মোঃআসাদুজ্জামান শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
০৯:০৯ পি.এম
মাদারীপুরের শিবচরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির একদল গ্রাহক।বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শিবচর শাখার সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তাদের অভিযোগ, ব্যাংকের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কিছু সিদ্ধান্তের মাধ্যমে খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করেছে।বক্তারা আরও বলেন, আমানতকারীদের অর্থের নিরাপত্তা এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা আগামী সাত দিনের মধ্যে চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।কর্মসূচি শেষে আন্দোলনকারীরা ইসলামী ব্যাংক শিবচর শাখার ব্যবস্থাপকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর হামলার অভিযোগ তুলে তারা এর প্রতিবাদ জানান এবং প্রতীকী কর্মসূচি হিসেবে এক ঘণ্টার কর্মবিরতির আহ্বান করেন।
তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক শিবচর শাখা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের উদ্যোগে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ, বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
এই বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার বিকাল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়। মিছিলে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ সভাপতিত্ব করেন।
এছাড়া, মহানগরী সেক্রেটারী মু. মাহবুবর রহমান এর পরিচালনায় বক্তৃতা করেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সেক্রেটারী সাইফুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।
তিনি উল্লেখ করেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। কারণ এতে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া, বক্তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। অন্যথায় জনদুর্ভোগ সৃষ্টি করা এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বক্তারা।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্যদের মধ্যে অধ্যাপক জাকির হোসেন, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই প্রতিবাদে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্যকারী ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের অংশ বলে সন্দেহভাজন একটি তেলবাহী ট্যাঙ্কারের ক্যাপ্টেনকে আটকের একদিন পর ফ্রান্স কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে।
আজ বৃহস্পতিবার, দেশটির এক প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের পাবলিক প্রসিকিউটর স্টেফান কেলেনবার্গার বলেন, ‘জটিল ও সময় সাপেক্ষ বিচারিক তদন্ত অব্যাহত রাখার সুযোগ করে দিতে’ প্রায় একদিন আটক রাখার পর বুধবার গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভুয়া পতাকা ব্যবহার করার সন্দেহে ফরাসি নৌবাহিনী গত রোববার ‘টাগর’ নামের যে ট্যাঙ্কারটি আটক করেছিল, সেটি ব্রিটানির দোয়ারনেনে উপসাগরেই অবস্থান করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আদালতে হাজিরা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ অর্ধশতাধিক স্থানীয় নেতাকর্মী।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ চাঁদপুর জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদ এবং অন্যান্য নেতাকর্মীরা গত জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত নাশকতা ও রাজনৈতিক মামলায় নিয়মিত হাজিরা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে আইনজীবীর মাধ্যমে তারা চাঁদপুর আদালতে হাজির হন।
এ সময় তারা একত্রে সাক্ষাৎ করে আদালত প্রাঙ্গণে কিছুটা সময় কাটান। ছবিতে দেখা যাচ্ছে আদালত প্রাঙ্গণে নেতৃবৃন্দকে। কিছুদিন আগে জামাত-বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মামলায় হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে দেখা যেত। তবে এখন সেই দৃশ্য দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরে বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা অনুযায়ী সব দোকানপাট ও শপিংমলকে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ রাখতে বলা হয়েছে। চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীদেরকে এই নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে ব্যবসায়ীদের অবগত করার জন্য চাঁদপুর চেম্বার এর পক্ষ থেকে শহরে ব্যাপক মাইকিং করা হয়েছে। পূর্বে এই বিষয়ে আরও একবার মাইকিং করা হয়েছিল।
এক জরুরী বিজ্ঞপ্তিতে চাঁদপুর চেম্বার চাঁদপুরের সর্বস্তরের ব্যবসায়ীদের জানায় যে, সন্ধ্যা ৭ টায় সকল দোকানপাট বন্ধ করার জন্য ইতোমধ্যে সরকারি নির্দেশনা জারি হয়েছে। চাঁদপুর চেম্বার এর পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সম্মানিত ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়। কিছু ব্যবসায়ী সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৭ টার পরও দোকান খোলা রেখেছে, যা আইনের স্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায় পুনরায় আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদেরকে অনুরোধ জানানো হচ্ছে যে, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হবে। সভাপতি সুভাষ চন্দ্র রায় অনুরোধ করেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জরুরি পরিষেবা ব্যতীত অন্য সকল দোকান, শপিংমল, বিলবোর্ড, চলমান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই অনুযায়ী চেম্বার অব কমার্স সকল ব্যবসায়ীদের অনুরোধ করছে যে, সন্ধ্যা সাতটার মধ্যে দোকানপাট বন্ধ রাখুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