ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবান জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ


বান্দরবান জেলা পরিষদে নতুন চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

বান্দরবান, ২৪ আগস্ট, ২০২৬ : পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং এবং ১৪ সদস্য দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে নতুন চেয়ারম্যান ও সদস্যরা যোগদানপত্রে স্বাক্ষর করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এই সময়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম নবাগত চেয়ারম্যান মাম্যাচিং এবং নতুন সদস্যদের যোগদানপত্র গ্রহণ করে তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বরণ করে নেন।

আরও পড়ুন: শেরপুরে লাভের প্রলোভন দিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ প্রতারক গ্রেপ্তার হয়েছে,

দায়িত্ব গ্রহণকারী সদস্যদের মধ্যে রয়েছেন Ñ চনুমং, মংক্যনু মারমা, লুসাই মং, মাওসেতুং তংচংগ্যা, দনওয়াই ম্রো, আগস্টিন ত্রিপুরা, অংজাই উই চাক, রিয়াল দাও বম, আবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দীন, ক্যউপ্রু খিয়াং, উম্যাসিং মার্মা এবং কাজী নিরুতাজ বেগম।

এদিকে, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন ন্যস্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর, নবাগত চেয়ারম্যান মাম্যাচিং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম প্রকাশ করা হয়েছিল।

আরও পড়ুন: সাজেক সংকট সমাধানে সংলাপের পথে প্রশাসন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএসটিআইয়ের মান সনদ ছাড়া খাদ্যপণ্য বিক্রি, চাঁদপুরে দুই বেকারিকে অর্থদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


বিএসটিআইয়ের মান সনদ ছাড়া খাদ্যপণ্য বিক্রি, চাঁদপুরে দুই বেকারিকে অর্থদণ্ড

চাঁদপুর, ২৪ আগস্ট, ২০২৬ : বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার, দুপুরে চাঁদপুর সদর উপজেলায় বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

এই অভিযানের ফলে শহরের ইলিশ চত্বর এলাকার কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারিকে বিএসটিআই আইন অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মিশন রোডের আরাবিয়ান সুইটস অ্যান্ড পেশ্ট্রি শপকেও একই ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্যাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল দায়িত্ব পালন করেন।

বিএসটিআই সূত্রে জানা যাচ্ছে যে, মান সনদ গ্রহণের আবেদন না করে প্রতিষ্ঠান দুটি বিভিন্ন খাদ্যপণ্য বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন কার্যক্রম চালানোর জন্য দায়ী ছিল। এ কারণে বিএসটিআই আইন-২০১৮-এর ৩১ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থে মান সনদবিহীন ও অননুমোদিত পণ্যের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতার আসন নয়,মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোঃ জিয়াউর রহমান (জিয়া)

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


ক্ষমতার আসন নয়,মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোঃ জিয়াউর রহমান (জিয়া)

আসন্ন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসেবার প্রতি অঙ্গীকার ও মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ জিয়াউর রহমান (জিয়া) নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, মতবিনিময় ও গণসংযোগ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।

হাজী মোহাম্মদ জিয়াউর রহমান (জিয়া) জানান, “আমি নেতা হতে চাই না, আমি মানুষের পাশে থাকতে চাই। ক্ষমতার আসনে নয়, মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানবিকতা, সততা, ন্যায়নীতি ও পরোপকারের আদর্শকে ধারণ করেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে এসেছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করছেন তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হলে হবিরবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন হাজী মোহাম্মদ জিয়াউর রহমান। তাঁর পরিকল্পনায় রয়েছে, ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা।

তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে সত্য, ন্যায় ও ঐক্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ হবিরবাড়ী ইউনিয়ন গড়ে তুলব, ইনশাআল্লাহ।” জনপ্রতিনিধি হওয়া তাঁর কাছে কোনো ভোগের বিষয় নয় বরং মানুষের সেবা করার একটি সুযোগ ও দায়িত্ব।

হাজী মোহাম্মদ জিয়াউর রহমান উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান। বিশেষভাবে সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।

