ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সিস্টেম আপগ্রেডের জন্য ৩০ ব্যাংকের সেবা বন্ধ, অসন্তোষ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের


সিস্টেম আপগ্রেডের জন্য ৩০ ব্যাংকের সেবা বন্ধ, অসন্তোষ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধি করতে সিস্টেম আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের কার্যক্রম পরিচালনা করছে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংক। এর অংশ হিসেবে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকগুলোর কার্ড, এটিএম ও পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে সেবা বন্ধের পূর্বে গ্রাহকদের যথাযথভাবে অবহিত না করায় অনেক গ্রাহক হঠাৎ ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ ব্যাংক জানাচ্ছে, ‘কিউক্যাশ’ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে এসব সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। কিন্তু ৩০টি ব্যাংক একযোগে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংককে আগে জানানো হয়নি। ব্যাংকগুলো নিজেদের সিদ্ধান্তে এই কার্যক্রম গ্রহণ করেছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার জন্য ‘কিউক্যাশ’ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এ কারণে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি। ব্যাংকগুলো একযোগে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিজেদের পক্ষ থেকে নিয়েছে।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

তিনি উল্লেখ করেন, গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগে কোনো বিজ্ঞপ্তি বা পূর্বঘোষণা দেয়নি। এর ফলে হঠাৎ করে কয়েকটি সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বিষয়টি ভালোভাবে নেননি। ব্যাংকগুলোর পক্ষ থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়াকে তিনি গর্হিত হিসেবে দেখছেন। এ ঘটনায় গভর্নর ক্ষুব্ধ হয়েছেন।

এদিকে ৪ অক্টোবর থেকে কয়েকটি ব্যাংক গ্রাহকদের ক্ষুদে বার্তার মাধ্যমে সেবা বন্ধের বিষয়টি জানায়। এতে উল্লেখ করা হয়, ‘কিউক্যাশ’ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকের কয়েকটি কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময় ‘কিউক্যাশ’ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) এবং পয়েন্ট অব সেল (পিওএস) সেবাও ব্যবহার করা যাবে না। তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিকভাবে চলবে। পাশাপাশি অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে অর্থ স্থানান্তর চালু থাকবে বলে গ্রাহকদের জানানো হয়েছে।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

সেবা বন্ধ থাকা ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিস্টেম আপগ্রেড বা নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় ব্যাংকিং সেবা সাময়িকভাবে সীমিত রাখা নতুন কোনো বিষয় নয়। প্রযুক্তিগত অবকাঠামোর ধরন ও কাজের পরিধি অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত কিছু সেবা বন্ধ থাকতে পারে। তবে এ ধরনের কার্যক্রমের আগে গ্রাহকদের যথাযথভাবে জানানো প্রয়োজন।

রাজধানীর একটি এটিএম বুথে টাকা তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েন পুলিশ সদস্য মো. রিপন। মাসের প্রথম সপ্তাহে বাসা ভাড়া, বাজার ও ওষুধ কেনার জন্য কমিউনিটি ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে যান তিনি। কিন্তু বুথের সামনে সেবা বন্ধের নোটিশ দেখে হতভম্ব হয়ে যান।

মো. রিপন বলেন, ‘বেতনের টাকা তুলে সংসার চলে আমার। হঠাৎ করে এটিএম সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। আগে থেকে জানা থাকলে হয়তো অন্যভাবে টাকা তোলার ব্যবস্থা করতাম।’ ব্যাংক কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেম আপগ্রেডের কাজ শেষ হলে ব্যাংকিং সেবাগুলো স্বাভাবিক নিয়মে চালু হবে। এ সময়ে জরুরি লেনদেনের প্রয়োজন হলে গ্রাহকদের বিকল্প সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ‘সারের ডিলারশিপ না, বিষের ডিলারশিপ দিন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সুযোগ নেই, বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের সুযোগ নেই, বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই।

তিনি উল্লেখ করেন, দলটির নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ একটি ভিন্ন বিষয়; কিন্তু যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে জনগণের ওপর সহিংসতা চালিয়েছে, তাদের অবশ্যই বিচারব্যবস্থার আওতায় আনতে হবে।

আজ সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অঙ্গসংগঠন ব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিচার করা প্রয়োজন। তবে এই বিচার শুধুমাত্র শাস্তির জন্য নয়; ভবিষ্যতে যেন কেউ বাংলাদেশে আবারও কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠার সাহস না পায়, সেই লক্ষ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করাও এর উদ্দেশ্য।

কায়সার কামাল বলেন, যেসব ব্যক্তি বিদেশে অবস্থান করছেন, তারা কোনো অনুশোচনা প্রকাশ করছেন না। তাদেরও বিচারের আওতায় আনতে হবে। রাজনৈতিক পুনর্মিলনের নামে তাদের দায়মুক্তির সুযোগ দেওয়া উচিত নয়।

গত দেড় দশকে বাংলাদেশে বিচারব্যবস্থা কর্তৃত্ববাদী সরকারের প্রভাবের মধ্যে ছিল। তিনি বলেন, বর্তমানে জনগণের সরকার ক্ষমতায় থাকায় বিচারব্যবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে দেশে একটি ন্যায়সংগত ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

