ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

আদালতে হাজিরা দিলেন জেলা আ.লীগ সভাপতিসহ নেতাকর্মীবৃন্দ


আদালতে হাজিরা দিলেন জেলা আ.লীগ সভাপতিসহ নেতাকর্মীবৃন্দ

আদালতে হাজিরা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদসহ অর্ধশতাধিক স্থানীয় নেতাকর্মী।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ চাঁদপুর জেলা সভাপতি নাসির উদ্দিন আহমেদ এবং অন্যান্য নেতাকর্মীরা গত জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কিত নাশকতা ও রাজনৈতিক মামলায় নিয়মিত হাজিরা দিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে আইনজীবীর মাধ্যমে তারা চাঁদপুর আদালতে হাজির হন।

এ সময় তারা একত্রে সাক্ষাৎ করে আদালত প্রাঙ্গণে কিছুটা সময় কাটান। ছবিতে দেখা যাচ্ছে আদালত প্রাঙ্গণে নেতৃবৃন্দকে। কিছুদিন আগে জামাত-বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মামলায় হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে দেখা যেত। তবে এখন সেই দৃশ্য দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চাঁদপুরে

সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে ব্যবসায়ীবৃন্দকে চেম্বারের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে ব্যবসায়ীবৃন্দকে চেম্বারের অনুরোধ

চাঁদপুরে বিদ্যুৎ সাশ্রয়ের সরকারি নির্দেশনা অনুযায়ী সব দোকানপাট ও শপিংমলকে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ রাখতে বলা হয়েছে। চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীদেরকে এই নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে ব্যবসায়ীদের অবগত করার জন্য চাঁদপুর চেম্বার এর পক্ষ থেকে শহরে ব্যাপক মাইকিং করা হয়েছে। পূর্বে এই বিষয়ে আরও একবার মাইকিং করা হয়েছিল।

এক জরুরী বিজ্ঞপ্তিতে চাঁদপুর চেম্বার চাঁদপুরের সর্বস্তরের ব্যবসায়ীদের জানায় যে, সন্ধ্যা ৭ টায় সকল দোকানপাট বন্ধ করার জন্য ইতোমধ্যে সরকারি নির্দেশনা জারি হয়েছে। চাঁদপুর চেম্বার এর পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সম্মানিত ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়। কিছু ব্যবসায়ী সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৭ টার পরও দোকান খোলা রেখেছে, যা আইনের স্পষ্ট লঙ্ঘন।

এমতাবস্থায় পুনরায় আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদেরকে অনুরোধ জানানো হচ্ছে যে, সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হবে। সভাপতি সুভাষ চন্দ্র রায় অনুরোধ করেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জরুরি পরিষেবা ব্যতীত অন্য সকল দোকান, শপিংমল, বিলবোর্ড, চলমান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই অনুযায়ী চেম্বার অব কমার্স সকল ব্যবসায়ীদের অনুরোধ করছে যে, সন্ধ্যা সাতটার মধ্যে দোকানপাট বন্ধ রাখুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টের মধ্যেই শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণের পরিকল্পনা সরকারের: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


আগস্টের মধ্যেই শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণের পরিকল্পনা সরকারের: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ড্রেস (ইউনির্ফম) ও জুতা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই করা হবে।

তিনি বলেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার। বিশেষ করে সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এই উদ্যোগ বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় জুতার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ বিষয়ে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় ববি হাজ্জাজ বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠনগুলো ইতোমধ্যে সরকারের উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের সহযোগিতায় পাইলট প্রকল্পের জন্য ৪ লাখেরও বেশি ড্রেস পাওয়া যাচ্ছে।

একইভাবে দেশের জুতা শিল্পের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সহযোগিতা প্রত্যাশা করছে সরকার।

তিনি আরো বলেন, পাইলট পর্যায়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সাদা রঙের ভেলক্রোযুক্ত (ফিতাবিহীন) কেডস সরবরাহের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