তিনি বলেন, “আপনাদের একটি ভোট ও আন্তরিক সমর্থন আমাকে মানুষের সেবায় আরও বেশি কাজ করার সুযোগ তৈরি করবে।” তিনি চান, হবিরবাড়ী ইউনিয়নের প্রতিটি মানুষ যেন নিরাপদে, সম্মানের সঙ্গে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।

এদিকে, তাঁর সমর্থকরা জানান, হাজী মোহাম্মদ জিয়াউর রহমান স্থানীয় রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।

সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।

হাজী মোহাম্মদ জিয়াউর রহমান (জিয়া) ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বিভাজন নয় বরং সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও শান্তিপূর্ণ হবিরবাড়ী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।”

নির্বাচনে জয়-পরাজয়ের চেয়ে মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করাই তাঁর কাছে সবচেয়ে বড় বিষয়।

উল্লেখ্য, হাজী মোহাম্মদ জিয়াউর রহমান (জিয়া) ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে তিনি এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ জিয়াউর রহমান (জিয়া) আসন্ন নির্বাচনে হবিরবাড়ী ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে ছিল জিয়া পরিবার: আমানউল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে ছিল জিয়া পরিবার: আমানউল্লাহ আমান

 

বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই দেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের প্রতিটি সংকটময় সময়ে জিয়া পরিবার জনগণের পাশে থেকেছে।

বেগম খালেদা জিয়া কখনো অন্যায় বা অন্যায়ের সঙ্গে আপস করেননি। এই কারণে তিনি আপসহীন নেত্রী হিসেবে মানুষের কাছে সমাদৃত হয়েছেন।’

সোমবার (২৪ আগস্ট) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জের হযরতপুর এলাকায় বেগম খালেদা জিয়া আঞ্চলিক মহাসড়কের মেরামতকাজের উদ্বোধন ও ইটাভাড়া ব্রিজের নাম ‘শহীদ কাজী নাজিমউদ্দীন সেতু’ করার উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, শিল্প ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে যে অগ্রগতি শুরু হয়েছে, তা দেশের মানুষের কল্যাণের জন্য ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অর্থনীতি আরো শক্তিশালী হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। একটি সমৃদ্ধ, আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখা বিএনপির প্রত্যাশা।

নিজেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমানউল্লাহ আমান বলেন, ‘জনাব তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি বলেন, ‘কেরানীগঞ্জ তথা ঢাকা-২ আসনে কোনো মাদক কারবারি ও সন্ত্রাসের স্থান হবে না।

আমরা কেরানীগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী ফকর উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর শফিকুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর মজিবর রহমান পাঞ্জু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার কালীগঞ্জে ৩৬ দিনেও সুমাইয়া হত্যায় গ্রেফতার নেই কোন আসামি স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

কালিগঞ্জ (সাতক্ষীরার)প্রতিনিধি:

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


সাতক্ষীরার কালীগঞ্জে ৩৬ দিনেও সুমাইয়া হত্যায় গ্রেফতার নেই কোন আসামি স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাজলা -কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা সুলতানা হত্যা মামলার আসামী আব্দুল্লাহ আল মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার ঢাকার মালিবাগে গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখার প্রধান কার্যালয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়। অপরদিকে ফারজানা হত্যার ঘটনায় সন্দিগ্ধ একই গ্রামের ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া সুলতানাকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে নৃশংসভাবে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়। এই ঘটনার ৩৬ দিন পার হলেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহত ফারজানা কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের এনামুল হক ও নিহত সুমাইয়া একই গ্রামের মোঃ আব্দুল লতিফ শেখের মেয়ে। কাশিবাটি গ্রামের মোঃ আব্দুল লতিফ শেখ জানান, তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানাকে গত ২০ জুলাই শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘরের পিছনের জানালা ভাঙা এবং বিদ্যুতিক বাল্বের স্লুইজ বন্ধ করে তার মেয়ে সুমাইয়ার দেয়াল আলমারির ভিতর থেকে ফারজানার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যার পর পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে তার মেয়ে সুমাইয়া সুলতানাকে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে। ফারজানা হত্যার ঘটনায় তার মা ২২ জুলাই রাতে তার ছেলে আব্দুল্লাহ আল মামুনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন ভোরে দেবহাটার সুবর্ণাবাদ গ্রাম থেকে মামুনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে ফারজানাকে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়েছে। প্রতিবেদনে তাকে ধর্ষণের আলামত না পেলেও মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম কারাগারে থাকা আব্দুল্লাহ আল মামুনকে গত ১৮ আগস্ট ঢাকার মালিবাগে গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখার প্রধান কার্যালয়ে নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছেন।

লতিফ শেখ অভিযোগ করে বলেন, তার মেয়েকে পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে প্রকাশ্যে ইট দিয়ে থেঁতলে হত্যা করা হলেও ময়নাতদন্তের একদিন পর ২২ জুলাই রাত ১১টার দিকে সদর হাসপাতালের মর্গ থেকে লাশ দেওয়া হয়। লাশের সঙ্গে মৃত্যু সংক্রান্ত কোন কাগজপত্র দেওয়া হয়নি। স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির কারণে আজো কোন মৃত্যু সংক্রান্ত কাগজপত্র পাননি। এমনকি তার ইচ্ছামত মামলা করার জন্য তাকে চাপ দেওয়া হলে তিনি ২৬ জুলাই কাশিবাটি গ্রামের এন্তোফা মোড়লের ছেলে হামিদুল মোড়লসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার পরপরই তিনি জানতে পারেন যে, হত্যাকারিদের নাম উল্লেখ করে ২৬ জুলাই আদালতে মামলা করবেন এমন খবর ছড়িয়ে পড়ায় আসামীদের বাঁচাতে স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধি পুলিশকে ম্যানেজ করে নিহত সুমাইয়ার মাদকাসক্ত ও জুয়াড়ি জামাতা আমিরুলের উপর প্রভাব বিস্তার করে প্রকৃত ঘটনা গোপন রেখে কারো নাম উল্লেখ না করে যেনতেন প্রকারে ২৫ জুলাই রাতেই একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে সুমাইয়া হত্যায় জড়িত আরো কয়েকজনের নাম তিনি জানতে পেরেছেন।

তিনি অভিযোগ করে আরো বলেন, তার মেয়েকে যাদের নৃশংসভাবে হত্যা করেছে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি তাদের নামে মামলা করলেও পুলিশ গত ৩৬ দিনেও কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মূল হত্যাকারি হামিদুল মোড়ল বিষয়টি পুলিশের উপর দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। আর পুলিশ বলছে তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ এলাকাবাসী সুমাইয়াকে পিটিয়ে হত্যা করেছে।

ফারজানা হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম সোমবার দুপুরে এ প্রতিবেদকে বলেন, রবিবার পর্যন্ত ফারাজানা হত্যা মামলায় জব্দকৃত পোশাক ও অন্যান্য অঙ্গপ্রতঙ্গের ফরেনসিক প্রতিবেদন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যার কথা বলা হলেও পারিপার্শিক অবস্থা ও মামলার সুষ্ঠু তদন্তের সুবিধার্থে আদালতের অনুমতি সাপেক্ষে গত ১৮ আগস্ট কারাগারে থাকা আব্দুল্লাহ আল মামুনকে ঢাকায় নিয়ে ডিএনএ পরীক্ষা (রক্ত) করানো হয়েছে।

সুমাইয়া হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক মল্লিক মনিরুজ্জামান জানান, সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোন আসামীকে গ্রেপ্তার করা যায়নি। তবে প্রকাশ্যে ও পুলিশের সামনে এ ঘটনা ঘটলেও এবং আদালতের মামলায় হামিদুল মোড়লসহ আটজনকে হত্যাকারি হিসেবে চিহ্নিত করলেও কেন একজনকেও গ্রেপ্তার করা গেল না সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%