ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সাবেক রেসলার কেইন সিনেটে প্রার্থী হতে পারেন


সাবেক রেসলার কেইন সিনেটে প্রার্থী হতে পারেন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের সিনেট আসনে নিয়োগ পাওয়ার দৌড়ে সাবেক পেশাদার রেসলার গ্লেন জ্যাকবস এগিয়ে রয়েছেন। ডব্লিউডব্লিউইতে ‘কেইন’ নামে পরিচিত এই রেসলিং তারকাকে বর্তমান সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন টেনেসির গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি আগামী ১৬ জানুয়ারি গভর্নর হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। দায়িত্ব গ্রহণের পর, সিনেটের আসন ছাড়লে সেখানে অন্তর্বর্তী প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবেন তিনি।

দ্য ওয়াশিংটন সানের ৬ নভেম্বরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ব্ল্যাকবার্নের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে জ্যাকবসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাঁর পাশাপাশি প্রতিনিধি পরিষদের সদস্য টিম বারচেট, চাক ফ্লেইশম্যান এবং টেনেসির ডেপুটি গভর্নর স্টুয়ার্ট ম্যাকহর্টারের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। ন্যাশভিল ব্যানারের প্রতিবেদনেও চারজনের সংক্ষিপ্ত তালিকায় জ্যাকবসের নাম থাকার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের হুমকি, আতঙ্ক ছড়ালো কলকাতার বিমানবন্দরে

২০১৮ সালে দীর্ঘ রেসলিং ক্যারিয়ারের পর রাজনীতিতে প্রবেশ করেন জ্যাকবস। ওই বছর তিনি টেনেসির নক্স কাউন্টির মেয়র নির্বাচিত হন। টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর, তাঁর মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হবে। তিনি ডব্লিউডব্লিউই হল অব ফেমের সদস্যও।

ব্ল্যাকবার্নের সঙ্গে জ্যাকবসের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক তাঁকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রেখেছে বলে জানিয়েছে ওয়াশিংটন সান। ২০২৬ সালের গভর্নর নির্বাচনে ব্ল্যাকবার্নের প্রচারেও তিনি সক্রিয় ছিলেন। এছাড়া, ব্ল্যাকবার্নের প্রচারশিবিরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে।

সিনেটের আসনে নিয়োগ পাওয়ার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন জ্যাকবস। ফক্স নিউজের ‘ফক্স নিউজ রানডাউন’ পডকাস্টে তিনি বলেন, "এমন দায়িত্ব পাওয়ার সুযোগ তাঁর জন্য বড় সম্মানের বিষয় হবে এবং তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।"

টেনেসির আইন অনুযায়ী, সিনেটে কোনো আসন শূন্য হলে গভর্নর পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য একজনকে নিয়োগ দিতে পারেন। এই আসনে পরবর্তী নির্বাচন ২০২৮ সালে অনুষ্ঠিত হবে। তবে ব্ল্যাকবার্ন এখনো তাঁর উত্তরসূরি হিসেবে কাউকে চূড়ান্ত করেননি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাচ্ছে ভারতীয় পোশাক প্রস্তুতকারকরা: শুল্কের প্রভাব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিলিতে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট ও সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


চিলিতে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট ও সড়ক অবরোধ

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : জ্বালানির উচ্চমূল্যের প্রতিবাদে চিলিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন কয়েকশ’ ট্রাক ও বাসচালক। এ সময় তারা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন।

চিলির বিস্তৃত রুট-৫ মহাসড়কের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত জড়ো হন। ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধি থেকে মুক্তি পেতে তারা সরকারের কাছে দাবি জানান।

সান্তিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শিল্প খাতের বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধের প্রভাবে গত মার্চ থেকে দেশটিতে ডিজেলের গড় দাম ৭৪ শতাংশ বেড়েছে। এর ফলে অনেক পরিবহন কোম্পানি বড় ধরনের সংকটের মুখে পড়েছে।

মঙ্গলবার বিকেলে সরকারি কর্মকর্তা ও আন্দোলনকারীদের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি।

ডানপন্থী কট্টরপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের সরকার কয়েক মাস ধরেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের মুখে রয়েছে।

মার্চে দায়িত্ব নেওয়ার পর কাস্তে জ্বালানির আকস্মিক মূল্যবৃদ্ধির চাপ কমাতে এক্ষেত্রে চালু থাকা সরকারি ব্যবস্থার পরিবর্তন করেন। এর ফলে মূল্যবৃদ্ধির পুরো চাপ গিয়ে পড়ে ভোক্তাদের ওপর।