ডেপুটি স্পিকার আরো বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই করতে শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান প্রয়োজন। সরকারের বৈধতা ও জনআস্থা স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসনের ওপর নির্ভর করে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মায়ের নামে শপথ করে বলছি, মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়ব’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


‘মায়ের নামে শপথ করে বলছি, মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়ব’

‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’— এই বিখ্যাত লাইনটি যেন লিওনেল মেসির জন্যই রচিত। ফুটবলে তার প্রদর্শনীতে এমন মন্তব্য করা অত্যুক্তি হবে না।

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ের দিন দ্রুত আসছে। আগামী ৭ অক্টোবর ভোরে তিনি বেনিনের বিরুদ্ধে তার শেষ ম্যাচ খেলবেন, যেখানে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী হিসেবে মাঠে উপস্থিত থাকবেন। বিদায়ী ম্যাচের জন্য বুয়েনস এইরেসের মনুমেন্তাল প্রস্তুত রয়েছে।

মেসির বিদায়ী ম্যাচে তাকে একবার প্রাণভরে দেখার অপেক্ষায় অনেকেই রয়েছেন। তবে, বেনিনের এক ডিফেন্ডার আর্জেন্টিনার সাবেক অধিনায়কের জার্সি পাওয়ার জন্য উদগ্রীব। মেসির জার্সির জন্য তিনি মায়ের কসমও খেয়েছেন, যার নাম মোহামেদ তিজানি।

ওলেকে দেওয়া সাক্ষাৎকারে তিজানি বলেছেন, “বিশ্বাস করুন, আমি মেসির জার্সি নিয়েই মাঠ ছাড়ব—মায়ের নামে শপথ করে বলছি! সোজা তার কাছে গিয়ে বলব—‘মেসি, শুনুন, আমি আপনাকে খুব ভালোবাসি! আপনার জার্সিটা আমাকে দিন।”

তিজানি মেসিকে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে অভিহিত করেছেন। প্রতিপক্ষ হলেও, তিনি তার বিদায়ী ম্যাচটি উপভোগ করতে চান। ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার জানিয়েছেন, ‘মেসিই বিশ্বের সেরা ফুটবলার। তার বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে আমাকে দলে ডাকা হয়েছে। এই ম্যাচের জন্য আমাদের আলাদা করে কোনো প্রস্তুতিরও প্রয়োজন নেই; আমরা শুধু খেলাটা উপভোগ করতে চাই, ব্যস এটুকুই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের সাক্ষাৎ

মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এই সাক্ষাৎটি সোমবার বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও মালির বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মুসলিম উম্মাহর ঐক্য এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উভয় পক্ষ জনগণের কল্যাণ এবং রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে একমত হন। মুসলিম উম্মাহর কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আগ্রহও প্রকাশ করা হয়।

মুসা মারা বাংলাদেশের জনগণের প্রশংসা করেন। বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্যম, আগ্রহ এবং ইতিবাচক ভূমিকা তাকে অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেন।

চরমোনাইয়ে আয়োজিত বার্ষিক মাহফিলে বিপুল মানুষের অংশগ্রহণের বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেন। ভবিষ্যতে ওই মাহফিলে তাঁর নিজস্ব অংশগ্রহণ এবং মালির আলেম সমাজের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর আগ্রহের কথাও জানান।

সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব গোলাম মসীহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তথ্য ও গবেষণা সম্পাদক মো. কামরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. মইনুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে যৌন পীড়নে শিক্ষক গোলাম কবিরের ৫ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে যৌন পীড়নে শিক্ষক গোলাম কবিরের ৫ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) যৌন পীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত গোলাম কবির (৫৮) নামের এক শিক্ষকের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডের রায় প্রদান করেছেন। একই সঙ্গে, তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরো তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাইনুদ্দীন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া গ্রামের মৃত তাজেবুল হকের পুত্র। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার, আদালত সূত্র এবং বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালামের বক্তব্য অনুযায়ী, গোলাম কবির বিভিন্ন সময় ওই ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২২ সালের ২৩ আগস্ট বই দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি ওই ছাত্রীকে স্কুলে ডেকে নেন। পরে, একটি কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে যৌন পীড়ন করেন।

এ ঘটনার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন এবং গোলাম কবিরকে পুলিশের হাতে সোপর্দ করেন।

মামলার দিনেই মেয়েটির চাচা বাদী হয়ে শিবগঞ্জ থানায় গোলাম কবিরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আব্দুল আনাম ২০২২ সালের ২২ সেপ্টেম্বর গোলাম কবিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

মামলায় ১০ জনের সাক্ষ্য, প্রমাণ এবং উভয় পক্ষের শুনানি শেষে আদালত সোমবার গোলাম কবিরকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি রবিউল হক দোলন এবং সহকারী স্পেশাল পিপি ইব্রাহীম হোসেন বুলবুল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজমুল আজম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%