ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায় বন্ধ থাকবে


শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায় বন্ধ থাকবে

বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাহালু জোনাল অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্ট, মাধব বাঁকা, বিবিরপুকুর, লোহাজল, শেখাহার, ভোলতা, পাইকপাড়া, আটালিয়া, গুন্দিশ্বর, গুলিশারপাড়া, আমবাগান, কালাই ঘোনপাড়া, অন্তাহার, খামারপাড়া, কাজীপাড়া ও বাথই এলাকা।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

প্রতিষ্ঠানটির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা প্রয়োজন।" তিনি এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের পর বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


বিশ্বকাপের পর বেকহ্যামের আয় ৫০০ কোটি টাকা

২০২৬ বিশ্বকাপকে কেন্দ্র করে বাণিজ্যিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যাম। বিশ্বকাপের বছরটিতে তার ব্যবসার মাধ্যমে বিতরণ করা মুনাফার পরিমাণ প্রায় ৩ কোটি ৮০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে, বেকহ্যামের ব্র্যান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে এই বিপুল মুনাফা অর্জন করেছে।

২০২৬ বিশ্বকাপের প্রেক্ষাপটে বেকহ্যামের ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্ত ছিল ম্যাকডোনাল্ডস, ভেরাইজন, পেপসি ও লে’জের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলি। বিশ্বকাপের সময় এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারণায় বেকহ্যামের ব্র্যান্ডের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মুনাফার পাশাপাশি, বিশ্বকাপের বছরে বেকহ্যামের ব্যবসার মোট আয়ও বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার ব্র্যান্ডের আয় ২০ শতাংশ বেড়ে ৮ কোটি ৪০ লাখ পাউন্ডে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।

ফুটবল ক্যারিয়ারে ইংল্যান্ড, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিলেন বেকহ্যাম। অবসরের পর, সেই জনপ্রিয়তাকে তিনি একটি বৃহৎ বাণিজ্যিক সাম্রাজ্যে পরিণত করেছেন।

মাঠের ক্যারিয়ার শেষ হলেও, বিশ্বজুড়ে বেকহ্যামের তারকা খ্যাতি এখনও তার ব্যবসার অন্যতম প্রধান সম্পদ হিসেবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬-এ আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬-এ আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মসহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য কাজ ও সাফল্যের স্বীকৃতি হিসেবে গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা অর্জন করেছেন খ্যাতিমান চিত্রনায়িকা নূতন (ফারহানা আমিন রত্না) এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। বক্তারা আশা প্রকাশ করেছেন যে, শিল্পীদের কাজের স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার মাধ্যমে দেশের সংস্কৃতি অঙ্গনে আরও সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং গ্রিনলিফের সহযোগিতায় কাচ্চি ডাইন প্রেজেন্টস ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে চিত্রনায়িকা নূতন বলেন, "আমি এত বছর চলচ্চিত্রের সঙ্গে জড়িত। এ সময়ে অনেক নতুন শিল্পী এসেছেন, কাজ করেছেন এবং পুরস্কারও পেয়েছেন। কিন্তু আমি এখনো অবহেলিত। কেন আমি ‘ওরা ১১ জন’ সিনেমার জন্য সম্মাননা পাইনি, সেটিই আমার প্রশ্ন। এই আক্ষেপ নিয়েই হয়ত আমাকে চলে যেতে হবে। তবে আল্লাহর হুকুম হলে আমি একদিন এই সম্মাননা পাব—এ আশাবাদ আমার আছে।"

তিনি আরও বলেন, "শিল্পীরা অনেক কষ্ট করে কাজ করেন। সেই কষ্ট বাইরে থেকে বোঝা যায় না। তাই কারও ব্যক্তিগত জীবন, ধর্মীয় আচরণ বা পোশাক নিয়ে মন্তব্য করা উচিত নয়। শিল্পীরা অভিনয়ের প্রয়োজনে মেকআপ নেন, নির্দিষ্ট পোশাক পরেন এবং চরিত্র অনুযায়ী নিজেদের উপস্থাপন করেন। এটি তাদের পেশারই অংশ। কোনো শিল্পীকে ভালো না লাগলে তার কাজ না দেখার অধিকার সবার আছে। কিন্তু কাউকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়।"

নৃত্যশিল্পী মুনমুন আহমেদ আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, "এই সম্মাননা আমার জন্য অনেক বড় দায়িত্বের। এত বড় সম্মানের ভার বহনের যোগ্যতা আমার আছে কি না, সেটি আমি জানি না।"

তিনি ১৯৭৩ সাল থেকে নৃত্যের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে বলেন, "নাচই আমার ধ্যান-জ্ঞান। নৃত্যশিল্পী হিসেবে পথচলা সহজ ছিল না; শেখার সময় থেকে শুরু করে দীর্ঘ পথ পাড়ি দিতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। সেই প্রতিবন্ধকতা পেরিয়ে শুধু নিজে এগিয়ে যাওয়াই নয়, পরবর্তী প্রজন্মের জন্য একটি পথ তৈরি করারও চেষ্টা করছি। বর্তমানে নতুন প্রজন্ম আমার শেখানো নৃত্যের মুদ্রা অনুসরণ করছে। আমরাও আমাদের অগ্রজদের দেখানো পথ অনুসরণ করেছি।"

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. মহিউদ্দিন আমিন বলেন, "ওয়ার্ল্ড হিউম্যান রাইটস একটি আন্তর্জাতিক অধিকার সংগঠন হিসেবে মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা, মানবিক কার্যক্রম, গণতন্ত্র, সুশাসন ও নির্বাচন নিয়ে কাজ করছে। ভালো কাজের স্বীকৃতি মানুষকে আরও উৎসাহিত করে। এ লক্ষ্যেই মানবিক কাজে নিয়োজিত ব্যক্তিদের সম্মান জানাতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও দেশ-বিদেশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।"

গ্রিনলিফ ম্যাগাজিনের সম্পাদক ও গ্রিনলিফ অ্যাওয়ার্ডের পরিচালক তাসলিম হাসান হৃদয় জানান, "এটি গ্রিনলিফ ম্যাগাজিন অনুষ্ঠানের অষ্টম সিজন। প্রতিবারই অনুষ্ঠানটিকে কিছুটা ব্যতিক্রমী ও অন্যদের চেয়ে আলাদা করার চেষ্টা করা হয়। একটি অনুষ্ঠান মঞ্চে দৃশ্যমান হওয়ার পেছনে অনেক মানুষের শ্রম ও সহযোগিতা থাকে। অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন সময়ে পাশে থাকা শিল্পী ও ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনেতা মুকিত জাকারিয়ার প্রতি।"

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, "পুরস্কার প্রদান অনুষ্ঠানটি খুবই চমৎকার। এর আগে দেশের বরেণ্য শিল্পী খুরশিদ আলমের সংগীতজীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে এসে এই অনুষ্ঠানে ভিন্নধর্মী পরিবেশনা ও শিশুদের চমৎকার উপস্থাপনা দেখলাম। এ ধরনের পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের মধ্যে আরও উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে এবং তারা নিজেদের শৈল্পিক দক্ষতা ও নৈপুণ্য বাড়াতে আরও আগ্রহী হবেন।"

এ ধরনের আয়োজন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের শৈল্পিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সুব্রত চক্রবর্তী, কেয়া পায়েলের মা চম্পা বেগমকেও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া আরও অসংখ্য গুণী মানুষকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রিনলিফ অ্যাওয়ার্ডের উপদেষ্টা চিত্রনায়ক ওমর সানি এবং সংগীত শিল্পী রবি চৌধুরী, কাচ্চি ডাইনের কর্ণধার শাহাবুদ্দিন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছে কাচ্চি ডাইন। এছাড়া সহযোগিতা করেছে রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল, সলভিও বিডি, ইকরা, ফুলের হাসি, ইউএস-বাংলা এয়ারলাইন্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে তিন পিস ইয়াবাসহ যুবক শাহাদৎ হোসেন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


নাটোরে তিন পিস ইয়াবাসহ যুবক শাহাদৎ হোসেন আটক

নাটোরের বাগাতিপাড়ায় তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাদৎ হোসেন (২৪) নামের এক যুবককে পুলিশ আটক করেছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার যোগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শাহাদৎ হোসেনকে আটক করে। আটক যুবক সদর ইউনিয়নের উত্তর কোয়ালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রির হেলপার।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে যে, ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য এক যুবক যোগীপাড়া মোড় এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ যোগীপাড়া মোড় এলাকায় অভিযান চালায়। এসময় শাহাদৎ হোসেনকে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

পরে খবর পেয়ে রাত ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত শাহাদৎ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে ছাত্রশক্তির দুই দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে ছাত্রশক্তির দুই দাবি

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে দুই দফা দাবি উত্থাপন করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম হাসিব মন্তব্য করেন, "বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রত্যেকটি জায়গায় নিজেদের দলের লোককে বসাচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। পুলিশ ভেরিফিকেশনের নামে ছাত্র-জনতার ওপর যে জুলুম করা হচ্ছে, তা বন্ধ করতে হবে।"

তিনি আরও বলেন, "প্রাথমিক শিক্ষক নিয়োগে যে দলীয়করণ করা হয়েছে এবং যেভাবে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে, অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ভেরিফিকেশনের নামে যেসব যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, তাদের পুনরায় চাকরিতে স্থান করে দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় বা রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। একইভাবে ক্ষমতাসীন দলের ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেই কাউকে যোগ্যতার বাইরে চাকরি দেওয়া যাবে না।"

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো– প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে পুলিশি যাচাই-বাছাইয়ে বাদ পড়া যোগ্য প্রার্থীদের কোনো রকম তালবাহানা ছাড়া দ্রুত সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে এবং রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে সরকারি চাকরি প্রাপ্তিতে সুবিধা প্রদান কিংবা বঞ্চিত করা যাবে না।

হাসিব বলেন, "এই দুটি দাবি বাস্তবায়ন না হলে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএনপির দলীয়করণকে লাল কার্ড দেখাবে।"

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সহসভাপতি (ভিপি) কুররাতুল আইন কানিজ বলেন, "২৪-এর গণঅভ্যুত্থানে এ দেশের চাকরিপ্রত্যাশী মেধাবী তরুণ-তরুণীরা রক্ত দিয়েছেন। যাদের রক্তের বিনিময়ে বিএনপি আজ ক্ষমতায় বসতে পেরেছে। নির্বাচিত হওয়ার পর সেই মেধাবী চাকরিপ্রত্যাশীদেরই হয়রানি করা হচ্ছে এবং তাদের নিয়োগপ্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে। বিএনপির এ ধরনের কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই।"

তিনি আরও বলেন, "অতিদ্রুত যেসব চাকরির সুপারিশপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে, তাদের পুনর্বহাল করে চাকরি ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের ছাত্রসমাজ আন্দোলন করেছে। যদি আবারও সেই ছাত্রসমাজের সঙ্গে বেইমানি করা হয়, তাহলে আবারও জুলাইয়ের মতো আমরা ছাত্রদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব।"

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আয়মান, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন, সরদার নাদিম মাহমুদ শুভসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা সরকারকে লাল কার্ড প্রদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%