ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা আব্দুল মালেক সর্দার গ্রেফতার


কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা আব্দুল মালেক সর্দার গ্রেফতার

কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সর্দারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

রোববার (২২ নভেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন রোববার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আব্দুল মালেক সর্দারকে ইবি থানার পুলিশ গ্রেফতার করে। পরে রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: খুলনায় শিশুদের লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তিনি কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা আব্দুল মালেক সর্দারকে আটক করেন। পরে রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: অবসরের চার মাস আগে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় স্তন ক্যান্সার স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় স্তন ক্যান্সার স্ক্রিনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলীতে স্তন ক্যান্সার সচেতনতা, স্বাস্থ্য পরীক্ষা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (এসজেডএমসি) এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে আয়োজিত এ কর্মসূচিতে ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। এ কর্মসূচির নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট সহকারী অধ্যাপক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

প্রধানমন্ত্রীর জন্মদিনকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নারী শিক্ষার্থীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং, সচেতনতামূলক আলোচনা, চিকিৎসকদের সঙ্গে প্রশ্নোত্তর এবং বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের স্তন ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

পরে স্তন ক্যান্সারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে তথ্যসমৃদ্ধ উপস্থাপনা করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. শরীফ সুলতান মাহবুব।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মনোয়ারুল কাদির বিটু বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্তন ক্যান্সার বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে।

তিনি আরো বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিশ্রম, পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। প্রধানমন্ত্রীর জন্মদিনের আনন্দকে মানুষের কল্যাণে কাজে লাগানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল সৈয়দ আহম্মদ কলেজের নারী শিক্ষার্থীদের স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক এ কার্যক্রম পরিচালনা করেন। এসময় শিক্ষার্থীরা চিকিৎসকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তরে অংশ নিয়ে রোগের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পর্কে পরামর্শ নেন।

ডা. সাজ্জাদ হোসেন রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও রংপুর মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুহ. জহুরুল হক।

এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

এ ছাড়া বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মেডিক্যাল কলেজের সহকারী পরিচালক ডা. আমিনুর রহমান হীরা, বগুড়া জেলা বিএমএর সদস্য সচিব অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া কেন্দ্রের পরিচালক মো. আনিসুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. আনিসুর রহমান, ডা. শফিউল আলম বিটু, ডা. ইউনুস আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. ইশরাত সুলতানা জিমি, ডা. তাপস দাস, ডা. মনিরুজ্জামান মনির, ডা. আব্দুল আলীম, ডা. গোলাম মোস্তফা রাব্বি ও ডা. রাজিব হোসেনসহ ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তাও তুলে ধরেন আয়োজকরা।

পরে ডা. বিটু স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গাবতলীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘ছোঁয়া একাডেমি’ এবং সেবামূলক প্রতিষ্ঠান ‘তোমাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট’ পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম ও শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ এবং সেবার বিষয়ে খোঁজ-খবর নেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি হচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


চপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি হচ্ছেন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবকের দায়িত্ব গ্রহণের পর, গত ১৮ জুলাই ২৭টি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির ঘোষণা করা হয়। তখন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রজ্ঞাপনে উল্লেখ করে, তিন মাসের মধ্যে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। এনএসসির নির্দেশনার আলোকে নতুন অ্যাডহক কমিটি গঠনের তিন মাসের মধ্যে প্রথম নির্বাচন আয়োজনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন। এই ফেডারেশনের নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই দিন আরচ্যারি ফেডারেশনের ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে বর্তমান সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চপলের পুনর্নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে গেছে। তফসিল অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ৬২ জন কাউন্সিলর ২৯টি পদে ভোট প্রদান করবেন। পাঁচটি সহ-সভাপতি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ছয়জন। সাধারণ সম্পাদক পদে তিনজন, দুই যুগ্ম সম্পাদক পদে তিনজন এবং কোষাধ্যক্ষ পদে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৯টি সদস্য পদের বিপরীতে প্রার্থী ২২ জন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি চপল মন্তব্য করেন, ‘অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) চার্টার ও আন্তর্জাতিক ফেডারেশনের বিধিমালা অনুযায়ী জাতীয় ফেডারেশন নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত বলে মনে করি আমি।’ তিনি আরও যোগ করেন, ‘নির্বাচিত হলে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ প্রতিটি সদস্যের দায়িত্ব ও জবাবদিহিতা বেড়ে যায়।’ নির্বাচনে কোনো প্যানেল, রাজনীতি বা পক্ষপাতের সুযোগ নেই বলেও তিনি দাবি করেন। বাংলাদেশ আরচ্যারি দলকে বিশ্বের শীর্ষ ১০ দেশের পর্যায়ে নিয়ে যাওয়াকে লক্ষ্য হিসেবে উল্লেখ করে চপল জানান, সরকারের সহযোগিতায় সাত বছরের একটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় কোচের সংখ্যা বাড়ানোর পাশাপাশি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা আরও সুসংগঠিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। চপলের ভাষায়, ‘এই সাত বছরের মহাপরিকল্পনাই আমাদের প্রধান ইশতেহার।’

নির্বাচনে কোনো প্রভাব বা হস্তক্ষেপের অভিযোগও নাকচ করে চপল বলেন, প্রার্থীরা নিজেদের আগ্রহেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে আইওসির নীতি অনুসরণ করাই তাদের লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলেন জিয়াদুর রহমান

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পেয়েছেন মো. জিয়াদুর রহমান। এর আগে তিনি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। এর মধ্যে মো. জিয়াদুর রহমানকে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন করলেন ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন করলেন ববি হাজ্জাজ

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ঢাকা-১৩ আসনের নাগরিক সমস্যার দ্রুত সমাধান, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় তার নির্বাচনী এলাকার ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, এসব কমিটিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কমিটি, বাড়ি মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয়, ঢাকা ওয়াসা এবং ডিপিডিসিসহ সংশ্লিষ্ট সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন।

এভাবে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

রোববার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্যের কার্যালয় আয়োজিত ‘সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে মতবিনিময়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, এলাকার নাগরিক সমস্যার সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। তবে তিনি বলেন, শুধুমাত্র জনপ্রতিনিধি বা প্রশাসনের ওপর নির্ভর করলেই হবে না; স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব সেবা সংস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। এ লক্ষ্যেই ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা চাই, মহল্লার মানুষকে তাদের ছোট ছোট নাগরিক সমস্যা নিয়ে বারবার বিভিন্ন দপ্তরে ছুটতে না হোক। এলাকার সমস্যা এলাকার নাগরিক কমিটিকে জানাবেন। সেখানে পুলিশ, ওয়াসা, ডিপিডিসি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি থাকবেন। তারা বিষয়গুলো শুনে সমন্বয় করবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন।

সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি সতর্ক করেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ববি হাজ্জাজ বলেন, আমরা দীর্ঘদিন নানা ত্যাগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে এসেছি। এখন আমাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের কারণে এলাকার পরিবেশ নষ্ট করা যাবে না। তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এলাকার শান্তি নষ্ট করতে পারবে না।

মামলা ও আইনি হয়রানির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে যেসব নেতাকর্মী মামলা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন, তাদের সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংসদ সদস্যের কার্যালয়ে জমা দিতে হবে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

এলাকায় অপরাধ দমনে প্রশাসনের ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কোথাও কোনো অন্যায় বা অপরাধ সংঘটিত হলে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ তাৎক্ষণিকভাবে তাকে বা তার কার্যালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধ হিসেবে কাজ করবে।

সভায় প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ শোনেন এবং আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা ও অন্যান্য সমস্যার তালিকা তার কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, ৭০টি মহল্লার নাগরিক কমিটির মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হবে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং ঢাকা-১৩ আসনকে আরও নিরাপদ, বাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), এসআরবির প্রতিনিধি (এএসপি), মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন থানার বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী ও সাধারণ জনগণও সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%