আলোচনা অব্যাহত রাখতে পরিবহন শ্রমিকদের বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদিও আলভারাদোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।

মঙ্গলবার সকালে সান্তিয়াগোর কাছে বিক্ষোভে যোগ দেন ট্রাকচালক ক্লদিও এলগুয়েজাবাল। ৪৭ বছর বয়সী এই চালক বলেন, তার সামনে আর কোনো পথ খোলা ছিল না।

তিনি বলেন, ‘এখন আমি কোনো লাভই করতে পারছি না। অনেক সময় খরচ মেটাতে নিজের পকেটের টাকাও দিতে হচ্ছে।’

আন্তঃনগর বাস মালিক সমিতির সভাপতি হুয়ান কোরনেখো ১৪টি মাঝারি আকারের পরিবহন কোম্পানির প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, ‘আমরা আর পারছি না।’

কোরনেখো বলেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে লোকসান দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে।’

সোমবার কাস্তে ৯০ দিনের জন্য ডিজেল ও পেট্রোলের দাম নিয়ন্ত্রণে একটি বিলের ঘোষণা দেন।

তবে কোরনেখো এ উদ্যোগকে ‘তামাশা’ বলে অভিহিত করেন। তিনি সরকারের কাছে আরও ব্যাপক পরিবর্তনের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


‘বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, জামায়াত-শিবির আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে। বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগ গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, এবং জামায়াত-শিবিরও নিজেদের দলে আওয়ামীদুর্বৃত্তদের স্থান দিচ্ছে। তিনি আহ্বান জানিয়েছেন, বিএনপি সরকারকে দুর্বল করার আওয়া তি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

আজ বুধবার সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে এই অভিযোগ তুলে ধরেন। রাশেদ খাঁনের ওই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে, 'নিষিদ্ধ আ.লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?' আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।

আচ্ছা, অতীতে যে সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি থাকা অবস্থায় গুপ্ত হয়ে ছাত্রলীগ করতো, এটা কি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল জানতো? আর সারাদেশে জামায়াত-শিবিরের অনেকে যে গুপ্তবেশে ছাত্রলীগ-আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলো, এই গোয়েন্দা তথ্য কি আওয়ামী ফ্যাসিস্টদের কাছে ছিলো? ছিলো না। সুতরাং একটি দলের গুপ্ত পলিসিসহ চোরাগোপ্তা আক্রমণ সংক্রান্ত সব তথ্য গোয়েন্দা সংস্থা কিংবা সাংবাদিকদের কাছেও থাকে না। তবে এ ক্ষেত্রে শিবিরের অনেকে যেহেতু ছাত্রলীগ করতো, তারা অতীতের ন্যায় ছাত্রলীগের সাথে মিশে গিয়ে আওয়ামী দুর্বৃত্তদের চোরাগোপ্তা সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে সরকারের কাছে আগাম তথ্য লিক করতে পারে!

তবে একটি বিষয় পরিষ্কার যে, আওয়ামীলীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। ছাত্রলীগ-আওয়ামীলীগ এখন জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আর জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে। এছাড়া, ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছে যে, 'কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দ গোষ্ঠী জামায়াত-শিবির!' জুলাই গাদ্দার মেজর আক্তারুজ্জামানকে যেভাবে জামায়াত আশ্রয় দিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তুলেছে...! আর ঠিক একারণেই আ.লীগের অপতৎপরতা ও অগ্নিসন্ত্রাস দমনে ঐ অর্থে জামায়াত-শিবিরের শক্ত কোনো ভূমিকা নেই এবং এই মুহূর্তে জামায়াত-শিবির শক্তভাবে মাঠেও নামবে না!

এর পিছনে দুটি কারণ থাকতে পারে;

প্রথমত, জামায়াত-শিবিরের চিন্তা এমন যে, আ.লীগ মাঠে নেমে বিশৃঙ্খলা করলে বিএনপি সরকার দুর্বল হবে। আর সরকার দুর্বল হয়ে পড়লে সরকারের কাছে বিরোধী দল হিসেবে জামায়াত-শিবিরের কদর বাড়বে, এবং সরকার তখন আ.লীগ দমনে বিরোধী দলের সহযোগিতা চাইবে। আর সে সময় জামায়াত-শিবির এটাকে বার্গেনিং টুল/দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং বিরোধী দলে থেকে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ স্টেক রাখতে প্রতিনিয়ত ছড়ি ঘোরাবে। 'সরকারি দল বিরিয়ানি খাচ্ছে আর আমাদের চকলেট ধরিয়ে দিচ্ছে' মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্য বিশ্লেষণ করলে তো সব উত্তর পরিষ্কার হয়ে যায়।

