ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

চীনে ওষুধের প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন কৌশল


চীনে ওষুধের প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন কৌশল

চীনে ওষুধের প্রচার ও বিক্রির প্রচলিত কৌশলে পরিবর্তন ঘটছে। দুর্নীতিবিরোধী কঠোর অভিযানের ফলে হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের যাতায়াত এবং চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের কাছে পৌঁছানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপের দিকে ঝুঁকছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরে চীনে চিকিৎসকদের জন্য বিশেষভাবে তৈরি একাধিক এআই অ্যাপ বাজারে এসেছে। আলিবাবা হেলথ এবং জেডি হেলথের মতো অনলাইন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এসব অ্যাপ তৈরি করেছে। চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি চিকিৎসাবিষয়ক গবেষণা ও তথ্য খুঁজে পেতে সহায়তা করার মাধ্যমে এসব প্ল্যাটফর্ম ওষুধ কোম্পানিগুলোর জন্য প্রচারের নতুন সুযোগ তৈরি করছে।

আলিবাবা হেলথের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়াং শিয়াংঝি রয়টার্সকে জানান, তাঁদের ‘হাইড্রিয়ন’ নামের এআই অ্যাপে চিকিৎসকদের প্রশ্নের উত্তরের পাশাপাশি সংশ্লিষ্ট ওষুধের পক্ষে থাকা গবেষণা ও ক্লিনিক্যাল তথ্য প্রচারের একটি ব্যবসায়িক মডেল বিবেচনা করা হচ্ছে। এতে চিকিৎসকদের প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরের সঙ্গে ওষুধ কোম্পানির প্রচারিত গবেষণাও দেখানো সম্ভব হবে।

আরও পড়ুন: গুগলের এআই-এ হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের এনক্রিপশন যাচাই

তবে হাইড্রিয়ন অ্যাপে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে এ ধরনের সহযোগিতা এখনো শুরু হয়নি। ওয়াংয়ের ভাষ্য অনুযায়ী, দেশি-বিদেশি অনেক ওষুধ কোম্পানি এ উদ্যোগের বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

চিকিৎসকদের মধ্যে এআইয়ের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। চীনের চিকিৎসা খাতে এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। আলিবাবা হেলথের জরিপে অংশ নেওয়া কয়েক শ চিকিৎসকের ৯৩ শতাংশ জানিয়েছেন, তাঁরা বর্তমানে এআই টুল ব্যবহার করেন। এক বছর আগে এ হার ছিল প্রায় ৭০ শতাংশ।

চিকিৎসকদের জন্য তৈরি জেডি হেলথের ‘ঝিই’ নামের এআই সহকারীও ওষুধের প্রচার ও চিকিৎসা শিক্ষার কাজে যুক্ত হচ্ছে। চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান পিআইসিএ হেলথ তাদের অ্যাপে এই এআই সহকারী যুক্ত করেছে। গত আগস্টে দুই প্রতিষ্ঠান জানিয়েছিল, তারা ওষুধ কোম্পানিগুলোকে লক্ষ্যভিত্তিক ডিজিটাল প্রচার এবং চিকিৎসকদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করবে।

এছাড়া, চীনের আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ইডু টেকের ‘ইডু এভিডেন্স’ অ্যাপেও প্রচারের সুযোগ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটির এক নির্বাহী রয়টার্সকে জানিয়েছেন, ওষুধ কোম্পানিগুলো তাদের পণ্যের পক্ষে আরও বেশি গবেষণাভিত্তিক সমর্থন এবং অ্যাপের সার্চ ফলাফলে ভালো অবস্থান পেতে আগ্রহী। তবে এ ধরনের সুবিধা এখনো চালু করেনি ইডু টেক।

আরও পড়ুন: সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি কেনাকাটায় বিশেষ ছাড়ের বিধানসহ বিল উত্থাপন

দুর্নীতিবিরোধী অভিযানে প্রচারের কৌশল পরিবর্তন হচ্ছে। চীনের স্বাস্থ্য খাতে ঘুষ ও দুর্নীতি বন্ধে কয়েক বছর ধরে অভিযান চলছে। চলতি বছরের গ্রীষ্মে এ উদ্যোগ আরও জোরদার হয়। এই সময় চিকিৎসক ও হাসপাতালের কাছে ওষুধের তথ্য তুলে ধরার ক্ষেত্রে ওষুধ কোম্পানির কর্মীদের জন্য কঠোর নিয়ম জারি করে দেশটির কর্তৃপক্ষ।

