১২:১৪ এম
কোনো নতুন করের চাপ বৃদ্ধি না করে ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার জন্য ২০২৬-২০২৭ অর্থবছরের ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে, চাঁদপুর পৌরসভার মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে, আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন। বাজেটের প্রধান দিকসমূহের মধ্যে মোট বাজেট: ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকা। রাজস্ব আয়: ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। প্রারম্ভিক স্থিতি: ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা। উন্নয়ন খাত (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত): ১৩৪ কোটি ২০ লাখ টাকা। রাজস্ব ব্যয়: ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সমাপনী স্থিতি: ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা। উন্নয়ন ব্যয় (রাজস্ব উদ্বৃত্তসহ): ১৪৫ কোটি ৭০ লাখ টাকা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের ওপর অতিরিক্ত কর আরোপ না করে বিদ্যমান রাজস্ব কাঠামো জোরদার করা, নিজস্ব আয়ের উৎস বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেই বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করার চেষ্টা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং একটি পরিকল্পিত আধুনিক নগরায়ণ গড়ে তুলতে ঘোষিত বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মো. কবির হোসেন সরদার। প্রস্তাবিত বাজেটের ওপর আয়োজিত উন্মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন- চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষচন্দ্র রায়, জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হুসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সুশীল সমাজের প্রতিনিধি ডা. মো. মুস্তাফিজুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংবাদিক ফারুক আহমেদ এবং নারী উদ্যোক্তা তানিয়া বাহার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন