ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, গ্রেপ্তার


মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গুলশান থানার পুলিশ থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: জমির বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, গঠন হবে ৩ স্তরের কমিটি

এদিকে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্তও চলছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয়। এই মামলায় তার বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এর আগে, একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

এছাড়া, সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের বিরুদ্ধে এককভাবে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ করা হয়েছে। দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

আরও পড়ুন: নাহিদ ইসলামের ওপর হামলা, এবার কাকে দায়ী করবে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আঙুলের ইশারায় নতুন রহস্য তৈরি করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


আঙুলের ইশারায় নতুন রহস্য তৈরি করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো জানেন, গোল না করেও কিভাবে বিশ্বজুড়ে আলোচনায় থাকা যায়। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় হাতের ইশারা দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা। তাঁর সেই অঙ্গভঙ্গির অর্থ কী, তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে—এটি কি ক্যারিয়ারের ১০০০ গোলের লক্ষ্যের ইঙ্গিত?

গত ১৬ নভেম্বর, ৪১ বছর বয়সী রোনালদো নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সাদা পোলো শার্ট পরা অবস্থায় তিনি ক্যামেরার দিকে তাকিয়ে অদ্ভুত একটি সংকেত তৈরি করেন আঙুল দিয়ে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘এবার কি বুঝতে পেরেছ?’ সঙ্গে ছিল হাসির ইমোজি।

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, রোনালদোর আঙুলের ভঙ্গিটি ইংরেজি বর্ণমালা ‘এম’-এর মতো। রোমান সংখ্যায় ‘এম’ দিয়ে ১০০০ বোঝানো হয়। আবার পর্তুগিজ ভাষায় এক হাজারকে বলা হয় ‘মিল’ (Mil)। তাই অনেকেই মনে করছেন, তিনি নিজের ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যকেই ইঙ্গিত করছেন।

এই ধারণার পেছনে রয়েছে রোনালদোর সাম্প্রতিক গোলের হিসাবও। গত ২৯ অক্টোবর আল খালুদের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে যান। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি এখন মাত্র ১৫ গোল দূরে।

তবে এই ইশারা নতুন নয়। এর আগে আল নাসরের হয়ে গোল উদ্‌যাপনের সময়ও একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা গেছে তাঁকে। গত ২১ অক্টোবর আল নাসরের একটি ম্যাচের পরও এই ইশারা নিয়ে আলোচনা হয়েছিল। এবার রোনালদোর ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও প্রকাশের পর রহস্য আরও বেড়েছে।

আল নাসরও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রহস্যকে উসকে দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, ‘এখনো বুঝতে পারোনি?’ তবে রোনালদো কিংবা ক্লাব—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই অঙ্গভঙ্গির অর্থ প্রকাশ করেনি। ফলে ১০০০ গোলের তত্ত্বটি এখনো ভক্তদের অনুমান হিসেবেই রয়ে গেছে।

রোনালদোর সামনে এখন লক্ষ্য ১০০০ গোলের মাইলফলক। ৯৮৫ গোল নিয়ে তিনি সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন। রহস্যময় ইশারাটি সত্যিই সেই স্বপ্নের বার্তা কি না, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে রোনালদোর নিজের ব্যাখ্যার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় লোকালয়ে সাত হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


উখিয়ায় লোকালয়ে সাত হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

কক্সবাজারের উখিয়া এলাকায় সাতটি বন্য হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় হাতির পালটি ঢুকে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজের সময় হঠাৎ সাতটি হাতির একটি পাল লোকালয়ে চলে আসে। বিষয়টি জানার পর থাইংখালী বিট কর্মকর্তা, বন বিভাগের কর্মী এবং ইআরটি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা হাতির পালটির গতিবিধি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং লোকালয়ের মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার পাশাপাশি হাতিগুলোকে বনের দিকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতির পালটি পুনরায় বনে ফিরে যায়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় বন সৃজন ও বনায়ন কার্যক্রমের ফলে বন্যপ্রাণীর বিচরণ বৃদ্ধি পেয়েছে। ফলে লোকালয়ের কাছাকাছি হাতির আনাগোনাও বেড়ে যাচ্ছে। এতে যেকোনো সময় মানুষ ও হাতির মুখোমুখি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় চলাচলকারী মানুষ, কৃষক এবং বনসংলগ্ন বসতবাড়ির বাসিন্দারা ঝুঁকিতে রয়েছেন বলে জানান তাঁরা।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া, হাতির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং খাদ্য ও পানির সন্ধানে বনের বাইরে চলে আসার মতো কারণে মানুষ ও হাতির সংঘাত বৃদ্ধি পেতে পারে। হাতির চলাচলের পথ সংরক্ষণ, বনভূমি দখল ও অবক্ষয় রোধ এবং স্থানীয় জনগণকে সচেতন করার মাধ্যমে এ ধরনের সংঘাত কমানো সম্ভব।

এ অবস্থায় হাতির চলাচলের করিডর ও প্রাকৃতিক আবাসস্থল নিরাপদ রাখা এবং লোকালয়ে হাতি প্রবেশ করলে আতঙ্কিত হয়ে কাছে না যাওয়া, ঢিল ছোড়া বা তাড়া না করার বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মানুষ ও বন্যপ্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে তাঁদের প্রত্যাশা—বনের জায়গা বনে থাকুক, নিরাপদ থাকুক মানুষও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত

জনসাধারণের সমস্যা, অভিযোগ ও আবেদন সরাসরি শুনে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সেবাপ্রত্যাশীরা তাদের নানা সমস্যা, অভিযোগ ও আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে ধরেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সেবাপ্রত্যাশীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত ও যথাযথভাবে নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শোনা এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করাই এ গণশুনানির মূল উদ্দেশ্য। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে নিজেদের সমস্যা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে সরকারি সেবা প্রাপ্তি সহজ হওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে জনগণের যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইকবাল মোহাম্মদ ব্রিটিশ পার্লামেন্টে ইসরাইলপন্থি গ্রুপের অর্থায়নের তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


ইকবাল মোহাম্মদ ব্রিটিশ পার্লামেন্টে ইসরাইলপন্থি গ্রুপের অর্থায়নের তদন্তের দাবি

ব্রিটিশ পার্লামেন্টের ইসরাইলপন্থি সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) অর্থায়ন নিয়ে তদন্তের দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ইকবাল মোহাম্মদ। তিনি পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন, যেখানে গ্রুপটির অর্থের উৎস এবং অর্থায়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পার্লামেন্টে ইসরাইলের একটি প্রতিষ্ঠানের সঙ্গে এপিপিজির অর্থায়নের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশিত হয়েছে।

অর্থের উৎস নিয়ে প্রশ্ন

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান সিডারসোক লিমিটেড এপিপিজি অন ইসরাইলকে অর্থায়ন করে আসছে। প্রতিষ্ঠানটির পরিচালকদের মধ্যে রয়েছেন লর্ড মেন্ডেলসন ও লর্ড পোলাক। মেন্ডেলসন লেবার ফ্রেন্ডস অব ইসরাইলের সাবেক চেয়ারম্যান এবং পোলাক কনজারভেটিভ ফ্রেন্ডস অব ইসরাইলের সাবেক পরিচালক।

২০২৪ সালে সিডার্স ওক ইসরাইল লিমিটেড সিডারসোককে ১ লাখ ৪৭ হাজার ৬৮৭ পাউন্ড ফেরত দেওয়ার পরিকল্পনা করেছে। এই অর্থ মূলত বিভিন্ন প্রতিনিধিদলের সফর ও প্রকল্পের ব্যয় বাবদ খরচের জন্য বরাদ্দ করা হয়েছে।

ইসরাইলি প্রতিষ্ঠানটির ২০২৪ সালের আর্থিক নথি অনুযায়ী, ওই বছরে তাদের একমাত্র অর্থদাতা ছিল জিব্রাল্টারভিত্তিক ট্রাস্ট প্রতিষ্ঠান লাইন ট্রাস্ট করপোরেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি ওই বছরে ১ লাখ ৬২ হাজার ৫০০ পাউন্ডের সমপরিমাণ অর্থ প্রদান করেছে। তবে লাইন ট্রাস্টের অর্থের প্রকৃত উৎস এখনও অস্পষ্ট।

সিডার্স ওক ইসরাইল তাদের নিবন্ধন সংক্রান্ত নথিতে উল্লেখ করেছে যে, তারা ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার ধারা প্রভাবিত করার চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাজ্যে জনমত ও নীতিনির্ধারণী আলোচনায় ইসরাইল-সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রভাব বিস্তার করাও তাদের কার্যক্রমের অংশ।

