ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যেসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস


যেসব এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের পাঁচটি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সাথে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে। এই সব অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এদিকে, আগামী ৫ দিন দেশের সকল স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, আবহাওয়া অধিদফতর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। পাশাপাশি মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় বৃহস্পতি, শুক্র ও শনিবার (১৩-১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই তিন দিনে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃহস্পতিবার সারা দেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমলেও শুক্রবার রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া শনিবারেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডারউইনে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ একাদশে এবাদত-মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ এম


ডারউইনে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ একাদশে এবাদত-মাহমুদ

ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। পিচে ঘাসের আস্তরণ ও কিছুটা আর্দ্রতা থাকায় ধারণা করা হয়েছিল, সকালের সেশনে আগে বোলিং করাটাই সুবিধাজনক হবে। ফলে টস হেরেও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে খুব একটা হতাশ মনে হয়নি।

স্বাগতিক দল, ম্যাচের আগের দিনেই, তাদের একাদশ ঘোষণা করেছে। একটি দীর্ঘ ও কঠিন মৌসুমের কথা মাথায় রেখে তারা তাদের চার প্রধান বোলার কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউডকে নিয়ে মাঠে নামছে। ইনিংস উদ্বোধনে থাকবেন জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। এছাড়া দলের ভালো শুরুর লক্ষ্যে অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টারকে একাদশে রাখা হয়েছে।

এই ম্যাচে ফর্মে থাকা দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলামকে ছাড়া মাঠে নামতে হচ্ছে টাইগারদের। তবে শরিফুল ম্যাকাইতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচের জন্য ফিট বলে বিবেচিত হয়েছেন। বাংলাদেশের জন্য সুখবর হলো উইকেটকিপার লিটন দাসের ফেরা। তিনি কাফ মাসলের চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আগের টেস্টটি খেলতে পারেননি।

অন্যদিকে খালেদ আহমেদের পরিবর্তে তৃতীয় পেসার হিসেবে এবাদত হোসেনকে বেছে নেওয়া হয়েছে। আর নতুন বল হাতে থাকছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ২৩ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভালো ফর্মের ধারাবাহিকতা বজায় রেখে তারা এখানেও নিজেদের ছাপ ফেলার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই ওভারে ১১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। জেক ওয়েদারাল্ড ৪ রান এবং ট্রাভিস হেড ৫ রানে ব্যাট করছে।

অস্ট্রেলিয়া স্কোয়াড: ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড।

বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘চীন-রুশ সংশ্লিষ্ট’ ট্যাংকার বিধ্বস্ত, ওমান উপকূলে ছড়াচ্ছে তেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৬ এম


‘চীন-রুশ সংশ্লিষ্ট’ ট্যাংকার বিধ্বস্ত, ওমান উপকূলে ছড়াচ্ছে তেল

ওমানের উপকূলে আংশিক ডুবে যাওয়া একটি তেল ট্যাংকার থেকে রাসায়নিক তেল চুইয়ে বিস্তীর্ণ সমুদ্রে ছড়িয়ে পড়ছে। প্রবল বাতাস ও স্রোতের টানে এই দূষণ ইতোমধ্যে ২০০ কিলোমিটার দূরের মূল ভূখণ্ডের সৈকতে পৌঁছে গেছে। একই সঙ্গে ৬০০ বর্গকিলোমিটারেরও বেশি সামুদ্রিক এলাকা গ্রাস করে চরম পরিবেশ বিপর্যয় ঘটিয়েছে।

এ নিয়ে সন্দেহ করা হচ্ছে, ট্যাংকারটি রাশিয়ার ‘ছায়া নৌবহর’-এর অংশ এবং এর মালিক চীনা এক প্রতিষ্ঠান। এটি গত জুন মাসে এক রহস্যজনক বিস্ফোরণ ও আক্রমণের শিকার হয়ে ডুবে যেতে থাকে।

বুধবার (১২ আগস্ট) ওমানের পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি কাবিলিয়াহ দ্বীপের কাছে আটকে আছে। ওই স্থান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওমানের মূল ভূখণ্ডের ‘রাস মাদরাকাহ’ সৈকতেও তেল পোঁছে গেছে। শুধু তাই নয়, দুর্ঘটনাস্থল থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ মাসিরাহ দ্বীপের দক্ষিণ উপকূলেও আর কয়েক ঘণ্টার মধ্যে এই তেল পৌঁছে যেতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

মালিক মেলেনি। ‘ক্যারোলিন বেজেঙ্গি’ নামের এই ট্যাংকারটির সুনির্দিষ্ট ও একক মালিকানা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ভূ-স্থানিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিনম্যাক্স মেরিটাইম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণা, এর মালিক চীনা একটি প্রতিষ্ঠান। এটি ইউক্রেন যুদ্ধের পর তৈরি হওয়া রাশিয়ার ছায়া নৌবহরের অংশ হিসেবে কাজ করছিল। যাতে পশ্চিমা নিষেধাজ্ঞা ভেঙে বিশ্ববাজারে রুশ তেল পরিবহন করা যায়। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন আগেই এই ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এটি গত মে মাসে রাশিয়ার নোভোরোসিস্ক বন্দর থেকে প্রায় ১০ লাখ ব্যারেল তেল নিয়ে রওয়ানা হয়।

