ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেসিয়া চিকিৎসকের বিরুদ্ধে নিয়মিত অনুপস্থিতির অভিযোগ


ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনেস্থেসিয়া চিকিৎসকের বিরুদ্ধে নিয়মিত অনুপস্থিতির অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনেস্থেসিয়া বিভাগের চিকিৎসক ডা. ফরহাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা, নির্ধারিত অফিস সময় মেনে দায়িত্ব পালন না করা এবং এর ফলে অস্ত্রোপচারসহ জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

গত রোববার (৫ জুলাই) সকাল প্রায় ১১টায় সরেজমিনে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, একজন সিজারিয়ান রোগী অপারেশনের অপেক্ষায় রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, দায়িত্বরত এনেস্থেসিয়া চিকিৎসক হাসপাতালে উপস্থিত হলে অপারেশন কার্যক্রম শুরু করা হবে।

হাসপাতালের উপস্থিতি রেজিস্টার পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের প্রথম পাঁচ কর্মদিবসের মধ্যে দুই দিন ডা. ফরহাদের কোনো উপস্থিতির স্বাক্ষর নেই। এছাড়া গত মাসেও একাধিক কর্মদিবসে তাঁর উপস্থিতির স্বাক্ষর পাওয়া যায়নি বলে হাসপাতাল সূত্র দাবি করেছে।

আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর বলেন, “ডা. ফরহাদ প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তাঁকে একাধিকবার নিয়মিত উপস্থিত থাকতে এবং সরকারি অফিসের সময়সূচি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শোকজও করা হয়েছে। কিন্তু অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।”

দায়িত্বপ্রাপ্ত কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক চিকিৎসক ও কর্মচারী জানান, সংশ্লিষ্ট চিকিৎসক প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। উপস্থিত হলেও অনেক সময় নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার আগেই চলে যান। ফলে অস্ত্রোপচারসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা ব্যাহত হয় এবং রোগীদের দুর্ভোগ বাড়ে।

এদিকে অভিযোগ রয়েছে, ভৈরব পৌর শহরের ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে—যা তাঁর স্ত্রীর মালিকানাধীন—ডা. ফরহাদ নিয়মিত রোগী দেখেন এবং হাসপাতালের ব্যবস্থাপনায়ও সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

আরও পড়ুন: নড়াইল জেলা জাপার নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করে প্রতিবাদ সভা

সমাজসেবক নুরুল কাদের সোহেল বলেন, “সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”

অভিযোগের বিষয়ে ডা. ফরহাদ বলেন, “আমি অনেক দিন ধরেই চাকরি ছাড়ার কথা ভাবছিলাম। আজ আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।”

স্থানীয়দের অভিযোগ, একজন এনেস্থেসিয়া বিশেষজ্ঞের অনিয়মিত উপস্থিতির কারণে অনেক সময় নির্ধারিত অস্ত্রোপচার বিলম্বিত হয়। এতে রোগী ও তাদের স্বজনদের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হয়। তারা দ্রুত অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সরকারি হাসপাতালে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস, কিন্তু অতিরিক্ত তেল কিনবে কারা?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


উৎপাদন বাড়াচ্ছে ওপেক প্লাস, কিন্তু অতিরিক্ত তেল কিনবে কারা?

আগস্ট মাস থেকে টানা পঞ্চমবারের মতো ওপেক প্লাস অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনের কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তের পর দুটি বড় প্রশ্ন সামনে এসেছে- জোটটি সত্যিই কি ঘোষিত হারে উৎপাদন বাড়াতে পারবে? আর যদি পারে, তাহলে সেই অতিরিক্ত তেল কিনবে কারা?

ওপেক এবং রাশিয়াসহ সহযোগী উৎপাদক দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাসের সাতটি প্রধান সদস্য রোববার (৫ জুলাই) বৈঠকে আগস্ট থেকে দৈনিক আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ফলে গত এপ্রিল থেকে দৈনিক মোট উৎপাদন বেড়ে দাঁড়ায় প্রায় ৮ লাখ ব্যারেল।

বিশ্লেষকদের মতে, উৎপাদন বাড়ানোর সক্ষমতা অনেকটাই নির্ভর করছে হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে খোলা থাকার ওপর। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেল পরিবহন যদি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের ইরানে হামলার আগের পর্যায়ে ফিরে আসে, তাহলে উৎপাদন বাড়ানো সম্ভব হতে পারে।

তবে শুধু হরমুজ প্রণালি দিয়ে কত তেল যাচ্ছে, সেটি নয়; মধ্যপ্রাচ্য থেকে মোট অপরিশোধিত তেল রফতানির পরিমাণই বেশি গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালির বাইরের বন্দরও ব্যবহার করে থাকে।

তার পরও তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানি কিছুটা বেড়েছে। কিন্তু তা এখনও যুদ্ধ-পূর্ববর্তী অবস্থানের তুলনায় অনেক কম।

পণ্য বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, জুনে মধ্যপ্রাচ্য থেকে দৈনিক ৯৬ লাখ ২০ হাজার ব্যারেল তেল রফতানি হয়েছে। অথচ ইরান সংঘাতের পূর্ববর্তী তিন মাসে গড়ে দৈনিক রফতানি ছিল ১ কোটি ৮৪ লাখ ব্যারেল।

জুলাইয়ে পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হতে পারে। কেপলার বর্তমানে দৈনিক ৯৯ লাখ ৯০ হাজার ব্যারেল চালানের হিসাব রাখছে। তবে আরও কার্গো মূল্যায়নের পর এ সংখ্যা বাড়তে পারে।

তবুও তথ্য বলছে, মধ্যপ্রাচ্য থেকে রফতানি এখনো সীমিত। যদিও যুক্তরাষ্ট্র ও আফ্রিকার মতো অঞ্চল থেকে চালান বেড়েছে তবুও তা উপসাগরীয় অঞ্চলের ঘাটতি পুরোপুরি পূরণ করতে পারেনি।

তবে তেল শিল্প অতীতে দ্রুত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার সক্ষমতা দেখিয়েছে। তাই হরমুজ প্রণালি খোলা থাকলে মধ্যপ্রাচ্য থেকে উৎপাদন ও রফতানি আরও বাড়ানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

অপরিশোধিত তেলের ফিউচার বাজারও এমন ইঙ্গিত দিচ্ছে যে, ওপেক প্লাস তাদের বাড়তি উৎপাদনের লক্ষ্য পূরণ করতে পারবে। একই সঙ্গে ওপেক প্লাসের সাবেক সদস্য সংযুক্ত আরব আমিরাত এবং ইরান থেকেও অতিরিক্ত তেল বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৭ জুলাই) এশিয়ার লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭১ দশমিক ৭২ ডলার। যা ৩ জুলাইয়ের সমাপনী মূল্য ৭২ দশমিক ১২ ডলার এবং ২৭ ফেব্রুয়ারি, অর্থাৎ ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার আগের দিনের ৭২ দশমিক ৪৮ ডলারের চেয়েও কম।

ফিউচার বাজারের চিত্র দেখে মনে হচ্ছে, ইরান যুদ্ধের আগে যে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা ছিল, সেটিই আবার ফিরে আসছে। যদি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয় এবং ওপেক প্লাস ও অন্যান্য উৎপাদক দেশ উৎপাদন বাড়াতে পারে, তাহলে বাজারে অতিরিক্ত তেলের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার ঝুঁকি এখনো রয়ে গেছে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনের চাহিদা। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশটি ইরান যুদ্ধ চলাকালে উল্লেখযোগ্যভাবে তেল কেনা কমিয়ে দিয়েছিল। এ কারণেই ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি বাড়েনি।

কেপলারের তথ্য অনুযায়ী, জুনে চীনের সমুদ্রপথে অপরিশোধিত তেল আমদানি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। দেশটি দৈনিক মাত্র ৫৮ লাখ ৪০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে, যা যুদ্ধ-পূর্ববর্তী সময়ের প্রায় অর্ধেক।

জুলাইয়েও চীনের কম আমদানির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কেপলার বর্তমানে দৈনিক ৫৩ লাখ ১০ হাজার ব্যারেল আমদানির হিসাব রাখছে। যদিও মাসজুড়ে আরও কার্গো যুক্ত হলে এই সংখ্যা বাড়তে পারে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, চীন আবার কবে বড় পরিসরে অপরিশোধিত তেল কেনা শুরু করবে। অতীতের অভিজ্ঞতা বলছে, দেশটির শোধনাগারগুলো তখনই বাজারে ফিরে আসে, যখন তারা মনে করে তেলের দাম যথেষ্ট কমে গেছে।

দাম কমলে আমদানি বাড়ানো এবং দাম বাড়লে তা কমিয়ে দেওয়ার ক্ষেত্রে চীনের দীর্ঘদিনের একটি প্রবণতা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সেই প্রবণতা আরও স্পষ্ট হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, বড় রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর আগে ছোট স্বাধীন শোধনাগারগুলো বাজারে ফিরতে পারে। আগস্ট থেকেই এসব প্রতিষ্ঠানের আমদানি বাড়তে পারে। আর তেলের দাম কম থাকলে বড় শোধনাগারগুলোও আবার কিনতে শুরু করতে পারে। তবে সেই প্রভাব বৈশ্বিক আমদানির তথ্যে প্রতিফলিত হতে সম্ভবত বছরের চতুর্থ প্রান্তিক পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সূত্র- রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন কোটা, প্রধানমন্ত্রীর সফরের পর কঠোর যাচাই-বাছাই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন কোটা, প্রধানমন্ত্রীর সফরের পর কঠোর যাচাই-বাছাই

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের বিতর্কিত পদ্ধতি 'তুরাপ' (দ্য ইউনিভার্সেল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম) আবারও চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। কার্যকারিতা নিয়ে আপত্তির মুখে এক মাস স্থগিত থাকার পর, মানবসম্পদ মন্ত্রণালয়কে এই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অ্যাপটি বাস্তবায়নের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

