মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯:৪৬ পি.এম
মুফতি গিয়াস উদ্দিন তাহেরির মাকে নিয়ে এক ব্যক্তির কুরুচিপূর্ণ এবং অশালীন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তাঁর অনুসারী ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় এবং সামাজিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি।
এক বিবৃতিতে তিনি বলেন, “প্রসঙ্গ যখন আমার গর্ভধারিণী মা। যেই মা জীবনে কখনও গ্রামের রাস্তায় কিংবা মার্কেটেও যায়নি। যেই মা গ্রামের কারও বাড়িতে যায়নি। যার কণ্ঠ কখনও পরপুরুষ শোনেনি—আমার সেই রত্নগর্ভা মাকে নিয়ে যখন একজন আলেম কুরুচিপূর্ণ কথা বলে, তাকে আদবের সাথে বলে দিচ্ছি, ১২ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাখ্যান এবং তাকে অনুতপ্ত হতেই হবে।”
তিনি আরও বলেন, “তা না হলে একজন আদর্শ মায়ের ইজ্জতের প্রশ্নে আইনীভাবে যা করার আমি তাই করব। ইনশাআল্লাহ।”
মুফতি তাহেরির বক্তব্যের পর তাঁর অনুসারী এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মন্তব্যের প্রতিবাদ জানান এবং ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বদের নিয়ে শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রত্যাহার এবং দুঃখপ্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করে আইনানুগ এবং শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার ২ নম্বর জিন্দারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলালের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এতে মহেশপুর, বিষ্ণুপুর ও নানাহার গ্রামের বিএনপি নেতাকর্মী এবং সমর্থকেরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদুল বারী দুলাল। আলহাজ আবুল কালামের সভাপতিত্বে মো. এমদাদুল হক রাজু ও মো. সাইদুর রহমান এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন্দারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোফাক খাইরুল ইসলাম রতন চৌধুরী এবং মোলামগারী বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসাদ্দেক হোসেন। এতে আরও বক্তব্য প্রদান করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মো. ফাতেউল ইসলাম চৌধুরী, বাদল, নয়নসহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে মো. সাজ্জাদুল বারী দুলাল জানান, রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল নয়, সাধারণ মানুষের সেবা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকাই প্রকৃত রাজনীতি।
তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে বক্তাদের মধ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের রেললাইন সংলগ্ন স্থানে পার্কিং করা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ট্রেনটির একটি দরজা খুলে পড়ে যায়। এই দুর্ঘটনায় দুই যাত্রী, যাদের মধ্যে একটি শিশু রয়েছে, আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে ট্রেনটির অন্তত ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার পৌর সদরের থানার নতুন কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক এ সম্পর্কে বলেন, "ঘর্ষণের কারণে বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি আরও জানান, "এ ঘটনায় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী টেম্পোটি (চট্টমেট্রো-ফ ১১-০৪১৬) এবং খুলে পড়া ট্রেনের দরজা এখন হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন সংলগ্ন পার্কিং করা টেম্পোটির সঙ্গে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে টেম্পোটির একটি অংশ কেটে যায়। একই সময় ট্রেনটির একটি দরজা খুলে পড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন। পরবর্তী সময়ে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। গত দুই দিন ধরে একই স্থানে অবৈধভাবে পার্ক করা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় বিগত সময়ের মতোই দুমড়ে মুচড়ে যায়। বারবার দুর্ঘটনা ঘটলেও রেললাইন ঘেঁষে যানবাহন পার্কিং বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : বাংলা একাডেমিতে আইনবিদ গাজী শামছুর রহমান স্মারক বক্তৃতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে স্থপতি রফিক আজম ‘প্রত্যাবর্তন : স্থাপত্যে প্রকৃতি ও ভাব দর্শনের সংমিশ্রণ’ শীর্ষক বক্তৃতা করেন।
বরাবরের মতো বাংলা একাডেমির ফেলো ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাতের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, গাজী শামছুর রহমান ছিলেন প্রথিতযশা আইনবিদ ও বাংলা একাডেমির এককালীন সভাপতি। মানব মঙ্গলের জন্যই আইনকানুন - এই মৌলিক বোধটি তিনি যে চিন্তা ও সক্রিয়তায় সবসময় তুলে ধরেছেন, তা আজকের স্মারক বক্তৃতার বিষয়েও প্রযোজ্য। স্থাপত্যকলায় মানবিক প্রকৃতিলগ্ন অঙ্গীকারের বিষয়টিকে বেছে নেয়া হয়েছে, যা এই পৃথিবীকে আরো বাসযোগ্য করে তুলতে সহায়ক হতে পারে।
স্থপতি রফিক আজম তার বক্তব্যে বলেন, প্রত্যাবর্তন মানে অতীতে ফিরে গিয়ে বসবাস করা নয়, বরং অতীতের কোনো স্থাপত্যের অবিকল অনুকরণও নয়। সোমপুর মহাবিহারের ইটের নকশা বা বাংলার কুটিরের চালার হুবহু নকল করলেই বাংলার সমকালীন স্থাপত্য তৈরী হবে না। প্রত্যাবর্তন হলো আমাদের হারিয়ে যাওয়া প্রশ্নগুলোর কাছে ফিরে যাওয়া। ওয়ারী-বটেশ্বর, পুণ্ড্রবর্ধন, সোমপুর মহাবিহার বা বিক্রমপুরের অতীশ-স্মৃতিবাহী ঐতিহাসিক ভূদৃশ্যের দিকে তাকানো, তা নিছক প্রত্নতাত্ত্বিক অতীতে ফিরে যাওয়া নয়। বাংলার কুটির, উঠান, পুকুর, ঘাট, বাগান বা চর্যার দেহরূপকের দিকে ফিরে তাকানোও কোনো নস্টালজিয়া নয়। এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে এই ভূখণ্ডের বহু ঐতিহাসিক নির্মাণ ও ভাবচর্চায় প্রকৃতি, জীবন এবং দর্শনের মধ্যে গভীর যোগসূত্র ছিল।
তিনি আরও বলেন, আজকের স্থাপত্যবিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলের অর্জনকে সঙ্গে নিয়ে যদি আমরা সেই অন্তর্দৃষ্টির দিকে আবার চোখ ফেরাতে পারি, তবে হয়তো আমাদের স্থাপত্য নতুন অর্থে আধুনিক হতে পারে। কারণ প্রকৃত আধুনিকতা স্মৃতিহীনতা নয়; বরং দীর্ঘ অভিজ্ঞতাকে নতুন জ্ঞানে রূপান্তর করার ক্ষমতা। এই প্রত্যাবর্তন কোনো নির্দিষ্ট সময়ে বা হারিয়ে যাওয়া স্থাপত্যরীতিতে ফিরে যাওয়া নয়। এটি হলো মাটির কাছে ফিরে যাওয়া, জলের কাছে ফিরে যাওয়া, আলো ও বাতাসের কাছে ফিরে যাওয়া; স্মৃতির কাছে, মানুষের কাছে এবং শেষ পর্যন্ত নিজের কাছে ফিরে যাওয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেয়ের কণ্ঠে কথা বলে প্রবাসীসহ দেশের বিভিন্ন জেলার মানুষের সঙ্গে সখ্য গড়ে তুলত তারা। এরপর নানা কৌশলে হাতিয়ে নিত ব্যক্তিগত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ। ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাক করে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে নাটোরের লালপুরে অভিযান চালিয়ে এ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনার কারণে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি অভিনব কায়দায় প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করত। অনেক ক্ষেত্রেই মেয়ের কণ্ঠে কথা বলে প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিশ্বাসের ফাঁদে ফেলত। পরে বিভিন্ন কৌশলে তাদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হতো। অভিযোগ রয়েছে, অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পর ভুক্তভোগীদের পরিচিতজনদের কাছে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হতো। এভাবে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর থানার এসআই মো. আল মাসুম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২৩ আগস্ট দিবাগত রাত অর্থাৎ ২৪ আগস্ট ভোর সোয়া ৪টার দিকে লালপুর থানাধীন জোতগৌরী গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং চক্রটির দুই সদস্যকে আটক করা হয়। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত যাচাই করে চক্রটির প্রতারণার ধরন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড বা আর্থিক লেনদেনের তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