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জারির পর থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেনকে সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি ও সদস্যপদ স্থগিত করা হয়েছে। এ সময়ে তাকে এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ বা সংগঠনের যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া চলতি বছরের জুলাই মাসে সরকারি হাসপাতালে চাকরি করেও প্রাইভেট হাসপাতালের মালিকানা থাকার অভিযোগের প্রমাণ মেলায় ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. মো. ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন ও তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে এই বিভাগীয় মামলা করা হয়।

এর আগে ১৫ নভেম্বর (রোববার) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডা. ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, “আমি কখনও জামায়াতের কর্মী ছিলাম না।” তবে তিনি শুভাকাঙ্ক্ষী ও ইসলামী ছাত্রশিবির করার কথা জানান। তিনি আরও দাবি করেন যে, এনডিএফ জেলা কমিটি থেকে তাকে নিয়মবহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে এনডিএফ জেলা শাখা। একই দিন চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় তার চেম্বার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগের দিন ১১ নভেম্বর (বুধবার) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন হাসপাতাল দখলের শঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেয়া হয়। এছাড়া ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘অবসরে না গেলে রোনালদোর আগেই ১,০০০ গোল করতাম’—আগুয়েরো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ এম


‘অবসরে না গেলে রোনালদোর আগেই ১,০০০ গোল করতাম’—আগুয়েরো

ক্রিস্টিয়ানো রোনালদো যখন ক্যারিয়ারের ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন, তখন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো মন্তব্য করেছেন যে, স্বাস্থ্যগত সমস্যার কারণে যদি তিনি আগেভাগে অবসর না নিতেন, তাহলে এই মাইলফলক রোনালদোর আগে স্পর্শ করতে পারতেন। তবে, তাঁর এই বক্তব্যের উদ্দেশ্য রোনালদোর অর্জনকে খাটো করা নয় বলেও তিনি উল্লেখ করেছেন।

পলিমার্কেট এফসির বরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যে আগুয়েরোকে বলতে শোনা গেছে যে, শারীরিক সমস্যা তাঁর ক্যারিয়ার দীর্ঘায়িত করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর্জেন্টাইন এই সাবেক তারকা রোনালদোর দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলা এবং ধারাবাহিক গোল করার সামর্থ্যেরও প্রশংসা করেছেন।

আগুয়েরোর বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, ‘সত্যি বলতে, স্বাস্থ্যগত সমস্যা না থাকলে আমি মনে করি ক্রিস্টিয়ানো রোনালদোর আগেই ১,০০০ গোল করতে পারতাম। তবে রোনালদোকে ছোট করার জন্য আমি এটা বলছি না। সে যা করছে, তা অসাধারণ—বিশেষ করে তার বয়স বিবেচনায়। এটা কেবল আমার নিজের অনুভূতি।’

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যটির সঠিক ভাষ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আগুয়েরোর ক্যারিয়ার মাত্র ৩৩ বছর বয়সে শেষ হয়ে যায়। ২০২১ সালের ডিসেম্বরে হৃদ্‌যন্ত্রের সমস্যায় আক্রান্ত হওয়ার পর তিনি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তখন তিনি বার্সেলোনায় খেলছিলেন। এর আগে তিনি ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন সফল ১০টি বছর। ইংলিশ ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি তিনি পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন।

পলিমার্কেট এফসির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, পেশাদার ক্যারিয়ারে আগুয়েরোর মোট গোল ৪২৬টি। অন্যদিকে রোনালদো এখনো ১,০০০ গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্যে খেলছেন। বর্তমানে ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকার দীর্ঘায়িত ক্যারিয়ার এবং গোল করার ধারাবাহিকতা ফুটবলবিশ্বে বিশেষ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে আগুয়েরোর ১,০০০ গোল করার সম্ভাবনা পুরোপুরি কাল্পনিক হিসাবেই থেকে যাচ্ছে। কারণ, তিনি যদি অবসর না নিতেন, তাহলে কত দিন খেলতে পারতেন কিংবা কত গোল করতে সক্ষম হতেন—তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ৪২৬ গোল নিয়ে থেমে যাওয়া তাঁর ক্যারিয়ার যেমন এক অসাধারণ স্ট্রাইকারের পরিচয় বহন করে, তেমনি স্বাস্থ্যগত কারণে এত অল্প বয়সে মাঠ ছাড়তে হওয়া তাঁর জন্য বড় আক্ষেপও হয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%