প্রতিষ্ঠানটির ২০২৪ সালের প্রতিবেদনে হামাস, ইহুদিবিদ্বেষ, ইরান, নিষেধাজ্ঞা এবং অন্যান্য বিষয়ে ব্রিটিশ জনমত ও নীতিকে প্রভাবিত করার প্রচেষ্টার কথা উল্লেখ রয়েছে।

এপিপিজি অন ইসরাইল বিভিন্ন সময়ে ইসরাইল-সংশ্লিষ্ট প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২৪ সালের ৭ অক্টোবরের হামলা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশংসা করেছিলেন। যুক্তরাজ্যে নিযুক্ত তৎকালীন ইসরাইলি রাষ্ট্রদূত তজিপি হোতোভেলিও প্রতিবেদনটির প্রকাশনা অনুষ্ঠানে এর প্রশংসা করেন।

তদন্তের দাবি ইকবাল মোহাম্মদের

ইকবাল মোহাম্মদ তার চিঠিতে উল্লেখ করেছেন যে, এপিপিজির অর্থায়নের প্রকৃত উৎস যথাযথভাবে প্রকাশ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি অভিযোগ করেছেন যে, সিডারসোক লিমিটেডকে অর্থদাতা হিসেবে দেখানো হলেও এর পেছনে থাকা লাইন ট্রাস্ট করপোরেশন বা প্রতিষ্ঠানটির অর্থের প্রকৃত উৎস প্রকাশ করা হয়নি। এতে পার্লামেন্টের অর্থায়ন সংক্রান্ত স্বচ্ছতার বিধি লঙ্ঘিত হয়ে থাকতে পারে।

মোহাম্মদ জানতে চেয়েছেন, এপিপিজি অর্থায়নের প্রকৃত উৎস গোপন করেছে কি না, বিদেশি সরকারের অর্থায়নসংক্রান্ত বিধি মানা হয়েছে কি না এবং গ্রুপটি বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদন ও বিদেশি অর্থায়ন যাচাইসংক্রান্ত ঘোষণা প্রকাশ করেছে কি না।

তিনি বলেন, "অর্থায়ন ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিদেশি অর্থ কিংবা অস্বচ্ছ অর্থায়নব্যবস্থার কোনো স্থান ব্রিটিশ রাজনীতিতে থাকা উচিত নয়—অর্থের উৎস যে দেশ বা পক্ষই হোক না কেন। জনগণের জানার অধিকার রয়েছে, পার্লামেন্ট-সংশ্লিষ্ট কার্যক্রমের অর্থ কে জোগাচ্ছে।"

বিধি লঙ্ঘনের অভিযোগ, জবাব মেলেনি

ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, সর্বদলীয় সংসদীয় গ্রুপগুলোকে কোনো সুবিধা বা কার্যক্রমের অর্থায়নে শেষ পর্যন্ত যে তৃতীয় পক্ষ অর্থ দিয়েছে, তার নাম প্রকাশ করতে হয়। বিদেশি সরকার সরাসরি বা পরোক্ষভাবে এসব গ্রুপের সচিবালয়ের অর্থায়ন করতে পারে না।

২০১৫ সাল থেকে সিডারসোকের কাছ থেকে এপিপিজি অন ইসরায়েল অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ পাউন্ডের সুবিধা পেয়েছে। তবে অর্থের চূড়ান্ত উৎস সম্পর্কে পার্লামেন্টের নথিতে শুধু সিডারসোকের নাম রয়েছে।

এ ছাড়া গ্রুপটির বাধ্যতামূলক বার্ষিক প্রতিবেদন ও বিদেশি সরকার থেকে অর্থায়ন হচ্ছে কি না, তা যাচাইসংক্রান্ত ঘোষণা প্রকাশের বিষয়েও প্রশ্ন ওঠেছে। তবে এসব অভিযোগ এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি।

এদিকে, গত সপ্তাহে ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টিনিয়ানস (আইসিজেপি) বলেছে, এসব তথ্য ব্রিটিশ পার্লামেন্টে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমের অর্থায়ন, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার হাতে—তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার এ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: মিডল ইস্ট আই, এপিপিজি অন ইসরাইল ও বাইলাইন টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%