ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন


তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

আশ্বিন-কার্তিক মাসে দেশের উত্তরাঞ্চলে একসময় কাজের অভাবে তীব্র খাদ্য সংকট দেখা দিত, যা স্থানীয় ভাষায় ‘মঙ্গা’ বা দুর্ভিক্ষ নামে পরিচিত ছিল। বর্ষাকালে বন্যা ও নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে তিস্তার চরের মানুষ নিঃস্ব হয়ে পড়ত এবং বেঁচে থাকার জন্য চরম কষ্টে দিন কাটাতে হতো।

মঙ্গাপীড়িত উত্তরাঞ্চলের কৃষকদের স্বাবলম্বী করার জন্য সরকার বিভিন্ন প্রণোদনা গ্রহণ করেছে। মৌসুমের শুরুতে কৃষকদের সার-বীজসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। এসব সুযোগ সুবিধা পাওয়ার পর উত্তরের নদ নদীতে জেগে ওঠা চরে কৃষকরা নানা ধরনের ফসল ফলানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

কৃষি বিভাগ জানায়, তিস্তা, ধরলা, সানিয়াজান ও ব্রহ্মপুত্র নদীর চরে অন্তত ৪শ’ ৬২টি চর জেগে উঠেছে। এসব চরের অন্তত ৩৩ হাজার হেক্টর জমিতে কৃষকরা বিভিন্ন ধরনের রবিশস্য চাষাবাদ করবেন।

আরও পড়ুন: লোকসানের শঙ্কার মধ্যেই আগাম আলু চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, "চরের জমি অস্বাভাবিক উর্বর হওয়ায় চরের কৃষকদের আর পিছনে ফিরে তাকাতে হয় না। যে ফসল তারা আবাদ করেন, তা দিয়ে তাদের চলে ১২ মাস।"

বর্তমানে তিস্তার চরাঞ্চলে আগাম ভুট্টা চাষ শুরু হয়েছে। চরের বিস্তীর্ণ জমিতে বীজ রোপণের কাজ চলছে। পুরুষদের পাশাপাশি নারীরাও এসব কাজে অংশ নিচ্ছেন। তারা দিনভর মাঠে কাজ করে দৈনিক ৩৫০ থেকে ৪০০ টাকা মজুরি পাচ্ছেন। নিজেদের শ্রমের মাধ্যমে উপার্জিত এ অর্থ দিয়ে সংসারের খরচে সহায়তা করার পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও বহন করছেন অনেকে।

লালমনিরহাটের হাতীবান্ধার পারুলিয়া তিস্তার চরাঞ্চলে গিয়ে দেখা গেছে, ক্ষেতে আগাম ভুট্টা চাষের ব্যস্ততা চলছে। এ কর্মব্যস্ততার মধ্য দিয়ে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে চরাঞ্চলের নারীরা নিজেদের স্বাবলম্বী করে তুলছেন।

সরেজমিনে দেখা যায়, তিস্তার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চর। কোথাও সদ্য প্রস্তুত করা জমি, কোথাও চলছে আগাম ভুট্টার বীজ রোপণ। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন নারীরাও। কারও হাতে বীজ, কেউ ব্যস্ত সারি ধরে বীজ রোপণে। পুরুষ শ্রমিকদের পাশাপাশি পাঁচ-ছয়জনের ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করছেন নারীরাও। সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের কর্মব্যস্ততা অব্যাহত থাকে। তিস্তার চরাঞ্চলের মানুষের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন কৃষি। মৌসুমভিত্তিক ফসলের ওপর নির্ভর করেই এখানকার অসংখ্য পরিবারের জীবন-জীবিকা চলে। আগাম ভুট্টা চাষ শুরু হওয়ায় কৃষিজমিতে কর্মচাঞ্চল্য ফেরার পাশাপাশি নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারীদের জন্য কৃষিশ্রম হয়ে উঠেছে বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম।

আরও পড়ুন: দেবীগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট, দাম কমে হতাশ কৃষক

এমনই এক নারী শ্রমিক পারুল বেগম। তিনি ওই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের বাসিন্দা। ভুট্টার বীজ রোপণ করে প্রতিদিন ৪০০ টাকা মজুরি পান তিনি। নিজের উপার্জিত অর্থ দিয়ে সংসারের খরচে সহযোগিতা করার পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও বহন করছেন বলে জানান তিনি।

পারুল বেগম বলেন, "প্রতিদিন ভুট্টার বীজ রোপণ করে ৪শ’ টাকা পাই। এ টাকা দিয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারছি। নিজের আয় থাকায় সংসারেও কিছুটা স্বস্তি এসেছে।"

একই এলাকার রমিছা বেগম বলেন, "সংসারে অভাব-অনটন লেগেই থাকে। শুধু স্বামীর আয়ে সব খরচ চালানো কঠিন। তাই নিজেরাও মাঠে কাজ করতে নেমেছি। এতে সংসারের আর্থিক চাপ কিছুটা কমছে।"

সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা গুলনাহার বেগম বলেন, "নারীরা এখন আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। পরিবার, সমাজ ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিস্তার চরাঞ্চলের নারীরা কৃষিকাজ করে সংসারের হাল ধরছেন, সন্তানদের পড়াশোনার খরচ জোগাচ্ছেন।"

আরও পড়ুন: বদরগঞ্জে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত

তিনি বলেন, "নারীদের এ পরিশ্রম, সাহস ও আত্মনির্ভরশীলতা সত্যিই প্রশংসনীয়। যথাযথ সুযোগ ও সম্মান পেলে নারীরা নিজেদের যোগ্যতা দিয়ে পরিবার ও সমাজকে আরও এগিয়ে নিতে পারবেন।"

রংপুরের চর ইচলি, চর মহিপুর, চর বাগেরহাটসহ বেশ কিছু চর ঘুরে দেখা গেছে, নারী-পুরুষরা মিলে চরে কাজ করছেন। কেউবা লাগাচ্ছেন সবজি, কেউবা জমিতে চাষাবাদ করছেন ভুট্টার।

কৃষকরা বলছেন, তিন মাসের ফসলেই তাদের সংসার চলে ৬ মাস। সরকারি সহযোগিতা পাওয়ায় তারা বেজায় খুশি। তাদের ভাষ্য অনুযায়ী, চরের জমি পলিময় হওয়ায় সব ধরনের ফসলই ভালো হয়। শ্রমও কম দিতে হয়। তাই তারা চরের ফসলের দিকে সব সময় তাকিয়ে থাকেন।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন মিয়া বলেন, "চলতি মৌসুমে এ উপজেলার তিস্তার চরাঞ্চলে ২ হাজার ২৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন চরে আগাম ভুট্টা চাষ শুরু হয়েছে। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও কৃষিশ্রমিক হিসেবে কাজের সুযোগ পাচ্ছেন। তাদের এই অংশগ্রহণ সংসারে বাড়তি আয়ের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হতে সহায়তা করছে।"

আরও পড়ুন: শেরপুরে আগাম জাতের আমন ধান কাটা-মাড়াই শুরু, সোনালি ধানে ভরে উঠেছে মাঠ

তিনি আরও বলেন, "তিস্তার চরে এখন শুধু ভুট্টার বীজই বুনছেন না নারীরা, বুনছেন নিজেদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নও। তাদের শ্রমে যেমন সমৃদ্ধ হচ্ছে কৃষি, তেমনি বদলে যাচ্ছে অনেক পরিবারের অর্থনৈতিক বাস্তবতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় সার বিতরণের সময় ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


পাবনায় সার বিতরণের সময় ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুট

পাবনার চাটমোহরে সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুরের মাধ্যমে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই ঘরে ভাঙচুর চালিয়ে সেখানে থাকা সার নিয়ে যায়।

পরে হিসাব করে দেখা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুদ রয়েছে ৪০০ বস্তা। বাকি ৬১১ বস্তা সার লুট করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা জেলা উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬১১ বস্তা সার পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


নতুন পাসপোর্ট করবেন যেভাবে ও খরচ কত

বিদেশে ভ্রমণ, শিক্ষা, চিকিৎসা অথবা দাফতরিক কাজে পাসপোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে বাংলাদেশে আধুনিক প্রযুক্তিনির্ভর ই-পাসপোর্ট চালু করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে ঘরে বসেই অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করা সম্ভব। আবেদন প্রক্রিয়া শুরু থেকে ছবি তোলা, বায়োমেট্রিক তথ্য প্রদান এবং পাসপোর্ট সংগ্রহ পর্যন্ত কয়েকটি ধাপে সম্পন্ন হয়।

অনলাইনে আবেদন যেভাবে

ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হলে প্রথমে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের তথ্যসহ প্রয়োজনীয় বিবরণ প্রদান করতে হবে। আবেদন করার সময় সুবিধা অনুযায়ী সাক্ষাতের তারিখ নির্বাচন করা যায়। তবে নির্ধারিত দিনে আসন খালি থাকা সাপেক্ষে তারিখটি নিশ্চিত হবে।

১৮ বছর বা তার বেশি বয়সী আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অপ্রাপ্তবয়স্কদের জন্মনিবন্ধন সনদের তথ্য প্রদান করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ফরমটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

পাসপোর্টের ফি জমা

আবেদন সম্পন্ন হলে নির্ধারিত ব্যাংকে পাসপোর্টের ফি জমা দিতে হবে। এ জন্য প্রিন্ট করা আবেদনপত্র ও প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক ও ঢাকা ব্যাংকে নির্ধারিত ফি জমা দেওয়া যায়। ব্যাংকের রসিদ নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

পাসপোর্টের ফি

৪৮ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের সাধারণ, এক্সপ্রেস ও সুপার এক্সপ্রেস ফি যথাক্রমে ৪ হাজার ২৫, ৬ হাজার ৩২৫ ও ৮ হাজার ৬২৫ টাকা। ১০ বছর মেয়াদে এই ফি যথাক্রমে ৫ হাজার ৭৫০, ৮ হাজার ৫০ ও ১০ হাজার ৩৫০ টাকা।

৬৪ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্টের ফি ৬ হাজার ৩২৫, ৮ হাজার ৬২৫ ও ১২ হাজার ৭৫ টাকা। ১০ বছর মেয়াদে ফি যথাক্রমে ৮ হাজার ৫০, ১০ হাজার ৩৫০ ও ১৩ হাজার ৮০০ টাকা।

ছবি ও বায়োমেট্রিক তথ্য

নির্ধারিত দিনে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনপত্র, এনআইডি বা জন্মনিবন্ধন এবং পেশাগত পরিচয়পত্র নিয়ে যেতে হবে। কর্মকর্তারা আবেদন যাচাইয়ের পর ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান ও ডিজিটাল স্বাক্ষর গ্রহণ করবেন।

ছবি তোলার সময় রঙিন পোশাক পরিধান করতে হবে। মুখে মেকআপ, কপালে টিপ কিংবা চোখের স্বাভাবিক বৈশিষ্ট্য পরিবর্তন করে এমন কিছু ব্যবহার করা যাবে না। ছবি ও বায়োমেট্রিক দেওয়ার সময় আবেদনপত্রের সব তথ্য ভালোভাবে যাচাই করতে হবে। কোনো ভুল থাকলে তখনই সংশোধনের বিষয়টি জানাতে হবে।

সব প্রক্রিয়া শেষে আবেদনকারীকে ডেলিভারি রসিদ প্রদান করা হবে। সেখানে উল্লেখিত তারিখ অনুযায়ী পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

পুলিশ ভেরিফিকেশন

প্রথমবার পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন। তবে সাধারণ রি-ইস্যুর ক্ষেত্রে এটি প্রয়োজন হয় না। বাবার নাম, স্থায়ী ঠিকানা বা বৈবাহিক অবস্থার মতো গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করে রি-ইস্যু করলে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হতে পারে।

নিজ এলাকার অফিসে আবেদন

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আবেদনকারীদের নিজ নিজ এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আবেদন করার পরামর্শ দেয়। এর ফলে ঢাকার আগারগাঁওসহ বড় পাসপোর্ট অফিসগুলোর অতিরিক্ত চাপ কমবে এবং আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বেজমেন্ট ভাড়া দিলে ৪৫ হাজার ডলার জরিমানা হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