গত জুন মাসে ওমান উপসাগরের কাছে পৌঁছালে এই ট্যাংকারটি আক্রমণের শিকার হয়। আক্রমণের সুনির্দিষ্ট উৎস কিংবা কোনো পক্ষই আজ পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি। বিস্ফোরণে ট্যাংকারটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে তলিয়ে যায় এবং ভেতরে থাকা ১০ লাখ ব্যারেল তেল থেকে বর্তমানে এই অনিয়ন্ত্রিত নিঃসরণ শুরু হয়েছে।

বর্তমানে ওমান সরকার ও পরিবেশ বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে, তবে বাতাসের গতিবেগ ও বিস্তৃত অঞ্চলের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ট্যাংকারটি থেকে চুইয়ে পড়া তেলে ওই এলাকার সংবেদনশীল সামুদ্রিক সংরক্ষিত অঞ্চল চরম পরিবেশগত ঝুঁকির মুখে পড়ছে।

জাহাজটির নাবিকদের বা ক্রু সদস্যদের বর্তমান অবস্থান বা উদ্ধার সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১৫৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৭ এম


ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১৫৩ জন

২০২৫ সালে ইয়েমেনের হুথিদের লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও, ২৪৩ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি পর্যালোচনায় এই তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার একজন মার্কিন কর্মকর্তা এই পর্যালোচনার তথ্য প্রকাশ করেন। ওই পর্যালোচনায় দেখা যায় যে, ২০১৫ সালে মার্কিন সামরিক বাহিনীর নথিবদ্ধ বেসামরিক হতাহতের সব ঘটনাই ঘটে ছিল এপ্রিল মাসে ইয়েমেনে চালানো তিনটি হামলার কারণে। বেসামরিক হতাহতের বিষয়ে পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনের অংশ হিসেবে ওই অননুমোদিত (শ্রেণীবদ্ধ নয় এমন) প্রতিবেদনটি মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছিল।

এনবিসি নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর অ্যাসোসিয়েটেড প্রেস এটি হাতে পায়। পেন্টাগনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপির সঙ্গে কথা বলেন, কারণ তিনি রিপোর্টটি নিয়ে প্রকাশ্যে আলোচনা করার জন্য অনুমোদিত ছিলেন না। ওই কর্মকর্তা জানান, বিভাগটি আগামী মাসগুলোতে আনুষ্ঠানিকভাবে এটি জমা দেবে।

এই সংখ্যাটি ২০১৪ সালের তুলনায় অনেক বেশি, কারণ ওই সময় পেন্টাগনের হিসাবে মার্কিন সামরিক অভিযানে দুজন বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছিলেন। হামলাগুলো বিদ্রোহী-নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকায় হুথি বাহিনী এবং রাস ইসা জ্বালানি বন্দরকে লক্ষ্য করে চালানো হয়েছিল।

রাস ইসা বন্দরে চালানো হামলাটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। এতে ৮০ জন নিহত ও ১৭১ জন আহত হন। ওই হামলায় আকাশে বিশাল অগ্নিকুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং বন্দরে থাকা ট্যাঙ্কার ট্রাকগুলোও জ্বলতে থাকে। হুথিরা পরবর্তীতে তাদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে হামলার পরবর্তী পরিস্থিতির দৃশ্য প্রচার করে, যেখানে ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মৃতদেহ দেখা যায়।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের তদারককারী সংস্থা ‘ইউএস সেন্ট্রাল কমান্ড’ (সেন্টকম) ওই সময় জানিয়েছিল যে, হুথিদের জ্বালানি ও আয়ের উৎস বিচ্ছিন্ন করাই ছিল হামলার লক্ষ্য। ২০১৫ সালের এপ্রিলে এই হামলার পর সেন্টকম বলেছিল, এই হামলার উদ্দেশ্য ইয়েমেনের জনগণের ক্ষতি করা ছিল না।

সংস্থাটি আরও জানায় যে, ইরান-সমর্থিত হুথি সন্ত্রাসীদের জ্বালানির উৎস ধ্বংস করতে এবং তাদের ওই অবৈধ আয়ের পথ বন্ধ করার জন্য মার্কিন বাহিনী এই পদক্ষেপ নিয়েছিল। ওই অর্থ ব্যবহার করে হুথিরা এক দশকেরও বেশি সময় ধরে পুরো অঞ্চলে ত্রাস সৃষ্টি করে আসছে।

তবে, মার্কিন গোয়েন্দা তথ্য, বিভিন্ন ছবি ও উন্মুক্ত উৎসের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পেন্টাগনের পর্যালোচনা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছায় যে, ওই তিনটি হামলার ফলে বেসামরিক মানুষের ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনাই ছিল প্রবল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ভুক্তভোগী বা তাদের পরিবারকে ক্ষতিপূরণ বা সান্ত্বনা-সূচক অর্থ প্রদানের বিষয়টি যথাযথ ছিল না; যদিও এর কারণ ব্যাখ্যা করা হয়নি। মার্কিন আইন অনুযায়ী এ ধরনের অর্থ প্রদান বাধ্যতামূলক নয় এবং এটি কোনো অপরাধ স্বীকারের শামিলও নয়। তবে, অতীতে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র এমন অর্থ সহায়তা প্রদান করেছে। যেমন, ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ভুলবশত সাত শিশুসহ ১০ জন নিহত হওয়ার পর পেন্টাগন জানিয়েছিল যে তারা নিহতদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইয়েমেনে মার্কিন অভিযানের ফলে হতাহতের চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত, বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে বেসামরিক হতাহতের খবর পাওয়ার পর সেন্টকম আরও ১৫টি ঘটনা পর্যালোচনা করছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন সামরিক অভিযানের ফলে বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি নতুন করে কঠোর পর্যালোচনার মুখে পড়ার মধ্যেই এই তথ্যগুলো সামনে এল।

চলতি বছরের শুরুর দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের শুরুর দিনগুলোতে একটি মার্কিন ক্ষেপণাস্ত্র দেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানে, এতে ১৬৮ জন পর্যন্ত মানুষ নিহত হয়। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বেসামরিক মানুষের ক্ষতি কমানোর দায়িত্বে থাকা পেন্টাগনের একটি দপ্তরের আকারও কমিয়ে এনেছেন।

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুথি গোষ্ঠী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার পর, ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মার্কিন সেনাবাহিনী প্রথমবার ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। হুথিরা জানিয়েছিল, গাজায় যুদ্ধের জেরে ইস্রাইলের ওপর চাপ সৃষ্টি এবং ফিলিস্তিনিদের সমর্থন জানানোর লক্ষ্যেই ওই হামলাগুলো চালানো হয়েছিল।

২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই অভিযান আরও জোরদার হয়। ওয়াশিংটন জানায় যে, হুথিদের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং লোহিত সাগর দিয়ে নৌচলাচল সুরক্ষিত রাখা ছিল এসব হামলার লক্ষ্য।

ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক পাচারের অভিযোগে যেসব নৌকায় হামলা চালানো হয়েছিল, সেগুলোতে হতাহতের ঘটনা পেন্টাগনের এই মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। প্রতিটি হামলার পর ঘোষিত মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ওই সব হামলায় ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে।

ট্রাম্প প্রশাসন যাদের লক্ষ্যবস্তু বানিয়েছে তাদের ‘নারকো-টেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে; অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলাগুলোকে বেআইনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নও যাদের লক্ষ্যবস্তু করা হয়েছে, তাদের বিষয়ে প্রশাসনের দাবিগুলোকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে।

সূত্র: আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়েদারল্ড ও হেডকে ফেরালেন হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৯ এম


ওয়েদারল্ড ও হেডকে ফেরালেন হাসান মাহমুদ

ডারউইন টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে পেসার হাসান মাহমুদ শুরু থেকেই অস্ট্রেলিয়ান ওপেনারদের পরীক্ষায় ফেলছিলেন। ঘাসের উইকেটে তিনি দু’দিকেই সুইং করিয়ে বল করে যাচ্ছিলেন। ইনিংসের তৃতীয় ওভারে অজি ওপেনার ট্রাভিস হেড বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলেছিলেন। তবে বল নিরাপদ জায়গায় পড়েছিল।

এরপরের ১২ ও ১৪তম ওভারে জ্যাক ওয়েদারল্ডকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এবং ট্রাভিস হেডকে বোল্ড করে হাসান জোড়া আঘাত হানেন। অস্ট্রেলিয়ায় ওয়েদারল্ড ও হেড দুটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করে।

হাসানের অফ স্টাম্পের বেশ বাইরের দিকে বেরিয়ে যাওয়া বল দিয়ে জ্যাক ওয়েদারল্ড ফাঁদে পড়েন। সেটিকে তালুবন্দি করেন লিটন কুমার দাস। এরপর হেড স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়ে চাপ এড়াতে চেষ্টায় ছিলেন। প্রথম দুই ডেলিভারিতে ৬ রান নেওয়ার পর, হাসান তৃতীয় বলটি হালকা সুইং করান। এতে অজি তারকার ব্যাট ছুঁয়ে স্টাম্পের বেল উড়ে যায়।

এর আগে ২৩ বছর পর বাংলাদেশকে টেস্টে আতিথ্য দিতে নেমে অস্ট্রেলিয়া টস জিতে। শুরুতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক ওপেনারদের দুই প্রান্ত ধরে চ্যালেঞ্জ জানান হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। তবে হাসান তুলনামূলকভাবে বেশি উজ্জ্বল ছিলেন। সুইং ও লাইন-লেংথে তিনি কয়েকবার হেড ও ওয়েদারল্ডকে বিপাকে ফেলেন।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, জ্যাক ওয়েদারল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বাস ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%