বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০২:২৩ পি.এম
নওগাঁ শহরে রিকশাচালক বাবাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলে সুমন (২৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (৮ জুলাই) রাতে ঢাকায় পালানোর সময় শহরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার (৬ জুলাই) নিজ বাড়িতে বাবা মাহাতাব সরকারকে (৬২) মারধর করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার সুমন নওগাঁ শহরের বনানীপাড়া এলাকার বাসিন্দা, এছাড়া নিহত মাহাতাব সরকারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সুমন কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন।
এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। প্রায় এক বছর আগে তার স্ত্রী সুমা স্বামীর মাদকাসক্তির কারণে তাকে রেখে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নিতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরে আসলে আবারও পারিবারিক বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, গত রবিবার (৫ জুলাই) রাতে সুমন বাবার কক্ষে গিয়ে শুয়ে পড়েন।
যেহেতু ঘুম আসছিল না, বাবা মাহাতাব সরকার তার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে ঘর থেকে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে একটি ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে মাহাতাব সরকার গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখাকে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। পরে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে শহরের সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সুমনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটিতে পঞ্চম দিনের মতো বৃষ্টিপাত চলছে। এর ফলে বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৩০টি গ্রামের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলোর অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।
বাঘাইছড়ি পৌর এলাকার মধ্যমপাড়া, মাস্টারপাড়া, মুসলিম ব্লক, হাজীপাড়া, এফ ব্লক ও পূর্ব লাইল্যাঘোনা এলাকা সম্পূর্ণরূপে পানিতে তলিয়ে গেছে। এর পাশাপাশি সাজেক, মারিশ্যা, বঙ্গলতলী, রূপকারী, খেদারমারা, বাঘাইছড়ি, সারোয়াতলী ও আমতলী ইউনিয়নের নিম্নাঞ্চলও প্লাবিত অবস্থায় রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় এবং বন্যাকবলিত মানুষের জন্য জেলায় ২০৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে জেলার ৪৪টি আশ্রয়কেন্দ্রে ৪ হাজার ১৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলাতেই প্রায় আড়াই হাজার পানিবন্দি মানুষ রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের তিন বেলা খাবার সরবরাহ করা হচ্ছে।
এদিকে, জেলায় এ পর্যন্ত ৯৭টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ধসের মাটি সড়কে পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, সাজেকে ঘুরতে যাওয়া পাঁচ শতাধিক পর্যটক দ্বিতীয় দিনের মতো সেখানে আটকা পড়ে আছেন। দীঘিনালা-সাজেক সড়কের পাঁচটি স্থানে পানি উঠে যাওয়ায় তারা সাজেক ত্যাগ করতে পারছেন না।
এছাড়া দ্বিতীয় দিনের মতো জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
কাপ্তাইয়ে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের মধ্যে বিজিবি জোনের পক্ষ থেকে খাবার বিতরণ করেছেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।
এদিকে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল বুধবার (৮ জুলাই) রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, কক্সবাজার এবং তিনটি পার্বত্য জেলায় ভূমিধসের একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতের দিকে আবহাওয়া অধিদপ্তর কর্তৃক এই সতর্কবার্তা জারি করা হয়।
এই সতর্কতায় বলা হয়েছে, ভারতের উত্তর পশ্চিম মধ্য প্রদেশ এবং আশপাশের অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গাণিতিক মডেলের পূর্বাভাস অনুসারে, এই সময়ে পাঁচ জেলায় মোট ২০০ মিলিমিটার থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় বিভিন্ন অঞ্চলের ভূমিধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা সনাক্ত করা হয়েছে।
সেগুলোর মধ্যে রয়েছে কক্সবাজারের টেকনাফ, উখিয়া এবং কক্সবাজার সদর উপজেলা। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭ নম্বর পশ্চিম ষোলশহর, ৮ নম্বর শুলকবহর, ৯ নম্বর উত্তর পাহাড়তলি এবং ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড এলাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও বান্দরবান সদর উপজেলা এবং রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা এলাকায়ও এসব ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে।
এ দিকে, আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছেন, ‘সপ্তাহের শুরুতে ভারি বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই ভূমিধসের সতর্কতা প্রদান করা হচ্ছিল। গতকাল রাতে গাণিতিক মডেলের তথ্যের ভিত্তিতে ভূমিধসের বিশেষ সতর্কতা আরোপ করা হয়েছে।
বৃষ্টির তীব্রতা হয়তো কিছুটা কমেছে, তবে আরো বৃষ্টি হবে। গত কয়েকদিনের বৃষ্টির ফলে এসব এলাকার পাহাড়ের মাটি নরম হয়ে গেছে, তাই পাহাড়ধসের ঝুঁকি বেড়ে গেছে।’