এর ফলে ওষুধ বিক্রিতে প্রভাব পড়েছে। চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঝেজিয়াং শিয়ানজু ফার্মাসিউটিক্যাল গত আগস্টে জানিয়েছে, নতুন বিধিনিষেধ তাদের বিক্রিতে প্রভাব ফেলেছে। অন্যদিকে, হাসপাতাল পরিদর্শনে সীমাবদ্ধতাকে ব্যবসার জন্য বড় বাধা হিসেবে উল্লেখ করেছে আরেক ওষুধ কোম্পানির বিক্রয় বিভাগের এক কর্মকর্তা।

এই পরিস্থিতিতে ডিজিটাল প্রচারসেবা বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। চীনের মেডলিভ টেকনোলজি জানিয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে তাদের লক্ষ্যভিত্তিক প্রচার ও করপোরেট সলিউশন সেবার আওতায় স্বাস্থ্য খাতের ৫০৯টি গ্রাহক প্রতিষ্ঠানের পণ্য বাজারজাত করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি।

এআইভিত্তিক চিকিৎসা অনুসন্ধান প্ল্যাটফর্ম নাল হাইপোথিসিসের প্রধান নির্বাহী গুও ফেইয়ের মতে, আগে চিকিৎসকদের সঙ্গে সম্পর্ক তৈরিতে আপ্যায়ন ও উপহার দেওয়ার মতো প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করত ওষুধ কোম্পানিগুলো। এখন চিকিৎসকদের গবেষণা ও চিকিৎসাসংক্রান্ত কাজে সহায়তা করে এমন প্রযুক্তির মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন: সামাজিক কল্যাণে তরুণদের এআই উদ্ভাবন উদযাপন করতে গ্রামীণফোন ফিউচারমেকার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

গুও জানান, চীনের বড় ওষুধ কোম্পানিগুলোর পাশাপাশি বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানও তাঁদের ‘নোস’ প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্দিষ্ট রোগভিত্তিক চিকিৎসক-সহায়ক একাডেমিক প্ল্যাটফর্ম তৈরি করেছে। তবে গ্রাহক প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি তিনি।

ডিজিটাল প্রচারে বড় বাজারের সম্ভাবনা

চীনের ওষুধবাজার যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। গবেষণা প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভানের পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচার ব্যয় ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত বছরে গড়ে ২৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়তে পারে। ২০৩০ সালের মধ্যে এ বাজারের আকার ২৭৪ দশমিক ৪ বিলিয়ন ইউয়ানে পৌঁছাতে পারে, যা প্রায় ৪১ দশমিক ১ বিলিয়ন ডলারের সমান।

তবে এই পূর্বাভাস শুধুমাত্র চিকিৎসকদের জন্য তৈরি এআই অ্যাপের বাজার নিয়ে নয়; চীনের সামগ্রিক ডিজিটাল স্বাস্থ্য বিপণন খাতের ব্যয় নিয়ে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, পরিবর্তন আসছে প্রাইভেসি সেটিংসে

ওষুধ কোম্পানিগুলোর জন্য চিকিৎসকদের কাছে পৌঁছানোর নতুন মাধ্যম তৈরি হলেও এআই অ্যাপে প্রচারিত তথ্যের নির্ভরযোগ্যতা এবং ওষুধের বাণিজ্যিক প্রচার ও চিকিৎসাবিষয়ক গবেষণার মধ্যে স্বচ্ছতা বজায় রাখার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হয়ে নিখোঁজ থাকা ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে, এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে, তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সামনে এই তথ্য প্রকাশ করেন। ওই দিন গুমের বিচারের অগ্রগতি সম্পর্কে জানতে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।

তদন্তের অগ্রগতি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে প্রায় আড়াইশ গুমের অভিযোগ জমা পড়েছে। এই প্রেক্ষাপটে প্রতিটি পরিবারকে ধরে ধরে তদন্ত কার্যক্রম চলছে। বর্তমানে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদন হাতে পেলেই যাচাই-বাছাইয়ের পর আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এ সময় মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি মন্তব্য করেন, গুমের বিচারের জন্য বর্তমানে দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ জন্য আরও ট্রাইব্যুনাল প্রয়োজন। তিনি গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে, ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য। তখন গুমের এসব অভিযোগ রাজনৈতিক কারণে তদন্ত বা বিচার না করার অনুরোধ জানিয়েছেন মায়ের ডাকের এই সমন্বয়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনা বিশ্ববিদ্যালয়ের এনভিডিয়ার চিপ সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনা বিশ্ববিদ্যালয়ের এনভিডিয়ার চিপ সংগ্রহ

যুক্তরাষ্ট্রের কঠোর রফতানি নিষেধাজ্ঞা এবং ট্রেড ব্ল্যাকলিস্টকে উপেক্ষা করে মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার (Nvidia) অত্যন্ত শক্তিশালী এআই চিপ সংগ্রহ করেছে চীনের একটি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং রয়টার্স সাম্প্রতিক ক্রয় সংক্রান্ত রেকর্ডের ভিত্তিতে এই বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুসারে, চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শিয়ানভিত্তিক ‘নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি’ (Northwestern Polytechnical University) অভ্যন্তরীণ সরবরাহকারীদের মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এনভিডিয়ার এআই মডেল প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক ‘এইচ২০০’ (H200) চিপ এবং এআই সার্ভার ভাড়া নিয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি ২০০১ সাল থেকে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ‘এনটিটি লিস্ট’ বা ট্রেড ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত রয়েছে, যা সামরিক গবেষণা এবং মিসাইল প্রোলিফেকটেশন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে।

বিশ্লেষণে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি স্কুল এবং অন্যান্য বিভাগ স্থানীয় থার্ড-পার্টি বা স্থানীয় ভেন্ডরদের মাধ্যমে এই প্রযুক্তিগত সুবিধাগুলো নিশ্চিত করেছে। শুধু তাই নয়, সরাসরি এইচ২০০ চিপ কেনার পাশাপাশি, এ চিপ সংবলিত সার্ভার এবং নিষেধাজ্ঞাভুক্ত এ১০০ (A100) ও এ৮০০ (A800) চিপের ক্লাউড অ্যাক্সেসও ভাড়া নেওয়া হয়েছে। মার্কিন সরকারের নীতিমালা অনুযায়ী, ব্ল্যাকলিস্টে থাকা কোনো প্রতিষ্ঠানকে এই ধরনের উচ্চপ্রযুক্তির মার্কিন প্রযুক্তি রফতানি কঠোরভাবে নিষিদ্ধ, তবে সাপ্লাই চেইনের ফাঁকফোকর দিয়ে চীনের প্রতিরক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই চিপ হাতে পাওয়ার ঘটনা ওয়াশিংটনের নীতি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা কঠোর হওয়া সত্ত্বেও বিকল্প পন্থায় চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক গবেষণা খাতে বিশ্বের শীর্ষস্থানীয় এআই চিপগুলোর প্রবেশ ঠেকানো কতটা দুরূহ, এই ঘটনা তা আবারও প্রমাণ করেছে। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বাগদান সম্পন্ন, আজ বিবাহের অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বাগদান সম্পন্ন, আজ বিবাহের অনুষ্ঠান

গ্রিসের মনোরম পরিবেশে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারান। গতকাল ১০ নভেম্বর তামিল ঐতিহ্য মেনে বাগদান সম্পন্ন করেছেন এই যুগল। বুধবার (১১ নভেম্বর) ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গ্রিসে তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অনিরুদ্ধ ও কাব্য জাঁকজমকের পরিবর্তে ঘনিষ্ঠ পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। বাগদান অনুষ্ঠানেও তারা তামিল সংস্কৃতির ঐতিহ্য অনুসরণ করেছেন। ‘নিচ্চয়তার্থম’ নামে পরিচিত এই আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন।

বিয়ের ভোজের আয়োজনের দায়িত্বে রয়েছে পরিচিত খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান আরাসুভাই নটরাজন। এই প্রতিষ্ঠানটি তারকাদের বিয়ে ও বিশেষ আয়োজনের খাবার পরিবেশনের জন্য বেশ পরিচিত।

