০৬:৫৩ পি.এম
বাংলাদেশের পররাষ্ট্রনীতি, যা দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তৈরি হবে, তা অবশ্যই নীতিনিষ্ঠ, বাস্তবমুখী এবং জাতীয় স্বার্থকেন্দ্রিক হতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পারস্পরিক সম্মান ও সুবিধার ভিত্তিতে অংশীদারি সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি সোমবার (৫ অক্টোবর) মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) একটি কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
হুমায়ুন কবির উল্লেখ করেন, তীব্র ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ, অর্থনৈতিক দুর্বলতা, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং আন্তদেশীয় হুমকি মোকাবেলায় বাংলাদেশের জন্য একটি দূরদর্শী পররাষ্ট্রনীতি গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
আরও পড়ুন: আজ বিশ্ব খাদ্য দিবস, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ওপর গুরুত্ব
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এর অর্থ বিচ্ছিন্ন থাকা নয়। বরং দেশের স্বার্থকে কূটনীতির কেন্দ্রে স্থাপন করা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং পারস্পরিক সম্মান ও সুবিধার ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারি সম্প্রসারণ করাই এই নীতির মূল লক্ষ্য।
তিনি আঞ্চলিক যোগাযোগব্যবস্থা জোরদার, অর্থনৈতিক সংহতি বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এসব গুরুত্বপূর্ণ শক্তির সঙ্গে সম্পর্ক পরিচালনার ক্ষেত্রে ভারসাম্য ও স্পষ্ট অবস্থান বজায় রাখা আবশ্যক। একই সঙ্গে প্রতিটি পক্ষের সঙ্গে সম্পর্কের স্বতন্ত্র সুযোগ ও চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় নিতে হবে।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার, মর্যাদা এবং কল্যাণ সুরক্ষার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হতে হবে, যা সংঘাত সৃষ্টি না করে আত্মবিশ্বাসী, নির্ভরশীল না হয়ে উন্মুক্ত এবং জাতীয় স্বার্থের সঙ্গে আপস না করে বাস্তবমুখী।’
তিনি আরও বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারি সম্প্রসারণে বাংলাদেশকে বাস্তবমুখী ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন