০৫:৩২ পি.এম
পাবনার চাটমোহরে সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুরের মাধ্যমে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই ঘরে ভাঙচুর চালিয়ে সেখানে থাকা সার নিয়ে যায়।
পরে হিসাব করে দেখা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুদ রয়েছে ৪০০ বস্তা। বাকি ৬১১ বস্তা সার লুট করা হয়েছে।
আরও পড়ুন: মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাবনা জেলা উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬১১ বস্তা সার পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ‘জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন: কেন্দুয়ায় প্রকাশ্যে ইয়াবা সেবন, দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন