মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০২:১৪ পি.এম
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি জামায়াত ও এনসিপির নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। গোপালগঞ্জের ঘটনার জন্য বিএনপি সরকারকে দায়ী করা হলেও, এবার লন্ডনে নাহিদের ওপর হামলার ঘটনায় কাকে দায়ী করা হবে, সেই প্রশ্ন তুলেছেন রাশেদ খাঁন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শিগগিরই আন্তর্জাতিকভাবে এদের নিষিদ্ধের ব্যবস্থা করে দেবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?’
তিনি আরও লেখেন, ‘জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামী লীগের হাতে মাইর খাওয়ালো! এখানেও কি তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে?’
রাশেদ খাঁন বলেন, ‘এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সে ক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে। বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না।’
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আসুন, সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করি। আওয়ামী লীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।’
এর আগে সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে পূর্ব লন্ডনের রমফোর্ডে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, নাহিদ অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ-সমর্থকেরা সংবর্ধনায় অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে অন্তত পাঁচজন আহত হন। আহতদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত ও হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশালে আর্তমানবতার সেবায় এক অনন্য নজির স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ত্রিশাল শাখা।
সংস্থাটির উদ্যোগে উপজেলার অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী এবং চোখের চশমা বিতরণ করা হয়েছে।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী পিএমকে ত্রিশাল শাখা অফিস প্রাঙ্গণে এই মহতী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা
অসহায় ও গরিব মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন খ্যাতনামা একদল চিকিৎসক। দিনব্যাপী চলা এই কার্যক্রমে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আনিসুর রহমান,ডা. মারিয়া তাসনিম,
ডা. শাকিলা জামান,ডা. মোঃ মনিরুজ্জামান,
ডা. মোঃ হোসেন আহমদ,ডা. রুহুল আমিন
ডা. আব্দুল্লাহ আল মামুন,ডা. বিপুল চন্দ্র দাস
মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু, সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ এই চিকিৎসকরা রোগীদের অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং পরামর্শ দেন।
পিএমকে কর্তৃপক্ষের উপস্থিতি ও দিকনির্দেশনাঅনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো কার্যক্রমের তদারকি করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-র এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ নবাব আলী, জোনাল আইটি অফিসার মোঃ আশরাফুল ইসলাম, অত্র শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন এবং হিসাবরক্ষক মোঃ ইছাহাক আলম।
দীর্ঘদিনের সেবা ও ধারাবাহিকতা
এ্যাসিসট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ নবাব আলী জানান, পিএমকে-র সকল শাখায় নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল সেবা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ত্রিশাল শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ওষুধ, চক্ষু রোগীদের বিনামূল্যে পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই পিএমকে বহুমুখী উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। এই কর্মসূচীর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ করা হয়। শাখার গ্রাহক ছাড়াও এলাকার অতিদরিদ্র ও অসহায় মানুষ এই সেবা থেকে উপকৃত হচ্ছেন। প্রতি বছরই এই ধারাবাহিকতা বজায় রেখে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে সংস্থাটি। কৃতজ্ঞতা প্রকাশ সেবাগ্রহীতাদের বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, ওষুধ এবং চশমা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এলাকার অসহায় মানুষ। চিকিৎসা সেবা গ্রহণকারীরা পিএমকে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ফেনী শহরের ‘ফাইভ স্টার রেস্তোরাঁ’কে ১ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই রেস্তোরাঁয় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, তদারকিকালে রেস্তোরাঁটির রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করার দৃশ্য দেখতে পান মোবাইল কোর্টের টিম। এ ছাড়া বাসি-পচা খাবার সংরক্ষণ এবং পরিচ্ছন্নতার ন্যূনতম মানদণ্ড বজায় না রাখার সত্যতা মেলে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার বলেন, "জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যের গুণগত মান ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রেস্তোরাঁটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।" একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুত রান্নাঘরের পরিবেশ উন্নত ও স্বাস্থ্যসম্মত করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়।
জনস্বার্থ ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেনীর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় এ ধরনের অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গুলশান থানার পুলিশ থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্তও চলছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয়। এই মামলায় তার বোন শাহানা হানিফ এবং একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে, একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।
এছাড়া, সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের বিরুদ্ধে এককভাবে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ করা হয়েছে। দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিশ্চিয়ানো রোনালদো জানেন, গোল না করেও কিভাবে বিশ্বজুড়ে আলোচনায় থাকা যায়। সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় হাতের ইশারা দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা। তাঁর সেই অঙ্গভঙ্গির অর্থ কী, তা নিয়ে চলছে বিভিন্ন জল্পনা। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে—এটি কি ক্যারিয়ারের ১০০০ গোলের লক্ষ্যের ইঙ্গিত?
গত ১৬ নভেম্বর, ৪১ বছর বয়সী রোনালদো নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সাদা পোলো শার্ট পরা অবস্থায় তিনি ক্যামেরার দিকে তাকিয়ে অদ্ভুত একটি সংকেত তৈরি করেন আঙুল দিয়ে। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘এবার কি বুঝতে পেরেছ?’ সঙ্গে ছিল হাসির ইমোজি।
ভিডিওটি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, রোনালদোর আঙুলের ভঙ্গিটি ইংরেজি বর্ণমালা ‘এম’-এর মতো। রোমান সংখ্যায় ‘এম’ দিয়ে ১০০০ বোঝানো হয়। আবার পর্তুগিজ ভাষায় এক হাজারকে বলা হয় ‘মিল’ (Mil)। তাই অনেকেই মনে করছেন, তিনি নিজের ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যকেই ইঙ্গিত করছেন।
এই ধারণার পেছনে রয়েছে রোনালদোর সাম্প্রতিক গোলের হিসাবও। গত ২৯ অক্টোবর আল খালুদের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৮৫-তে নিয়ে যান। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি এখন মাত্র ১৫ গোল দূরে।
তবে এই ইশারা নতুন নয়। এর আগে আল নাসরের হয়ে গোল উদ্যাপনের সময়ও একই ধরনের অঙ্গভঙ্গি করতে দেখা গেছে তাঁকে। গত ২১ অক্টোবর আল নাসরের একটি ম্যাচের পরও এই ইশারা নিয়ে আলোচনা হয়েছিল। এবার রোনালদোর ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও প্রকাশের পর রহস্য আরও বেড়েছে।
আল নাসরও সামাজিক যোগাযোগমাধ্যমে একই রহস্যকে উসকে দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, ‘এখনো বুঝতে পারোনি?’ তবে রোনালদো কিংবা ক্লাব—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই অঙ্গভঙ্গির অর্থ প্রকাশ করেনি। ফলে ১০০০ গোলের তত্ত্বটি এখনো ভক্তদের অনুমান হিসেবেই রয়ে গেছে।
রোনালদোর সামনে এখন লক্ষ্য ১০০০ গোলের মাইলফলক। ৯৮৫ গোল নিয়ে তিনি সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছেন। রহস্যময় ইশারাটি সত্যিই সেই স্বপ্নের বার্তা কি না, সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে রোনালদোর নিজের ব্যাখ্যার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