আবহাওয়া অফিসের পতেঙ্গা কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭১ দশমিক ৬ মিলিমিটার এবং দুপুর ১২টা পর্যন্ত ১৯২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে নগরীর আমবাগান আবহাওয়া অফিসে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৩৬ মিলিমিটার এবং দুপুর ১২টা পর্যন্ত ২১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বেলা সাড়ে ১২টার দিকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের খ্যাতনামা অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন ফ্যাশন স্টাইলিস্ট ও উদ্যোক্তা গৌরী স্প্র্যাটকে। দীর্ঘদিনের সম্পর্কের পরে তারা রোববার, ৫ জুলাই বিয়ে করেন। এদিকে, আলোচনায় উঠে এসেছে নতুন স্ত্রীকে আমির খানের দেওয়া উপহারের বিষয়টি।
জানা গেছে, বিয়েতে আমির খান তার নতুন স্ত্রীকে এক অমূল্য ও বিরল উপহার দিয়েছেন।
আমির খান তার স্ত্রীকে যে আংটিটি দিয়েছেন, তাতে একটি বিরল প্রাকৃতিক রুবি রয়েছে যা মাদাগাস্কার থেকে আনা হয়েছে। এছাড়া, আংটিতে ৪০টি হীরা উলেখযোগ্যভাবে সেট করা আছে এবং এতে শতাধিক কারিগরের দীর্ঘ সময়ের নিখুঁত কারুকাজ দেখে মুগ্ধ হওয়া যায়।
বর্তমানে গৌরীর বিয়ের এই আংটিটি পুরো বলিউডে নতুন আলোচনার সৃষ্টি করেছে।
গৌরী স্প্র্যাট ৪৭ বছর বয়সী, তিনি ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তাঁর মা সেখানে একটি পরিচিত বিউটি সেন্টার পরিচালনা করতেন। এই পারিবারিক পরিবেশের ফলে সৌন্দর্য ও ফ্যাশন শিল্পের প্রতি গৌরীর আগ্রহের সৃষ্টি হয়েছে। বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার আগে তিনি পোশাক ডিজাইন ও টেক্সটাইল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
২০০৭ সালে গৌরী ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন 'বিব্লান্ট'-এর সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে তিনি মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনা করছেন। পাশাপাশি, আমির খান প্রোডাকশনের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন।
শিক্ষাগত দিক থেকে গৌরী ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে তারপর যুক্তরাজ্যে চলে যান। তিনি ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
গৌরীর পারিবারিক পরিচিতি বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত।
৬১ বছর বয়সী আমির খান মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘরোয়া পরিবেশে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন। গত বছর, আমির তাঁর ৬০তম জন্মদিনে গৌরীকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন।
এর আগে, আমির খান ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে তাদের সঙ্গে যথাক্রমে ২০০২ ও ২০২১ সালে তাঁর বিবাহবিচ্ছেদ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত দুই দিনে ইরানের পাঁচটি প্রদেশে মার্কিন হামলার ফলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ৭৮ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থা এক্স-এ একটি পোস্টে লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ও ৯ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালিয়েছে।’
ইরানের এই হামলায় ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন, জানিয়েছেন তিনি।
মন্ত্রণালয়ের তথ্যমতে, আহতদের মধ্যে ৪৭ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যদিকে বাকি ভুক্তভোগীদের চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে এক হামলায় তিনজন নিহত হয়েছেন।
গত মাসে স্বাক্ষরিত একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংকটের প্রেক্ষাপটে হতাহতের এই সর্বশেষ পরিসংখ্যান সামনে এসেছে।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ এবং তাদের সঙ্গে আলোচনা করা মানে সময় নষ্ট।
মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে যুক্তরাষ্ট্র ইরানকে অভিযুক্ত করার পর এ উত্তেজনা শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ইরানের দক্ষিণ উপকূল বরাবর সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালায়। পরে, ইরানও পাল্টা হামলা চালায়।
এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুই দিনে চালানো এই অভিযানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামো, নৌ সক্ষমতা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিভিন্ন স্থাপনাসহ ১৭০টিরও বেশি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা আরও জানায়, আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর আরও হামলা প্রতিরোধ করাই ছিল এই হামলার উদ্দেশ্য।
এর জবাবে, ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা বলে দাবি করা স্থানগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
নিজেদের সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিল।
তবে, বুধবার ট্রাম্প ঘোষণা করেন যে এই সমঝোতা স্মারকটি ‘শেষ’ হয়ে গেছে, যা কার্যকরভাবে চুক্তিটির অবসান ঘটায় এবং নতুন করে সামরিক সংঘাতের সূচনা করে।
সূত্র: আনাদোলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