নিউইয়র্কে বেজমেন্ট ভাড়া দিলে ৪৫ হাজার ডলার জরিমানা হতে পারে

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অনেকেই বাড়ির বেজমেন্ট ভাড়া দেওয়ার কাজ করেন। প্রশাসনের নতুন আইন অনুসারে, যদি প্রয়োজনীয় অনুমোদন এবং নিরাপত্তার শর্ত পূরণ না করা হয়, তাহলে বেজমেন্টকে বসবাসের উপযোগী অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়া দেওয়ার ফলে বাড়ির মালিকরা বড় ধরনের আর্থিক জরিমানা ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন।

জানা গেছে, অবৈধভাবে ভবন রূপান্তরের অভিযোগে প্রতিদিন ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে, এবং মাসিক জরিমানার সর্বোচ্চ সীমা ৪৫ হাজার ডলার। এর পাশাপাশি, ভায়োলেশন, বাসিন্দাদের জায়গা ছাড়ার নির্দেশ এবং তাদের অস্থায়ী আবাসনের খরচও বাড়ির মালিকের ওপর পড়তে পারে।

নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের (ডিওবি) নিয়ম অনুযায়ী, এই দৈনিক জরিমানা সব ধরনের ভায়োলেশনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অবৈধভাবে ভবনের ভেতরে নতুন বসবাসের জায়গা তৈরি বা অনুমোদন ছাড়া অ্যাপার্টমেন্টে রূপান্তরের অভিযোগে নির্দিষ্ট সামনসের ক্ষেত্রে প্রতিদিন ১ হাজার ডলার করে জরিমানা যোগ হতে পারে। ভায়োলেশন সংশোধনের প্রমাণ জমা না দেওয়া পর্যন্ত এই জরিমানা বাড়তে পারে। সর্বোচ্চ দৈনিক জরিমানার সীমা ৪৫ হাজার ডলার। নির্ধারিত শুনানিতে হাজির না হলে ভায়োলেশনের ধরন অনুযায়ী অতিরিক্ত ২৫ হাজার ডলার পর্যন্ত ডিফল্ট জরিমানাও হতে পারে।

বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে নিউইয়র্ক সিটিতে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। নিউইয়র্ক সিটির হাউজিং প্রিজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ (এইচপিডি) জানিয়েছে, কোনো বেজমেন্ট বা সেলার ভাড়া দিতে হলে পর্যাপ্ত আলো-বাতাস, স্যানিটেশন, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অনুমোদন থাকতে হবে।

বিশেষ করে এক পরিবারের বাড়ির বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ঘরের নির্দিষ্ট আয়তন, কমপক্ষে ৭ ফুট সিলিং উচ্চতা এবং প্রতিটি কক্ষে জানালা থাকার মতো শর্ত রয়েছে। অন্যদিকে, এক ও দুই পরিবারের বাড়ির সেলার বৈধভাবে ভাড়া দেওয়া যায় না। দুই পরিবারের বাড়িতে বেজমেন্ট ভাড়া দিলে ভবনটি তিন বা তার বেশি পরিবারের আবাসনে পরিণত হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

কোনো বেজমেন্টে অবৈধ বসবাসের অভিযোগ পেলে এইচপিডি ও ডিওবি পরিদর্শন করতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভায়োলেশন দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য ভ্যাকেট অর্ডারও জারি হতে পারে। সে ক্ষেত্রে বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারে সিটি কর্তৃপক্ষ। তাদের স্থানান্তর ও আবাসনের জন্য সরকারি সংস্থার যে খরচ হয়, তা বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হতে পারে। এই খরচ পরিশোধ না করলে সম্পত্তির ওপর লিয়েনও বসতে পারে।

নিউইয়র্ক সিটির কম্পট্রোলারের ২০২৫ সালের এক অডিটে দেখা গেছে, এক ও দুই পরিবারের বাড়ির ক্ষেত্রে ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের অধিকাংশ এনফোর্সমেন্ট কার্যক্রমই অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। অর্থাৎ, বাড়ির কোনো অবৈধ নির্মাণ বা ব্যবহারের বিষয়ে ৩১১-তে অভিযোগ জমা পড়লে তা কর্তৃপক্ষের পরিদর্শন ও তদন্তের কারণ হতে পারে।

সুতরাং, বেজমেন্ট ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিকদের নিজেদের সম্পত্তির সার্টিফিকেট অব অকুপেন্সি, ডিওবির অনুমোদন এবং প্রয়োজনীয় পারমিট যাচাই করা জরুরি। শুধু বেজমেন্টে আলাদা প্রবেশপথ, রান্নাঘর ও বাথরুম থাকলেই সেটি বৈধ অ্যাপার্টমেন্ট হয়ে যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন মস্তিষ্ক-পাঠ প্রযুক্তিতে ৯৪ শতাংশ নির্ভুলতা অর্জন করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


চীন মস্তিষ্ক-পাঠ প্রযুক্তিতে ৯৪ শতাংশ নির্ভুলতা অর্জন করেছে

চীনা গবেষকরা একটি নতুন ধরনের আরামদায়ক ও টেকসই ইলেকট্রোড তৈরি করেছেন, যা অস্ত্রোপচার ছাড়াই শরীরে ব্যবহৃত ‘মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ’ প্রযুক্তিতে মনের ভাব প্রকাশের পরীক্ষায় ৯৪ শতাংশের বেশি নির্ভুলতা অর্জন করেছে। এটি দৈনন্দিন কাজে মস্তিষ্কের সংকেত পাঠ করার প্রযুক্তিকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

পরীক্ষার ফলাফল অনুযায়ী, এই বিশেষ ইলেকট্রোডগুলো বাণিজ্যিকভাবে পাওয়া যায় এমন একটি মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপের প্রযুক্তির সঙ্গে যুক্ত করার পর, ব্যবহারকারীর বিশ্রামরত অবস্থায় টানা ১৪ ঘণ্টা এবং দৈনন্দিন কর্মকাণ্ডের সময় একটানা আট ঘণ্টা মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত ধারণ করতে সক্ষম হয়েছে। এটি স্থিতিশীল কার্যক্ষমতা বজায় রাখতে পারে।

এই প্রযুক্তি স্বাস্থ্যসেবা, ঘুম পর্যবেক্ষণ এবং মৃগীরোগের মতো শারীরিক অবস্থার আগাম সতর্কবার্তা প্রদানের ক্ষেত্রে মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহায়ক হতে পারে। মাথার খুলির ভেতরে ইলেকট্রোড স্থাপন বা মস্তিষ্কের টিস্যুতে যন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন হয় এমন আক্রমণাত্মক ব্যবস্থার পরিবর্তে, এই প্রযুক্তি পরিধানযোগ্য সেন্সরের মাধ্যমে মস্তিষ্কের কার্যকলাপ শনাক্ত করে তা ডিজিটাল নির্দেশনায় রূপান্তর করে।

গুয়াংসি বিশ্ববিদ্যালয়, গুয়াংসি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত গবেষক দল জানিয়েছে, “বর্তমানের শক্ত বা সমানভাবে নরম ইলেকট্রোডগুলো মাথার ত্বকের সঙ্গে যথাযথভাবে খাপ খাওয়াতে পারে না। এর ফলে নড়াচড়ার কারণে সংকেতে বিঘ্ন ঘটে এবং ব্যবহারের সময় কমে যায়।”

গবেষকেরা জানিয়েছেন, এই ইলেকট্রোড তৈরির সক্ষমতা কম খরচে ব্যাপক উৎপাদনের সম্ভাবনা তৈরি করেছে। তারা বলেছে, “সব মিলিয়ে, এই ফলাফল দীর্ঘসময় নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম, শরীরের ত্বকের অনুরূপ নকশা ভিত্তিক আক্রমণবিহীন মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তির একটি সাধারণ নকশা-পদ্ধতি প্রতিষ্ঠা করেছে। পাশাপাশি চলমান অবস্থায় স্নায়ুবিজ্ঞান গবেষণা ও চিকিৎসা পর্যবেক্ষণে এর ব্যবহারিক প্রয়োগের পথ এগিয়ে নিয়েছে।”

গবেষকদের মতে, উচ্চমানের মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত ধারণের পাশাপাশি এই ইলেকট্রোডগুলো মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তির বিভিন্ন ধরনের প্রয়োগে সহায়তা করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%