ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের শরীরে মিলল ৮১৩.৫০ গ্রাম স্বর্ণের পেস্ট


সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের শরীরে মিলল ৮১৩.৫০ গ্রাম স্বর্ণের পেস্ট

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তির শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকানো ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীন ভোমরা বিওপির একটি বিশেষ অভিযানিক দল এ অভিযানটি পরিচালনা করে। আটক ব্যক্তির নাম শাহ গোলাম হোসেন, বয়স ৪৩ বছর। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিযোগে এক ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তির ওপর নজরদারি শুরু করা হয়। পরে তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে, পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরের অভ্যন্তরে লুকানো দুটি প্যাকেটের সন্ধান পাওয়া যায়। পরে প্যাকেট দুটি উদ্ধার করে সেগুলোর ভেতরে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট পাওয়া যায়।

আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরা হলো না, বিস্ফোরক মামলায় ভাঙ্গায় বাস থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৮ আসামি

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ১শ’ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ১শ’ জন গ্রেফতার

রাজশাহী, ৩ নভেম্বর, ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ১শ’ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিভিন্ন জেলা পুলিশ রেঞ্জের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার করে এবং মাদকদ্রব্য উদ্ধার করে।

মঙ্গলবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় ২টি খুনের ঘটনা ঘটেছে। পাশাপাশি ১টি দস্যুতা, ৩টি চুরি, ৪টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য খাতে ৯০টি মামলা রেকর্ড করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে খুন, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার নিরাপত্তা আইন এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা বা ঘটনা রেকর্ড করা হয়নি। আলোচিত সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৮টি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১১৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানাভূক্ত ২২ জন, সাজাপ্রাপ্ত ১০ জন, তদন্তাধীন মামলায় ৭৭ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে আটক হয়েছেন ৮ জন। এসব গ্রেফতার ও উদ্ধার কার্যক্রমের উদ্দেশ্যে রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে পুলিশ উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১.৬ গ্রাম হিরোইন, ৮৪৮ পিস ইয়াবা, ৩২০ পিস ট্যাপেন্টাডল, ৫০ বোতল ওয়াশ এবং ২৫ কেজি ৩শ’ গ্রাম গাঁজা। তবে এই সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, পুলিশি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় মোট ৯৬৫ জন সেবা গ্রহীতা থানায় এসে সেবা গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক নেতাদের ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


শ্রমিক নেতাদের ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি

চলমান মজুরি আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে, পোশাকশিল্পের কারখানাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে শ্রমিক নেতারা ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন। তাদের মতে, নতুন মজুরি আগামী জানুয়ারি থেকে কার্যকর হওয়া উচিত।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র ও শ্রমমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে শ্রমিক নেতারা এই প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনার বিষয়ে অবগত একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

বৈঠকে শ্রমিকদের প্রতিনিধি বাবুল আক্তার জানান, তারা ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণা এবং জানুয়ারি থেকে তা কার্যকর করার জন্য কাজ করছেন। এজন্য মজুরি বোর্ডের সভা দ্রুত আয়োজনের আহ্বান জানান তিনি। প্রয়োজনে রাতেও সভা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক নেতারা।

ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি সালাহউদ্দিন স্বপন মন্তব্য করেন, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার আশ্বাস পেলে শ্রমিকদের মধ্যে ইতিবাচক বার্তা যাবে এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়তা করবে।

শ্রম মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার জন্য অনানুষ্ঠানিকভাবে মজুরি বোর্ডকে অনুরোধ করা হয়েছে। তবে শ্রমসচিব মো. আবদুর রহমান তারাফদার গণমাধ্যমকে বলেন, মজুরি বোর্ড স্বাধীন সংস্থা হওয়ায় মন্ত্রণালয় তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে না। তবে দ্রুত সুপারিশ জমা দেওয়ার চেষ্টা করা হবে।

অন্যদিকে, নতুন মজুরি ঘোষণার সময় নিয়ে পোশাকশিল্পের মালিকদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জ্যেষ্ঠ নেতা ডিসেম্বরের মধ্যে মজুরি ঘোষণাকে যৌক্তিক মনে করেন। তবে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কার্যকর করার মতো অবস্থায় শিল্প খাত নেই। নতুন মজুরি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে পণ্যের দর নিয়ে আলোচনার জন্য কারখানার মালিকদের সময় প্রয়োজন।

বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। শ্রমিকেরা তা বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে নতুন মজুরি কার্যকর হয়েছিল। শ্রম আইন অনুযায়ী, প্রতি তিন বছর পর মজুরি পর্যালোচনার বিধান রয়েছে। সে হিসাবে চলতি বছরের ডিসেম্বরে বর্তমান মজুরি কাঠামোর তিন বছর পূর্ণ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে অব্যাহতির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে অব্যাহতির নির্দেশ

