০৪:৪২ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছেন ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট'-এর (আইইউপিএইচপিএসপি) অধীনে কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য।
আজ বুধবার সকাল ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে ‘ক্রিস্টোফ লেমিয়ের’ (Christophe Lemiere)-এর নেতৃত্বে আগত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের পরামর্শকদের বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: আজ বিশ্ব খাদ্য দিবস, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ওপর গুরুত্ব
বৈঠকে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।
‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-টি মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিয়ে বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে রয়েছে— মশক ও বাহকবাহিত রোগ (ভেক্টর) নিয়ন্ত্রণ, হাসপাতাল-বহির্ভূত (আউটহাউস) মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা, দাবদাহ, বায়ু ও শব্দদূষণসহ জনস্বাস্থ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ কৌশলের মাধ্যমে ব্যাপক সচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ হ্রাসে প্রয়োজনীয় সুবিধা তৈরি করা।
প্রকল্পটির আওতাভুক্ত এলাকাগুলো হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকা সংলগ্ন সাভার ও তারাব পৌরসভা।
প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক দুটি নতুন প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক প্রতিনিধিদলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন