সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪৬ এম
বাংলাদেশ সেঞ্চুরিয়ন টেস্টে মাঠে নামবে মুশফিকুর রহিম এবং সবচেয়ে ধারাবাহিক পেসার হাসান মাহমুদকে ছাড়া। কোচ ফিল সিমন্স এই কঠিন পরিস্থিতি সম্পর্কে সচেতন। তবে তিনি বিশ্বাস করেন, "কেউ না কেউ দায়িত্বটা নেবে।"
তিনি উল্লেখ করেন, "১০৮টি টেস্ট ম্যাচ খেলা কারো জায়গা (মুশফিকের) কভার করা খুবই কঠিন। তবে গত দুই টেস্টে আমরা দেখলাম, সিনিয়র ক্রিকেটার মুমিনুল ছিল না, সেখানে হৃদয় দায়িত্ব নিয়েছে। আমরা সেই চেষ্টাই করছি। মুশফিকের জায়গায় যে-ই আসবে তাকে দায়িত্ব নিতে হবে। হাসানও চলে গেছে। তবে আমাদের ৪ জন পেসার আছে। কাউকে না কাউকে হাসানের ওয়ার্কলোড নিতে হবে।"
সেঞ্চুরিয়নে টিম কম্বিনেশন কেমন হবে, সেটি নিয়ে কোচ বলেন, "আমরা এখনো একাদশ বা কম্বিনেশন চূড়ান্ত করিনি। উইকেট দেখে এরপর একাদশ কেমন হবে তা ঠিক করব।"
বাংলাদেশের টেস্টে সবচেয়ে ধারাবাহিক এবং অভিজ্ঞ ব্যাটারদের একজন মুমিনুল হক। যদিও তিনি সম্প্রতি নিজের সেরা ছন্দে নেই। তবে কোচ মুমিনুলের পরিশ্রমের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, "সে সিনিয়র প্লেয়ার। ১৩টি সেঞ্চুরি আছে। এ থেকেই বোঝা যায় ও কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইদানীং রান করছে না। তবে সে কঠোর পরিশ্রম করছে। ফর্মে ফিরতে মুমিনুল মরিয়া। মাঝে মাঝে খেলোয়াড়দের ব্যাক করতে হয় লম্বা সময় ধরে।"
উইকেট এবং একাদশ প্রসঙ্গে কোচের মন্তব্য, "গতকাল একটু দেখেছিলাম (উইকেট)। আজ ভালো করে দেখব। আমরা একাদশ নিয়েও বসে আলোচনা করব। এখনো সিদ্ধান্ত নেইনি। ভারসাম্য রেখে একাদশ সাজানো হবে।"
বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশের অবস্থান এমন যে, ফাইনাল খেলার সম্ভাবনা কম। বাকি ৩টি ম্যাচে লক্ষ্য কী, এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, "এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আমাদের আরো তিনটি ম্যাচ আছে। এর মধ্যে দুটিই হোমে। আমাদের লক্ষ্য হোম ম্যাচ দুটিই জেতা। এই টেস্ট অনেক কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তবে আমরা দেখিয়েছি, আমরা অ্যাওয়েতে ভালো খেলতে পারি, প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা প্রতিটি ম্যাচই জেতার চেষ্টা করছি। আর তা কীভাবে করা যায়, সে আলোচনা প্রতিদিন করি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল আল-সাইয়েদ ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে গণতন্ত্র, ন্যায়বিচার ও সমান অধিকারের নীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি—উভয় জনগণের শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। এটি কোন একটি জনগণের বিরুদ্ধে নয়।
গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আল-সাইয়েদ এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ‘বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র’ হিসেবে পরিচিত ইসরাইল কেন তার পরিচয় পরিত্যাগ করবে?
এ প্রশ্নের জবাবে আল-সাইয়েদ বলেন, এটি মনে রাখা জরুরি যে ফিলিস্তিনিদেরও এমন পরিবার রয়েছে, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পবিত্র ভূমিতে বসবাস করে আসছে। তাদের নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা দেখছেন, ইসরাইল রাষ্ট্রের ভূখণ্ড ক্রমেই সম্প্রসারিত হচ্ছে এবং যুক্তরাষ্ট্রও সেই সম্প্রসারণে সমর্থন দিচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সবকিছুর ঊর্ধ্বে গণতন্ত্রকে স্থান দেওয়া। আল-সাইয়েদ বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও সমান অধিকারের নীতিগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। ফিলিস্তিনি ও ইহুদি ইসরাইলি—উভয় জনগণের জন্য শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে।
তার ভাষায়, ‘এটি কোনো একটি জনগোষ্ঠীর বিরোধিতা করার বিষয় নয়।’
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