যেহেতু প্রথম শ্রেণির অধিকাংশ শিক্ষার্থীর বয়স প্রায় ছয় বছর, তাই উপযুক্ত সাইজ, ছেলে-মেয়েদের চাহিদা এবং সরবরাহযোগ্য সংখ্যা নিয়ে প্রতিষ্ঠানগুলোর মতামত নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য অনুদানের পরিমাণ, সরবরাহের সময়সীমা এবং উৎপাদন ব্যয়ের কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান।

তিনি বলেন, ভবিষ্যতে বৃহৎ পরিসরে জুতা সরবরাহের জন্য সরকার ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা হবে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং দেশের জুতা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইমচরে ওমর ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


হাইমচরে ওমর ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৭

চাঁদপুরের হাইমচরে সংঘটিত ওমর ফারুক হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে সাতজন। এজাহারনামীয় পাঁচজন নারী এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোরসহ মোট সাতজনের গ্রেফতারের তথ্য জানিয়েছে হাইমচর থানা পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার ৩ জুন হাইমচর থানায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০৭/৩০২/৩৪ ধারায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয় (যার এফআইআর নং-৫, জি আর নং-১৩৭)।

মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে তৎপর হয়ে উঠেছে পুলিশ। হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের সার্বিক দিক-নির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষ ও পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার ২নং উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট লক্ষ্ণীপুর (মৃধা বাড়ি) গ্রামের বিল্লাল হোসেন মৃধার স্ত্রী আখি আক্তার (২৩), সানাউল্যাহ মৃধার স্ত্রী নাজমা বেগম (৪৫), জব্বর মৃধার স্ত্রী লাকী বেগম (৩০), হাবিব মৃধার স্ত্রী সোনিয়া বেগম (১৯) এবং মৃত রুহুল আমিন মৃধার স্ত্রী তয়মুনন্নেছা (৫৫)।

এ ছাড়া একই অভিযানে আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোরকে গ্রেফতার করা হয়। তারা হলো ছোট লক্ষ্ণীপুর গ্রামের সানাউল্যাহ মৃধার ছেলে জুম্মান মৃধা (১৫) এবং গাজীপুরের জয়দেবপুর থানার টেক কাতরা এলাকার মৃত পিন্টুর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৩)। হত্যাকাণ্ডের বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে মূল আসামিদের আইনের আওতায় এনেছে। অপরাধের সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে তদন্ত এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন দুপুরে হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ছোট লক্ষ্ণীপুর গ্রামের মৃধা বাড়িতে ইজমালি পুকুরের ঘাটলা নির্মাণের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওমর ফারুক (২২) নামে যুবককে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায়, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজের বিধান লঙ্ঘন করার কারণে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে এই নোটিশ প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এটি প্রদান করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নোটিশ জারির ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী ৭ জুন বিকেল ৪টার পূর্বে হাসপাতালটির মালিক ডা. শেখ মহিউদ্দিনকে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

অধিদপ্তরের নোটিশে জানানো হয়, ২৭ মে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তদন্তকালে কমিটি হাসপাতালের ডিজি, এডি, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্মরত চিকিৎসক, ঘটনাস্থলে দায়িত্ব পালনরত নার্স, আয়া এবং রোগী ও রোগীর অ্যাটেনডেন্টসহ মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করে।

তদন্ত কমিটির প্রতিবেদনে যা উঠে এসেছে, তাতে কমিটির কাছে প্রতীয়মান হয় যে, হাসপাতালটি পরিচালনার ক্ষেত্রে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২ এর বিধানগুলো যথাযথভাবে পালিত হয়নি, যার ফলস্বরূপ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সুতরাং, কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের দায় নিরূপণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উলে¬খ করা হয়, আদ-দ্বীন হাসপাতালটি উক্ত অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী নিবন্ধিত। তদন্তে আইন লঙ্ঘনের প্রমাণ মেলার পর, ধারা মোতাবেক কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, তার যৌক্তিক কারণ আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে বা লিখিতভাবে জানানোর জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%