শুক্রবার (৩ জুলাই) পুত্রজায়ায় শিল্প অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তারা জানান, বর্তমান পদ্ধতিতে একেকজন কর্মীর মালয়েশিয়ায় আসতে প্রায় ২৫ হাজার রিঙ্গিত খরচ হচ্ছে। এই শোষণমূলক 'শিকারী কাঠামো' এড়াতে এবং নিয়োগকর্তাদের সাথে সরাসরি বিদেশি কর্মীদের যোগাযোগ করিয়ে দিতে বিদ্যমান ব্যবস্থার পরিপূরক হিসেবে 'তুরাপ' ব্যবহার করা হবে।

তবে তৃণমূল পর্যায়ের দালালদের দৌরাত্ম্য ও শোষণ এই অ্যাপ কীভাবে দূর করবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা এখনও প্রকাশ করা হয়নি।

এই পদ্ধতিটির উন্নয়নকারী প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন বিএইচডি, যারা ২০১৮ সাল থেকে মালয়েশিয়া সরকারের বহুল আলোচিত এফডব্লিউসিএমএস পদ্ধতিটি পরিচালনা করছে। তবে এই তুরাপ পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম আবদুল নূরের বিতর্কিত ভূমিকার কারণে। ২০২৪ সালে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশিত এক শ্বেতপত্রে অভিযোগ করা হয়, এফডব্লিউসিএমএস-এর মাধ্যমে মাত্র ১০২টি রিক্রুটিং এজেন্সির একটি সিন্ডিকেট তৈরি করে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে একচেটিয়া ব্যবসা ও শোষণ চালানো হয়েছিল। এরই প্রেক্ষিতে অর্থ পাচার ও মানবপাচারের অভিযোগে ২০২৪ সালের অক্টোবরে আমিনুল ইসলাম ও তার সহযোগী রুহুল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মালয়েশিয়া সরকারের কাছে তাদের প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ সরকার।

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের পরপরই এই কূটনৈতিক ও কৌশলগত দৃশ্যপটে নতুন মোড় এসেছে। সফরের পর দুই দেশই বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক পর্যালোচনার ব্যাপারে একমত হয়েছে এবং কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন কোটা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে।

তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন সম্প্রতি দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, আমিনুল ইসলামের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে তারা বর্তমানে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


শরীয়তপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায়, এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এই র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় মিজ তাহসিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।

প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, আমাদের সকল কর্মকাণ্ডের মূল হচ্ছে গ্রাম। যদি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়, তবে জাতীয় উন্নয়ন সমৃদ্ধ হবে। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে গ্রামীণ উন্নয়নের দিকে মনোযোগী হতে হবে।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দিন কালু। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রত্যয় হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা উম্মে হাবিবা, জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সুপ্রিয়া বর, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বাসসের প্রতিনিধি মো. মজিবুর রহমান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, জেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম তালুকদারসহ পল্লী উন্নয়ন বোর্ডের উপকারভোগী সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় তৈরি হচ্ছে অস্থায়ী ‘ট্রানজিট সেন্টার’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


বিদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় তৈরি হচ্ছে অস্থায়ী ‘ট্রানজিট সেন্টার’

মালয়েশিয়ায় নতুন আসা বিদেশি কর্মীদের জন্য সাময়িক আবাসন হিসেবে 'ট্রানজিট সেন্টার' বা অন্তর্বর্তীকালীন কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

নিয়োগকর্তারা এসে নিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত এই কর্মীরা স্থানটিতে অবস্থান করবেন।

সোমবার (৬ জুলাই) দেশটির মানবসম্পদ মন্ত্রী আর রামানান কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরগুলোর ভিড় কমানো এবং কর্মীরা যেন নির্দিষ্ট সঠিক নিয়োগকর্তার কাছেই পৌঁছান, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, এই কেন্দ্রগুলো কোনোভাবেই 'ডিটেনশন সেন্টার' বা আটক কেন্দ্র নয়, এটি পুরোপুরি একটি সাময়িক আবাসন ব্যবস্থা।

কর্মীরা যাতে বিমানবন্দর থেকে বের হয়ে অন্য কোনো অননুমোদিত কর্মস্থলে চলে যেতে না পারেন, তা রোধ করাই এর মূল উদ্দেশ্য।

বর্তমানে মানবসম্পদ মন্ত্রণালয় এই কেন্দ্রগুলোর জন্য উপযুক্ত স্থান খুঁজছে এবং স্থায়ী স্থাপনা নির্মাণের আগ পর্যন্ত সাময়িকভাবে অন্য কোনো ভবনকে এই কাজে ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে, গত ১ জুলাই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি কর্মীদের জন্য গঠিত 'ওয়ান-স্টপ সেন্টার' এখন থেকে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে।

তবে কর্মীদের নিরাপত্তা স্ক্রিনিং, পাস এবং ওয়ার্ক পারমিট ইস্যু করার মূল দায়িত্ব আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকছে।

জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করবে বলে মন্ত্রী পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%