ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন: রাসুলুল্লাহর বাণী ও প্রকৃতির নিদর্শন


আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন: রাসুলুল্লাহর বাণী ও প্রকৃতির নিদর্শন

সৌন্দর্য মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ স্বাভাবিকভাবেই সুন্দর কিছু দেখতে, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে এবং চারপাশের পরিবেশকে সৌন্দর্যমণ্ডিত করতে ভালোবাসে। ফুলের সৌরভ, নীল আকাশ, সবুজ প্রকৃতি, পাখির কলতান কিংবা প্রিয়জনের মুখের হাসি—সবকিছুতেই সৌন্দর্যের সন্ধান করে মানুষ। এটি মহান আল্লাহর দেওয়া একটি বিশেষ অনুভূতি, যা মানুষের হৃদয়কে আনন্দিত করে এবং সৃষ্টিজগতের প্রতি মুগ্ধতা জাগায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন।” (সহিহ মুসলিম, হাদিস : ৯১)

সৃষ্টিজগতের সর্বত্র সৌন্দর্যের অনুপম নিদর্শন বিদ্যমান। মহাবিশ্বের দিকে তাকালে মহান আল্লাহর অসীম সৌন্দর্যবোধ ও সৃষ্টিশৈলীর পরিচয় পাওয়া যায়। বিশাল আকাশকে তিনি নক্ষত্ররাজির মাধ্যমে সুশোভিত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, “নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি।” (সুরা : সাফফাত, আয়াত : ৬)

পৃথিবীর বুকেও অসংখ্য সৌন্দর্যের উপকরণ ছড়িয়ে দিয়েছেন আল্লাহ। পাহাড়, নদী, বৃক্ষরাজি, শস্যক্ষেত্র, ফুল-ফল ও বিচিত্র রঙের উদ্ভিদ—সবকিছুই তাঁর সৃষ্টির অপূর্ব নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, “আর আমি জমিনকে বিস্তৃত করেছি, তাতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বতমালা এবং তাতে উদগত করেছি সব ধরনের নয়নাভিরাম উদ্ভিদ।” (সুরা : ক্বাফ, আয়াত : ৭)

আরও পড়ুন: পাঞ্জাবে নবী-রাসুলদের ঐতিহাসিক সমাধিস্থল নিয়ে স্থানীয় বিশ্বাস

এমনকি গৃহপালিত পশুর মধ্যেও সৌন্দর্যের অপূর্ব প্রকাশ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, “আর গবাদিপশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য, যখন তোমরা সন্ধ্যায় সেগুলোকে ফিরিয়ে আনো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও।” (সুরা : নাহল, আয়াত: ৬)

মানুষের সৃষ্টিতেও সৌন্দর্যের অনন্য প্রকাশ বিদ্যমান। মহান আল্লাহ মানুষকে দিয়েছেন সুন্দর অবয়ব, চিন্তাশক্তি, অনুভূতি ও বিবেক। তিনি বলেন, “তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে আবাসস্থল এবং আকাশকে ছাদস্বরূপ করেছেন। তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন।” (সুরা : গাফির, আয়াত: ৬৪)

সুতরাং, সৃষ্টিজগতের সৌন্দর্য কেবল উপভোগের বিষয় নয়; বরং তা মহান স্রষ্টার পরিচয় উপলব্ধি করার এক অনন্য মাধ্যম। একজন সচেতন মুমিন প্রকৃতির সৌন্দর্য দেখে স্রষ্টার মহত্ত্ব স্মরণ করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতায় নত হন।

আরও পড়ুন: জমাদিউস সানি শুরু, রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন বিশেষজ্ঞরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির ঐতিহাসিক কুদসিয়া বাগ ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


দিল্লির ঐতিহাসিক কুদসিয়া বাগ ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে

কুদসিয়া বাগ একটি বিশাল উদ্যান কমপ্লেক্স, যা পুরনো দিল্লির প্রান্তসীমায় অবস্থিত। এর অবস্থান কাশ্মীরি গেটের নিকটবর্তী। একসময় এখানে ছিল প্রাসাদ ও উদ্যানের সমন্বয়ে গড়ে ওঠা একটি বিশাল স্থাপনা। কুদসিয়া বেগম, যিনি মোগল সম্রাট মুহাম্মদ শাহের তৃতীয় স্ত্রী এবং সম্রাট আহমদ শাহ বাহাদুরের মা, এই বাগানটি নির্মাণ করেন। কুদসিয়া বাগ, যা একসময় বিশাল ও সুন্দর ছিল, আজ তার আয়তন, সৌন্দর্য ও গুরুত্ব সবই হারিয়েছে। বর্তমানে সুবিশাল বাগান কমপ্লেক্সের মাত্র ২০ একর জায়গা অবশিষ্ট রয়েছে। কিছু ভগ্নপ্রায় স্থাপনা এখনো মোগল আভিজাত্য ও রুচিবোধের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

মোগল হেরেমে কুদসিয়া বেগমের আগমন হয়েছিল একজন বিনোদনকর্মী হিসেবে। সৌন্দর্য, গুণাবলি ও বুদ্ধিমত্তার কারণে তিনি সম্রাটের স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। বিয়ের আগে তাঁর নাম ছিল উধম বাঈ, এবং তিনি ইসলাম গ্রহণ করেন। ঐতিহাসিকদের মতে, মুহাম্মদ শাহের প্রথম দুই স্ত্রী তাঁকে জীবিত কোনো উত্তরাধিকারী দিতে পারেননি। এর পর তিনি উধম বাঈকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন।

কুদসিয়া বেগমের স্বামী নাসিরুদ্দিন মুহাম্মদ শাহ ছিলেন একজন অদক্ষ ও বিলাসী সম্রাট, যিনি জনসাধারণের কাছে ‘রঙ্গিলা’ নামে পরিচিত ছিলেন। ১৭৪৮ সালে মুহাম্মদ শাহের মৃত্যুর পর কুদসিয়া বেগমের ছেলে আহমদ শাহ বাহাদুর সম্রাট হন। বিধবা হওয়ার পর তিনি ‘কুদসিয়া বেগম’ উপাধি গ্রহণ করেন। ১৭৪৮ থেকে ১৭৫৪ সাল পর্যন্ত ছয় বছর তিনি ছেলের পক্ষে মোগল সাম্রাজ্য শাসন করেন। শাসনামলের প্রথম বছরে তিনি লালকেল্লার দরবারি রাজনীতির কোলাহল থেকে দূরে নিজের জন্য একটি স্বতন্ত্র প্রাসাদ ও উদ্যান কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেন, যার নাম দেওয়া হয় কুদসিয়া বাগ। ১৭৫৪ সালে কুদসিয়া বেগমকে তাঁর ছেলেসহ দিল্লির সালিমগড় দুর্গে বন্দি করা হয়। ১৭৬৫ সালে তাঁর মৃত্যুর পর বিশাল প্রাসাদ-উদ্যানটি ধীরে ধীরে জৌলুস হারাতে থাকে।

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বর্ণনায় উঠে এসেছে এই প্রাসাদ-উদ্যানের সৌন্দর্য ও জৌলুসের কথা। মোগল দরবারে কম্পানির প্রতিনিধি স্যার টমাস মেটকাফ প্রাসাদসহ বাগানটির একটি বিস্তারিত নকশা তৈরি করেছিলেন, যা বর্তমানে ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত আছে।

জৌলুসের স্বর্ণযুগে কুদসিয়া বাগ ইউরোপের সমকালীন রাজপ্রাসাদের উদ্যানগুলোর সঙ্গে পাল্লা দিত। কুদসিয়া বাগ নির্মাণ করা হয়েছিল পারস্যের ধ্রুপদি ‘চারবাগ’ রীতিতে, যেখানে উদ্যানকে চারটি সমান ও প্রতিসম অংশে বিভক্ত করা হয় এবং সেগুলোর মধ্য দিয়ে পানির নালা প্রবাহিত হয়। কুদসিয়া বাগ নির্মাণে ব্যবহার করা হয়েছে লাখৌরি ইট, যা বর্তমানে ব্যবহৃত ইটের তুলনায় অনেক বেশি পাতলা ও চ্যাপ্টা ছিল। মধ্যযুগের কারিগররা চুনের প্রলেপের ওপর হাতে খোদাই করে নকশা তৈরি করতেন, যা ‘স্টাকো ওয়ার্ক’ নামে পরিচিত। কথিত আছে, এই প্রাসাদ-উদ্যান কমপ্লেক্সটির চারপাশে বিশাল দেয়াল নির্মাণ করা হয়েছিল।

যমুনাপারের প্রধান ফটক দিয়ে বাগানে প্রবেশ করলেই চোখে পড়ে একটি মিনার বা টাওয়ারের দোতলা অংশের ধ্বংসাবশেষ এবং এর সঙ্গে সংযুক্ত দেয়ালের কিছু অংশ। এই করুণ ধ্বংসাবশেষের মধ্যেও স্থাপনাগুলো নির্মাণে ব্যবহৃত সূক্ষ্ম কারুকাজ যেন তার সোনালি সময়ের সাক্ষ্য দেয়। অবশিষ্ট উদ্যানে এখনো বাহারি গাছের দেখা মেলে, যা থেকে ধারণা পাওয়া যায় নির্মাণকালে এর বৃক্ষবৈচিত্র্য কত বিপুল ছিল। এখানকার সবুজ চত্বরে ময়ূরসহ নানা প্রজাতির পাখির অবাধ বিচরণ ছিল বলেই বর্ণনা পাওয়া যায়।

উদ্যান কমপ্লেক্সের ভেতরে ব্রিটিশ আমলে নির্মিত একটি বাংলো রয়েছে, যা বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ গুদামঘর হিসেবে ব্যবহার করছে। জনশ্রুতি আছে, এখানেই একসময় কুদসিয়া বেগমের হাতিশালা ছিল। উদ্যানে প্রবেশের প্রধান ফটকটি হাতি দরওয়াজা নামে পরিচিত। ফটকটি লাখৌরি ইট দিয়ে নির্মিত, যার বাইরের অংশ লাল বেলেপাথর দিয়ে আবৃত এবং ওপরের পৃষ্ঠে চুনের প্রলেপ দেওয়া হয়েছে। দেয়ালজুড়ে রয়েছে চমৎকার স্টাকো কারুকাজ। ফটকটির ওপরের খিলানগুলোতে ফুলের নকশা রয়েছে এবং দুই পাশে দেখা যায় অলংকারস্বরূপ নির্মিত দুটি ছোট মিনারের ধ্বংসাবশেষ।

প্রধান ফটকের অপর পাশেই একটি চমৎকার ভবন রয়েছে, যা বেশ বড়। স্থাপনাটি দেখেই বোঝা যায় একসময় এখানে অনেকগুলো কক্ষ ও করিডর ছিল। প্রধান দরজাগুলো কাঠের তৈরি ছিল, কিন্তু সেগুলো এখন আর নেই। কুদসিয়া বাগ কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত শাহি মসজিদ (রাজকীয় মসজিদ) ছিল সম্রাজ্ঞী কুদসিয়া বেগম ও তাঁর সঙ্গীদের ব্যক্তিগত ইবাদতের স্থান।

১৮৫৭ সালের বিদ্রোহের ঘটনাপ্রবাহে কুদসিয়া বাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই ভয়াবহ অস্থিরতার সময় ব্রিটিশ পরিবার ও সেনা সদস্যরা বাগানটিতে আশ্রয় নেয় এবং এর চারপাশের বিশাল দেয়ালের ওপর কামান স্থাপন করে। তখন সংঘাতের ফলে কুদসিয়া বেগমের প্রাসাদ এবং উদ্যানগুলো মারাত্মকভাবে শাহি মসজিদের বিধ্বস্ত অবস্থা থেকে সেই সংঘর্ষের ভয়াবহতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ব্রিটিশরা কখনো কুদসিয়া বাগ পুনর্নির্মাণ করেনি, তবে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে বহু বছর ধরে জনসাধারণের জন্য উন্মুক্ত উদ্যান হিসেবে ব্যবহার করা হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার সময় উদ্যানটির আয়তন কমে ৫০ একরেরও নিচে নেমে এসেছিল। এরপর গত ৬০ বছরে ক্রমবর্ধমান নগরায়ণের কারণে আরো ৩০ একর জায়গা হারিয়ে গেছে।

তথ্যঋণ : পিপুল ট্রি, ক্রিটিক্যাল

কালেক্টিভ ও উইকিপিডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সানাম তেরি কাসাম’খ্যাত অভিনেতা হর্ষবর্ধন রানে মুম্বাইয়ে ১৬ কোটি রুপির বাড়ি কিনলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


‘সানাম তেরি কাসাম’খ্যাত অভিনেতা হর্ষবর্ধন রানে মুম্বাইয়ে ১৬ কোটি রুপির বাড়ি কিনলেন

বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে, যিনি ‘সানাম তেরি কাসাম’ সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি অর্জন করেছেন, সম্প্রতি মুম্বাইয়ে ১৬ কোটি রুপি দামের একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে খবর পাওয়া গেছে। নতুন এই বাড়িটি ‘আমালফি বাই লোটাস বিল্ডার্স’ নামক আবাসন প্রকল্পের অন্তর্ভুক্ত। তার এই সম্পত্তি কেনার খবর সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এর আগে, অভিনেতা মুম্বাইয়ের মাধ আইল্যান্ডে দুটি ফ্ল্যাট কিনেছিলেন। নতুন বাড়ি কেনার ফলে আবাসন খাতে তার বিনিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি পেল।

মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, নতুন বাড়িটির দাম ১৫ থেকে ১৬ কোটি রুপির মধ্যে রয়েছে। যদিও নির্দিষ্ট ক্রয়মূল্য প্রকাশ করা হয়নি, তবে ১৬ কোটি রুপি দামের কাছাকাছি বাড়িটি কেনার খবর পাওয়া গেছে।

মাধ আইল্যান্ডে দুটি ফ্ল্যাট কেনার পর, এবার বিলাসবহুল আবাসন প্রকল্পে বাড়ি কিনলেন হর্ষবর্ধন। তার সাম্প্রতিক এই কেনাকাটা অভিনেতার সম্পত্তির তালিকায় একটি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন হর্ষবর্ধন। সামনে তাকে ফোর্স ৩ ও পুলিশ কোম্পানি সিনেমায় দেখা যাবে। নতুন সিনেমাগুলোর প্রস্তুতির পাশাপাশি, ব্যক্তিগত জীবনেও সম্পত্তি কেনার মাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরল সম্ভাবনাময় শাহীন

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


উপজেলা প্রশাসনের প্রচেষ্টায় দোকানের পাটাতন ছেড়ে স্কুলে ফিরল সম্ভাবনাময় শাহীন

পড়াশোনা যার শুরু হওয়ার কথা ছিল বই-খাতা আর কলমে, সেই কিশোরবেলার কিছু দিন কেটেছে বাজারের এক দোকানের পাটাতনে বসে পণ্যের হিসেব কষে। সংসারের অভাবের কষাঘাতে বাধ্য হয়ে ক্লাসরুম ছেড়ে কাজের জগতে নামতে হয়েছিল ১১ বছরের মেধাবী ছাত্র মো. শাহীন মিয়াকে। তবে তাকে নিয়ে গত ১০ ও ১১ নভেম্বর তালাশ বিডি সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরই পাল্টে যায় শিশু শাহীনের জীবন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার যৌথ প্রচেষ্টায় এবং এক শিক্ষকের অকৃত্রিম মমতায় অবুঝ সেই শিশুটি অবশেষে ফিরেছে তার প্রিয় ক্লাসরুমে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নির্ধারিত সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে সকল সহপাঠীর সাথে একসাথে বসে ক্লাস করে শাহীন। এ সময় সহকারী শিক্ষক খাইরুন নেছা সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মুখে ফোটে হাসির ঝিলিক। তবে এর আগের দিন বুধবার নিজ বিদ্যালয়ে গিয়ে সকলের সঙ্গে দেখা করে নিয়মিত স্কুলে যাওয়ার কথা বলে আসে শাহীন।
শাহীনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা নজরে আসলে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম ও সংশ্লিষ্ট রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম শিশুটির পরিবারের খোঁজখবর নেন। প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে শিশু শাহীনকে কাজ থেকে ছাড়িয়ে স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ। এরপরই শিশুটির মা-বাবা তাকে স্কুলে পাঠান।

গত ১১ নভেম্বর বুধবার সকালে প্রথম ধাপে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের নির্দেশে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে শিশু শাহীনের পরিবারের পাশে দাঁড়িয়ে তার বাবার নামে একটি প্রতিবন্ধী কার্ড তৈরি করে দেন। পাশাপাশি ব্যাংকে একটি হিসাব খুলে নিয়মানুযায়ী অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়, যার মাধ্যমে দ্রুতই শাহীনের বাবাকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া আরো জানানো হয় সরকারি বরাদ্ধ পেলে শিশু শাহীনের পরিবারের মাঝে সরকারি বিভিন্ন অনুদানও দেওয়া হবে।

মো. শাহীন মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের প্রতিবন্ধী ও অসহায় মো. শামীম মিয়ার বড় ছেলে। সে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির (রোল নম্বর-১) মেধাবী ছাত্র। দুই ভাইয়ের মধ্যে শাহীন বড়; ছোট ভাই মো. নাঈম মিয়া ওরফে রবিউল ইসলাম (৯) একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম রিকশাচালক বাবা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড (অচল) হওয়ার পর থেকে ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। মা-ও কোনো কাজ করার সুযোগ পাননি। ভিটেমাটি ছাড়া ফসলি কোনো জমিও নেই তাদের। চরম অনটন আর পেটের দায়ে দিশেহারা হয়ে বাধ্য হয়েই মা-বাবা শাহীনের লেখাপড়া বন্ধ করে দিয়ে মাসিক ৪ হাজার টাকা বেতনে বাজিতপুরের ভাগলপুর রশি মার্কেটে আলমগীর মিয়ার একটি দোকানে কাজে পাঠান। সেখানে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খেটে সংসারের হাল ধরতে হচ্ছিল শিশুটিকে।

কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নেছা শিশু শাহীনের ঝরে পড়া রোধে দ্বারে দ্বারে ঘুরেছেন। শাহীনের চোখে উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাওয়া এই শিক্ষকের আকুতি নাড়া দেয় বিবেকবান মানুষকে। তাঁর এই লড়াইয়ে সর্বাত্মক পাশে দাঁড়িয়েছিলেন তাঁর স্বামী আবুল খায়ের রুবেলও।
তাঁর লড়াইয়ে প্রাথমিক ধাপে সফল হতে পেরে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ ও সমাজসেবা অফিসার মাহবুবা সিদ্দিকী সহ এ সফলতার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা রাকিবুল হান্নান মিজান ও কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শাহীন বিদ্যালয়ে ফিরতে পেরেছে এতে আমরা অত্যান্ত খুশি। তবে শিশু শাহীনের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে শিশু শাহীনের পরিবারের পাশে দাঁড়ালে শাহীনের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা ছিলো।

শ্রমিকের জীবন থেকে শাহীনকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা রাকিবুল হান্নান মিজান বলেন, “তৃণমূলের কোনো মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেলে খুব কষ্ট পাই। মেধাবী শিক্ষার্থী শাহীনের শিক্ষার পথ সুগম হলে আরও অনেক সুযোগবঞ্চিত শিক্ষার্থী অনুপ্রাণিত হবে।"

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, “অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন ব্যাহত হোক, তা আমরা চাই না। শাহীনের পড়াশোনা পুনরায় চালু করা এবং তার পরিবারের আর্থিক সংকট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা, শাহীন এখন থেকে নিয়মিত বিদ্যালয়ে গিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ আমাদের কমন শত্রু, মনে রাখতে হবে: আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


আ.লীগ আমাদের কমন শত্রু, মনে রাখতে হবে: আবু হানিফ

রাজনৈতিক মতপার্থক্য আমাদের মধ্যে বিদ্যমান থাকতে পারে, কিন্তু আবু হানিফ বলেছেন, "মনে রাখতে হবে আওয়ামী লীগ আমাদের কমন শত্রু।" তিনি গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে এই মন্তব্য করেছেন। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ঐক্য অপরিহার্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই বক্তব্য তুলে ধরেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, "গত ১০ নভেম্বর শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবের উপর হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ।" তিনি আরও জানান, "গত রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ আওয়ামী লীগ।" এসব ঘটনার তিনি নিন্দা ও প্রতিবাদ জানান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।

তিনি লিখেছেন, "সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য চলমান।" তিনি উল্লেখ করেন যে, "নেতারা বিদেশে পলাতক থাকলেও সেখান থেকে অর্থের যোগান দিচ্ছে।" সেই অর্থের বিনিময়ে কিছু মানুষ এসব অপকর্ম করে বেড়াচ্ছে। প্রশাসন পুরোপুরি ভাবে এসব দমন করতে পারছে না বলে তিনি অভিযোগ করেন। এই পরিস্থিতিতে প্রশাসনকে সহযোগিতা করা সবার দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।

আবু হানিফ আরও বলেন, "দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা ও ভাংচুরের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।" তিনি স্মরণ করিয়ে দেন, "জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই রাজপথে নেমেছিল।" নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে জুলাইয়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%