বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:১৪ এম
রাজধানীতে সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার নিকটবর্তী এলাকায় ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী কর্তৃক ছোড়া একটি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের পূর্বেই ড্রোনটি ধ্বংস করা হয়। জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি মক্কাকে লক্ষ্য করে হুথিদের দ্বিতীয় হামলার চেষ্টা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোট এই তথ্য প্রকাশ করেছে যে, ইয়েমেনের হুথি গোষ্ঠী মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। খবরটি আনাদোলুর মাধ্যমে এসেছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে এবং ধ্বংস করে। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ভূপাতিত হয় এবং এর ধ্বংসাবশেষ মক্কার দক্ষিণে গিয়ে পড়ে।
আল-মালিকি আরও বলেন, হুতিদের এটি মক্কাকে লক্ষ্য করে দ্বিতীয়বারের হামলার চেষ্টা। তিনি উল্লেখ করেছেন, এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
তিনি বলেন, দুই পবিত্র মসজিদ ও সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা ‘রেড লাইন’। ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে জোট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেছেন।
একদিন পূর্বে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় খামিস মুশাইত, আবহা ও তায়েফে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলায় সাতটি বাড়ি ও দুটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বছরের পর বছর তুলনামূলক শান্ত থাকার পর, গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত আবারও বেড়ে গেছে।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের কয়েকটি প্রদেশ দখল করার পর থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে। ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সংঘাতের কারণে দেশটির জন্য একটি ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি জারি করেছে। নতুন এই সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে এবং এটি লেভেল-৩ এ রাখা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে বুধবার (সেপ্টেম্বর ১৬) এই তথ্য প্রকাশ করা হয়েছে। খবরটি আলজাজিরা সূত্রে জানা যায়।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক মাধ্যমের কার্যক্রম সংক্রান্ত স্থানীয় আইনগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে।
এছাড়াও, সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবের কিছু অঞ্চলে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি রয়েছে।
অন্যদিকে, ইয়েমেন ভ্রমণের পরিকল্পনা করছেন এমন মার্কিন নাগরিকদের জন্য পূর্বে জারি করা লেভেল-৪ বা ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা এখনও কার্যকর রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের প্রথম আট মাসে ৭০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই সময়ে জেলায় মোট ১৮১টি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। আত্মহত্যার ঘটনায় তরুণ ও কিশোর-কিশোরীদের সংখ্যা বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলায় ১৮১টি অপমৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে আত্মহত্যার ঘটনা ৭০টি। আত্মহত্যাকারীদের মধ্যে ১৮ বছরের নিচে ১৫ জন, ১৯ থেকে ৩০ বছর বয়সী ২৯ জন, ৩১ থেকে ৪৫ বছর বয়সী ১২ জন, ৪৬ থেকে ৬০ বছর বয়সী ৯ জন এবং ৬০ বছরের বেশি বয়সী ৫ জন রয়েছেন। পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রেমঘটিত বিষয়, পরীক্ষায় ব্যর্থতা, অভিমান, পারিবারিক অশান্তি, দাম্পত্য কলহ, মানসিক চাপ, আর্থিক সংকট ও ঋণের বোঝার মতো বিভিন্ন কারণে অনেকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিচ্ছেন। বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণদের ক্ষেত্রে সাময়িক মানসিক চাপ বড় ধরনের প্রভাব ফেলছে। পরিসংখ্যানে দেখা যায়, ৭০টি আত্মহত্যার ঘটনার মধ্যে নারীর সংখ্যাও উল্লেখযোগ্য। পারিবারিক কলহ, দাম্পত্য অসন্তোষ, মানসিক চাপ ও সামাজিক প্রত্যাশার কারণে নারীদের একটি অংশ ঝুঁকির মধ্যে পড়ছেন। পাশাপাশি আর্থিক সংকট ও ঋণের চাপে উপার্জনক্ষম ব্যক্তিদের মধ্যেও হতাশা তৈরি হচ্ছে।
আত্মহত্যার পাশাপাশি পারিবারিক সহিংসতার ঘটনাও উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর গ্রামে পারিবারিক কলহের জেরে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেও গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। এর আগে মনাকষা ও ছত্রাজিতপুর ইউনিয়নেও পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার মতো ঘটনা ঘটেছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, একটি ভুল সিদ্ধান্ত বা সাময়িক মানসিক সংকটের কারণে একটি সম্ভাবনাময় জীবন যেন শেষ হয়ে না যায়। শিশু-কিশোরদের আচরণে পরিবর্তন বা হতাশার লক্ষণ দেখা দিলে বকাঝকা না করে তাদের পাশে দাঁড়াতে হবে এবং সহমর্মিতার সঙ্গে কথা বলতে হবে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে অভিভাবকদের শুধু সন্তানের ফলাফলের দিকে না তাকিয়ে তাদের মানসিক স্বাস্থ্যের প্রতিও নজর দিতে হবে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস আরও বলেন, আত্মহত্যা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে সচেতন হতে হবে। কোনো পারিবারিক বিরোধ, মানসিক সংকট বা হতাশার পরিস্থিতি তৈরি হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