দ্বিতীয়ত, সাম্প্রতিককালে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার, এটিএম মা'ছুমসহ জামায়াতের প্রতিনিধিদল বৈঠক করেছে। যেহেতু বৈঠকের বিষয়টি জামায়াত অস্বীকার করেছে, এই অস্বীকার করার কারণেই জামায়াত বড় ধরনের ট্রাপে পড়ে গেছে। ধারণা করা যায় সেখানে এমন আলোচনা হয়েছে যে, আপনারা জাতীয় সংসদের বিরোধীদল, সারাক্ষণ আ.লীগের বিরোধিতা করে আপনাদের ফায়দা কী? বরং আ.লীগের কাজ তারা করুক, আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে জামায়াত সম্মত না হলে, আ.লীগের বিষয়ে এতো নমনীয় হওয়ার কথা নয়।

তবে প্রথম বা দ্বিতীয় পর্যবেক্ষণের মধ্যে যেটিই হোক না কেন, জামায়াত-শিবিরের এই খায়েশ কখনোই পূরণ হবে না। বাংলাদেশপন্থী শক্তিকে সাথে নিয়ে আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করার লড়াই বিএনপি চালিয়ে যাবে, ইনশাআল্লাহ। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে। আর এ কারণে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি টানা ৩ মাস ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে রাজপথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জের জলপাইয়ের হাট জমে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


সিরাজগঞ্জের জলপাইয়ের হাট জমে উঠেছে

সিরাজগঞ্জে মৌসুমি ফল জলপাইয়ের ভালো ফলনে লাভের মুখ দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। আকার ভেদে প্রতিমণ জলপাই বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১ হাজার টাকায়। স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি, ফুলকোঁচা, ধলডোপ, ভদ্রঘাট, ঘোড়াচড়াসহ বেশ কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে জলপাই চাষ না হলেও গ্রামের সড়কের পাশে ও বাড়ির আঙিনায় অসংখ্য জলপাই গাছ চোখে পড়ছে। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ ভালো। তাই প্রতিদিন গাছ থেকে জলপাই নামাতে এখন ব্যস্ত সময় পাড় করছেন ব্যবসায়ীরা। মৌসুম শুরুর আগেই স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা এসব জলপাই গাছগুলো ১ বছরের জন্য কিনে নেন। প্রতিটি গাছে পাওয়া যায় ৮ থেকে ১০ মণ জলপাই। পরিপক্ক হলে বিক্রির জন্য গাছ থেকে নামিয়ে তা বস্তায় ভরে নেয়া হয় বাগবাটি হাটে।

জলপাই ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, প্রতি বছর এই মৌসুমে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট হয়ে ওঠে সিরাজগঞ্জের বাগবাটির এই জলপাই হাট। প্রায় তিন মাস জলপাই কেনাবেচাকে কেন্দ্র করে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরগরম থাকে হাট। প্রথমে গাছ থেকে জলপাই পেরে হাটে নিয়ে আসা হয়। পরে জলপাইগুলো পানি দিয়ে ভালো করে ধোয়া হয় বিক্রির উদ্দেশে প্রস্তুত করার জন্য।

আরেক পাইকারি ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ধুয়ে প্রস্তুত করে জলপাই বস্তায় চলে যায় দেশের বিভিন্ন জেলায়। আকারভেদে প্রতিমণ জলপাই বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৯০০ টাকায়। তবে চলতি বছর পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খুব একটা লাভ হচ্ছে না বলে জানান তিনি।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আনোয়ার সাদাত বলেন, জলপাইয়ের আবাদ বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষের জন্য কৃষকদের প্রশিক্ষাহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সিরাজগঞ্জে ১০১ হেক্টর জমিতে জলপাই উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৯০৫ মেট্রিকটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরার মাহারাত মডেল মাদ্রাসার ২৩তম ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


উত্তরার মাহারাত মডেল মাদ্রাসার ২৩তম ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত মাহারাত মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ড. মো. নুরুল আল মাদানী।

সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির পক্ষ থেকে প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। শিক্ষার উৎকর্ষ সাধন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ এবং প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%