ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন


বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ আন্তঃবিভাগ ব্যাডমিন্টন এবং ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে নিয়মিত বিভিন্ন আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি আন্তঃবিশ্ববিদ্যালয় খেলায় বেরোবি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এ সময় তিনি শিক্ষার্থীদের বৈষম্যহীন ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের মেগা প্রজেক্টের আওতায় ইনডোর স্টেডিয়ামের কাজ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর আহ্বায়ক এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এবারের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলেদের ২০টি এবং মেয়েদের ১২টি দল অংশগ্রহণ করছে। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে ব্যাডমিন্টন প্রতিযোগিতার খেলা শুরু হয়। ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে আগামী ২৯ নভেম্বর ২০২৬ থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে পানের ঝুড়িতে ইয়াবা পাচারকালে কারবারি আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘা শাহী মসজিদ: ইসলামি স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


বাঘা শাহী মসজিদ: ইসলামি স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন

॥ ওমর ফারুক ॥

রাজশাহী, ২৩ নভেম্বর ২০২৬ : ঐতিহ্যবাহী বাঘা শাহী জামে মসজিদ ইসলামি স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন। ৫০০ বছরের ইতিহাসের সাক্ষী এই মসজিদটি এখনও গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। দর্শনার্থীদের জন্য মসজিদের নির্মাণশৈলী মুগ্ধকর। বহুবার এখানে দর্শনার্থীরা ছুটে আসেন।

রাজশাহী মহানগর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বাঘা উপজেলা সদরে এই মসজিদটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। এখানে নামাজ আদায় করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসেন।

১৫২৩-১৫২৪ সালে (৯৩০ হিজরি) হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সময়ে মসজিদের সংস্কার করা হয়। ১৮৯৭ সালে গম্বুজগুলো ভেঙ্গে গেলে নতুন করে ছাদ দেওয়া হয়। বর্তমানে এটি রাষ্ট্রের হেরিটেজ সম্পদ হিসেবে সংরক্ষিত।

মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। ভূমি থেকে ৮-১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মসজিদটিতে ১০টি গম্বুজ রয়েছে এবং ভেতরে ৬টি স্তম্ভ রয়েছে। মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়াল চওড়া ৮ ফুট, গম্বুজের ব্যাস ৪২ ফুট, উচ্চতা ১২ ফুট। চৌচালা গম্বুজের ব্যাস ২০ ফুট এবং উচ্চতা প্রায় ৩০ ফুট। মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির গাঁথুনি চুন-সুরকি দিয়ে তৈরি। ভেতরে এবং বাইরের দেয়ালে মেহরাব ও স্তম্ভ রয়েছে। বাঘা মসজিদের দৈর্ঘ্য ২২.৯২ মিটার, প্রস্থ ১২.১৮ মিটার এবং উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। এর দেয়াল ২.২২ মিটার পুরু। মসজিদটিতে পাঁচটি প্রবেশদ্বার রয়েছে। এর চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা এবং দুই দিকে দুটি প্রবেশদ্বার রয়েছে।

এটির প্রধান বিশেষত্ব হলো সম্পূর্ণ টেরাকোটার কারুকাজ। গাঁথুনি চুন এবং সুরকি দিয়ে তৈরি। মসজিদের ভেতরে এবং বাইরের দেয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে। পোড়ামাটির নকশায় আমগাছ, শাপলা ফুল, লতাপাতাসহ ফার্সি খোদাই শিল্পে ব্যবহৃত হাজার রকম কারুকাজ রয়েছে। মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে হজরত শাহদৌলা ও তার পাঁচ সঙ্গীর মাজার রয়েছে।

মসজিদের পাশে ৫২ বিঘার বিশাল দিঘি অবস্থিত। দিঘির পাশ দিয়ে চলাফেরার জন্য সরু রাস্তা রয়েছে। সুবিশাল দিঘির সামনে বসলে যে কারো মন জুড়িয়ে যায়। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র নাসিরউদ্দীন নুসরত শাহ জনকল্যাণার্থে মসজিদের সামনেই দিঘিটি খনন করেন।

দিঘির চারপাশে সারিবদ্ধ নারিকেল গাছ রয়েছে। প্রতিবছর শীতে এই দিঘিতে অসংখ্য অতিথি পাখির কলতানে এলাকা মুখরিত হয়ে ওঠে। বর্তমানে দিঘিটির চারটি বাঁধানো পাড় নির্মাণ করা হয়েছে। মসজিদ সংলগ্ন জহর খাকী পীরের মাজার রয়েছে। মূল মাজারের উত্তর পাশে তার কবর অবস্থিত।

স্থানীয়রা বাসস’কে জানান, ১৯৯৭ সালে মাজারের পশ্চিম পাশে খনন করা হলে ৩০ ফুট বাই ২০ ফুট আয়তনের একটি বাঁধানো পুকুরের সন্ধান মেলে। এই পুকুরটি একটি সুড়ঙ্গপথ দিয়ে অন্দরমহলের সাথে যুক্ত ছিল। তিন দিক থেকে বাঁধানো সিঁড়ি পুকুরের ভেতরে নেমে গেছে। মসজিদের ভেতরে ও বাইরে প্রচুর পোড়ামাটির ফলক রয়েছে। মসজিদের ভেতরে উত্তর-পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত একটি বিশেষ নামাজের কক্ষ আছে। প্রতিবছর ঈদুল ফিতরের দিন থেকে তিন দিন পর্যন্ত মসজিদ সংলগ্ন এলাকায় ‘বাঘা মেলা’ আয়োজন করা হয়। এই মেলাটি ৫০০ বছরের ঐতিহ্য। এই মেলায় বাঘা উপজেলার মানুষসহ জেলার বিভিন্ন উপজেলা ও পাশের জেলার অসংখ্য মানুষ অংশ নেয়।

সরেজমিনে দেখা যায়, প্রাচীন ঐতিহাসিক এ মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড় থাকে। কেউ কেউ পরিবার নিয়ে এসে মসজিদের পাশেই রান্না করে খাওয়া দাওয়া করেন। অনেকে হাঁস, মুরগি, ছাগল টাকাসহ বিভিন্ন জিনিস মানত করেন মনের আশা পূরণের জন্য। পুরুষ দর্শনার্থীদের অধিকাংশই এ মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ে যান। নারীরাও পৃথকভাবে পর্দা দেয়া ঘেরা স্থানে নামাজ আদায় করেন। পবিত্র রমজান মাসে এলাকাবাসী এ মসজিদে জুম্মা ও তারাবিহ নামাজ আদায় করেন। এই ঐতিহ্যবাহী মসজিদটি ৫০ টাকার নোটে স্থান পেয়েছে।

দর্শনার্থী রোমানা আক্তার বাসস’কে বলেন, "আমি অনেক দুর থেকে পরিবারের সাথে এসেছি। মসজিদটির অনেক নাম শুনেছি। তাই দেখতে আসা। খুব ভালো লেগেছে। নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেছি।"

দর্শনার্থী শামিম বলেন, "আমি মসজিদটি দেখেছি ও মনের আশা পূরণের জন্য ছাগল ও টাকা মানত করেছি।" শুধু শামিমই নন, অনেকেই সামর্থ্য অনুযায়ী এখানে মানত করেন ও নামাজ আদায় করেন।

শামিমুল নামের স্থানীয় এক বাসিন্দা জানান, "এই মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ আসে। তাদের মধ্যে অনেকেই নামাজ আদায় করেন। এটি এই এলাকার গৌরব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল নগরীর জলাশয় দখল ও দূষণে বিলুপ্তির পথে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