 

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি দুই নার্সকে অব্যাহতির নির্দেশ দেওয়াসহ কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে হাসপাতালের সেবার মান, জনবলসংকট, ওষুধ ও ভ্যাকসিনের প্রাপ্যতাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তিনি। এ সময় হাসপাতালের সামনে অবস্থিত কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র ও বৈধতা যাচাই করেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের সব ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা অব্যবস্থাপনার কথা বলেছেন, আপনাদের তা স্বীকার করতে হবে। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট হয়েছে। জনগণের টাকা বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট থেকে লুট করে বিদেশে পাচার করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত জনবল নেই, ভ্যাকসিন নেই, ওষুধ নেই। হাসপাতালগুলোর প্রতি কোনো খেয়াল রাখা হয়নি।’

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে ১৯ হাজার বিশিষ্ট হাসপাতাল করেছিলেন। পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটিকে ৫০-এ উন্নীত করেন। এরপর আর কেউ এর পরিসর বাড়ায়নি কিংবা উল্লেখযোগ্য উন্নয়ন করেনি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন পর্যায়ে একটি করে হেলথ সেন্টার গড়ে তোলা হবে, যেখানে একজন করে চিকিৎসক থাকবেন।’

এ সময় তিনি স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের আরও কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরেন। হাসপাতালের দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়মের অভিযোগে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

পরিদর্শনকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এইচএসসি পরীক্ষা ২০২৬

পিরোজপুরের ২৪ শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


পিরোজপুরের ২৪ শিক্ষকের ৭ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল অনুযায়ী, পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজ থেকে অংশ নেওয়া সাত পরীক্ষার্থী কেউই উত্তীর্ণ হতে পারেনি।

প্রতিষ্ঠান দুটি হলো- নাজিরপুরের দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং পিরোজপুর সদরের কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। এই দুটি প্রতিষ্ঠানে মোট ২৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পাঁচজন এবং কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজের তিনজন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণকারী সাতজনের মধ্যে কেউই পাশ করতে পারেনি।

সূত্রে জানা গেছে, নাজিরপুর দীঘিরজান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের কলেজ শাখা ২০১৪ সালে পাঠদানের অনুমতি লাভ করে। গত চার বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এখানে উত্তীর্ণের সংখ্যা অনুত্তীর্ণের তুলনায় বেশি। ২০২৩ সালে কলেজটি থেকে ৩৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮ জন উত্তীর্ণ হয়। ২০২৪ সালে ২৭ জনের মধ্যে ১৩ জন এবং ২০২৫ সালে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র পাঁচজন পাশ করে। ২০২৬ সালে মানবিক বিভাগের পাঁচজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাশ করতে পারেনি। এখানে শিক্ষক সংখ্যা আটজন এবং কর্মচারী দুজন।

অন্যদিকে, পিরোজপুর সদরের কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখা ২০২৩ সালে পাঠদানের অনুমতি পায়। শুরু থেকেই এই প্রতিষ্ঠানের কলেজ শাখার পাশের হার কম। ২০২৩ সালে ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন উত্তীর্ণ হয়। ২০২৪ সালে ৭ জনের মধ্যে ৩ জন এবং ২০২৫ সালে ৭ জনের মধ্যে ৪ জন পাশ করে। চলতি বছর তিনজন পরীক্ষার ফরম পূরণ করলেও অংশ নেয় দুজন, এবং তাদের দুজনই ফেল করেছে।

তবে একই প্রতিষ্ঠানের স্কুল শাখার ফলাফল সম্পূর্ণ ভিন্ন। গত চার বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির পাশের হার তুলনামূলক ভালো। ২০২৩ সালে ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন উত্তীর্ণ হয়। ২০২৪ সালে ৭৫ জনের মধ্যে ৬৯ জন, ২০২৫ সালে ৭০ জনের মধ্যে ৪৮ জন এবং ২০২৬ সালে ৫০ জনের মধ্যে ৪৫ জন পাশ করে। চলতি বছর এসএসসিতে প্রতিষ্ঠানটির পাশের হার ৮৬ শতাংশ। এখানে শিক্ষক রয়েছেন ১৬ জন এবং কর্মচারী দুজন।

এদিকে, বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাশের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর। বরিশাল জেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে গত দুই বছরে পিরোজপুরে এইচএসসিতে পাশের হার ৩১ দশমিক ৭৮ শতাংশ কমেছে। ২০০৯ সাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এবারই জেলাটিতে সর্বনিম্ন পাশের হার দেখা গেছে।

শনিবার সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জেলাভিত্তিক ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এ বছর পিরোজপুর জেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৯৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৭৮২ জন। উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন। জেলায় পাশের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন শিক্ষার্থী।

জেলার গত কয়েক বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে পাশের হার ছিল ৮৩ দশমিক ৩৩ শতাংশ। ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৬৪ দশমিক ০৭ শতাংশে। সর্বশেষ ২০২৬ সালে পাশের হার আরও কমে ৫১ দশমিক ৫৫ শতাংশে নেমে আসে।

কদমতলা এলাকার এক শিক্ষার্থীর অভিভাবক মো. সাইদুল ইসলাম মন্তব্য করেন, "গত বছর এ কলেজে নতুন করে কেউ ভর্তি হয়নি। গত বছর যে দুজন শিক্ষার্থী ছিল, তারাই এবার পরীক্ষা দিয়েছে। তারা গত বছরও ফেল করেছে, এ বছরও ফেল করেছে। তাই কলেজ শাখার ফল খারাপ হয়েছে। কলেজটি যদি এমপিওভুক্ত হয় এবং সরকারি সব সুযোগ-সুবিধা পায়, তাহলে স্থানীয় শিক্ষার্থীরা এখানেই ভর্তি হবে। এতে ফলাফলও ভালো হবে বলে আশা করি।"

স্থানীয় আরেক অভিভাবক সুমি আক্তার বলেন, "এখানে স্কুল শাখার পাশাপাশি কলেজ শাখায়ও ফলাফল ভালো হয়। তবে আমরা জানতে পেরেছি, গত বছর যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল, তারাই এ বছর পরীক্ষা দিয়ে আবারও ফেল করেছে।"

কদমতলা এলাকার দুই বাসিন্দা মো. মাসুম বিল্লাহ ও সুলতানা জেসমিন মাহিনুর বলেন, "আমরাও এখানে লেখাপড়া করেছি। এখানে এসএসসির ফলাফল খুব ভালো হয়। ২০২৩ সালে এখানে কলেজ চালু হয়েছে। কলেজটি এমপিওভুক্ত না হওয়ায় এখান থেকে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা অন্য কলেজে ভর্তি হয়। কলেজটি এমপিওভুক্ত হলে এখানকার স্কুলের শিক্ষার্থীরা এখানেই ভর্তি হতে পারবে। তাহলে আমাদের সন্তানদের দূরের কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না। আমরা জোর অনুরোধ জানাই, আমাদের এই কলেজটি যেন এমপিওভুক্ত করা হয়।"

নাজিরপুর দীঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষক সুমন বিশ্বাস বলেন, "২০১৪ সালে কলেজটি পাঠদানের অনুমতি পাওয়ার পর থেকে প্রতি বছরই পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। বিগত বছরগুলোতে পরীক্ষার ফলাফল মোটামুটি সন্তোষজনক ছিল। তবে প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকরা সরকারিভাবে কোনো বেতন-ভাতা পান না। ফলে তারা আর্থিক অসচ্ছলতার মধ্যে জীবনযাপন করছেন।"

পিরোজপুর সদরের কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, "আমাদের বিদ্যালয় শাখার ফলাফল ভালো। কলেজ শাখার পাঠদানের অনুমতি পাওয়ার পর থেকে ফলাফলও সন্তোষজনক ছিল। তবে এ বছর নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে। এ অবস্থার উন্নতি করতে হলে কলেজ শাখাটিকে এমপিওভুক্ত করা জরুরি।"

তিনি আরও বলেন, "এটি গ্রাম পর্যায়ের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কলেজ শাখায় পাঠদানের জন্য প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নেই। ফলে বিদ্যালয় শাখার শিক্ষকদের দিয়েই কলেজের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। কলেজটি এমপিওভুক্ত হলে প্রয়োজনীয় বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে। এতে বিদ্যালয় শাখার শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার জন্য শহরমুখী হতে হবে না। তারা নিজ প্রতিষ্ঠানেই পড়াশোনা চালিয়ে যেতে পারবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের ধারাবাহিক ভালো ফলাফলও ধরে রাখা সম্ভব হবে।"

বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, "যেসব প্রতিষ্ঠান পাশ করেনি, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের নিয়ে জেলাভিত্তিক একটি সভা করব। যেসব প্রতিষ্ঠানে শূন্য পাশ, সেগুলোর বেশিরভাগই নন-এমপিও। আমরা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। নন-এমপিও প্রতিষ্ঠানগুলো তো চেষ্টা করে যাচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করে একটি সমাধানে যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%