কাব্য মারান আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও এবং সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে। অন্যদিকে, অনিরুদ্ধ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় সংগীত পরিচালক। ‘ভেলাইয়িলা পাত্তাধরি’, ‘কাথথি’, ‘পেট্টা’, ‘মাস্টার’, ‘বিক্রম’, ‘জেলার’, ‘লিও’, ‘ভেট্টাইয়ান’, ‘কুলি’ ও ‘জানা নায়াগান’-এর মতো সিনেমায় সংগীত পরিচালনা করে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

গ্রিসে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ে বসবে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। গত অক্টোবরেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে সংবর্ধনার তারিখ নিশ্চিত করা হয়। কাব্যর বাবা কালানিধি মারান ও মা কাবেরী মারান ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে, অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের আমন্ত্রণপত্রও নজর কেড়েছে। আইভরি ও হালকা নীল রঙের বিশেষ বাক্সে তৈরি এই আমন্ত্রণপত্রের নকশায় বর-কনে নিজেও যুক্ত ছিলেন।

বিয়ের আয়োজনে যোগ দিতে ইতোমধ্যে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। চেন্নাই বিমানবন্দরে তাদের দেখা গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

অন্যদিকে, চেন্নাইয়ের বিবাহোত্তর সংবর্ধনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়সহ চলচ্চিত্র, রাজনীতি ও ক্রীড়াঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে অনিরুদ্ধ-কাব্যর বিয়ের পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানটিও তারকাদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা প্যারালাইজড, বাবা হাসপাতালে; ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


মা প্যারালাইজড, বাবা হাসপাতালে; ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

রাজধানীর ডেমরায় ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ থাকার চার দিন পর সোমবার (১০ নভেম্বর) নড়াইবাগ এলাকার একটি বালুর মাঠ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ১৯ বছর বয়সী একজন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত কিশোরের নাম হামিদুল ইসলাম। সে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল এবং স্পষ্টভাবে কথা বলতে পারত না। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাইতপাড়া ডাকঘরের অনুপমপুর গ্রামে অবস্থিত। বাবুল আহমেদ ও মেহেনুর বেগমের ছেলে হামিদুল পরিবারের সঙ্গে ডেমরার মালা মার্কেটের নড়াইবাগ এলাকায় বসবাস করত।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হওয়ার পর হামিদুল নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে ওই দিনই ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনেরা। পাশাপাশি এলাকায় মাইকিং করে খোঁজ চালানো হয়।

হামিদুলের ভাই সাইদুল বলেন, এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তারা একজনকে সন্দেহ করেন। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু স্বীকার করেননি। এরপর চার দিন ধরে এলাকায় খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। গতকাল সোমবার নড়াইবাগের বোতল কারখানার পেছনের বালুর মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলতে গিয়ে বালুচাপা দেওয়া অবস্থায় হামিদুলের মরদেহ দেখতে পায়।

নিহতের চাচা আবুল কালাম জানান, হামিদুলের মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত। তার বাবাও এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের এমন পরিস্থিতির মধ্যে ছেলেটিকে এভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চান।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারের সময় হামিদুলের মরদেহ অর্ধগলিত অবস্থায় ছিল। নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছিল। পচনের কারণে মাথা, মুখমণ্ডল, বুক, পিঠ, কোমর, হাত-পা ও আঙুলের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার লিঙ্গ ও অণ্ডকোষ ফোলা ছিল।

প্রতিবেদনে আরো বলা হয়, মরদেহ অতিরিক্ত পচে যাওয়ায় বাহ্যিক আঘাতের সুনির্দিষ্ট চিহ্ন ও ধর্ষণের আলামত স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্জন বালুর মাঠে নিয়ে হামিদুলকে জোরপূর্বক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় সে চিৎকার করলে মুখ ও গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রতিবেদনে আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করার কথাও উল্লেখ করা হয়েছে।

পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরিফ হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি হোটেলের কর্মচারী।

পুলিশের জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হামিদুলকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ডেমরা থানায় একটি হত্যা মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার উপপরিদর্শক শায়ক খসরু বলেন, তারা মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%