বরিশাল নগরীর জলাশয় দখল ও দূষণে বিলুপ্তির পথে

॥ মোফাজ্জেল হোসাইন ॥

বরিশাল, ২৩ নভেম্বর ২০২৬ : বরিশাল, যা খাল, পুকুর ও দিঘি দ্বারা বেষ্টিত একটি নগরী হিসেবে পরিচিত, বর্তমানে তার ঐতিহ্য হারাতে চলেছে। নগরীর জলাশয়গুলো দখল ও দূষণের কারণে বিলুপ্তির পথে রয়েছে।

পরিবেশবিদদের মতে, নগরীর বিভিন্ন জলাশয় ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং অগ্নিনির্বাপণের জন্য গুরুত্বপূর্ণ। তবে, সময়ের সাথে সাথে দখল, দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে এসব জলাশয় হারিয়ে যাচ্ছে।

বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এক সময় নগরীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল। বর্তমানে তার ৯০ শতাংশ ভরাট হয়ে গেছে। নগরীর ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং ১৩টি মৃতপ্রায় অবস্থায় রয়েছে। বর্তমানে পানিপ্রবাহ রয়েছে মাত্র চারটিতে, ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাচ্ছে। এমনকি অগ্নিকাণ্ডের সময় পানি সংগ্রহ করতে গিয়ে ফায়ার সার্ভিসের জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে।

সূত্র জানায়, আশির দশকের আগে বরিশালে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল। ২০১১ সালে প্রণীত বরিশাল সিটির মহাপরিকল্পনা অনুযায়ী, নগরীর সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরের সংখ্যা ছিল ৪৩৬টি। বর্তমানে সেই সংখ্যা ২০০-এর নিচে নেমে এসেছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর একটি যৌথ জরিপে নগরীতে প্রায় দেড় হাজার ব্যক্তিমালিকানাধীন পুকুরের অস্তিত্ব পাওয়া গেছে। এর অধিকাংশই ভরাট করে বহুতল ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে।

নগরীর বিভিন্ন এলাকায় পুকুর ও জলাশয় ভরাটের অভিযোগ এখনো রয়েছে। ব্যক্তিমালিকানাধীন জলাশয়ের পাশাপাশি সরকারি ও ঐতিহ্যবাহী জলাশয়ও রেহাই পাচ্ছে না। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে প্রায় ৮০ শতাংশ আয়তনের একটি জলাশয় ভরাটের চেষ্টা করা হয়। একই সড়কে হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের পাশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন ৯০ দশমিক ৫০ শতাংশের আরেকটি জলাশয় ভরাট শুরু হলে পরিবেশ অধিদপ্তর তা বন্ধ করে দেয়। নগরীর নথুল্লাবাদে প্রায় তিন একরের একটি জলাধারের সিংহভাগ ভরাট করে প্লট তৈরি ও বিক্রির অভিযোগ রয়েছে।

পুকুর-দিঘির পাশাপাশি নগরীর খালগুলোও দখল ও দূষণের কারণে অস্তিত্ব হারাচ্ছে। বরিশাল নগরীতে খালগুলো একসময় পানি নিষ্কাশন ও নৌ-যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অবৈধ দখল, স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলার কারণে অধিকাংশ খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। খালের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা, ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। পানির স্তর নিচে নেমে গেছে এবং সুপেয় পানির সংকট তৈরি হচ্ছে।

বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বাসস প্রতিনিধিকে বলেন, জলাশয় হারিয়ে গেলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানি সংগ্রহের উৎস থাকবে না। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হবে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির স্তর পূনর্ভরণ এবং অগ্নিনির্বাপণের জন্য পুকুর, দিঘি ও খাল অপরিহার্য।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, রিজার্ভ ট্যাংকের পানি দিয়ে আগুন নেভাতে গেলে অনেক সময় তা অপর্যাপ্ত হয়ে পড়ে। তখন ঘটনাস্থলের কাছাকাছি জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু বরিশালে জলাশয় কমে যাওয়ায় প্রায়ই পানির সংকটে পড়তে হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বাসস’কে জানান, বরিশাল জেলায় একসময় বিপুলসংখ্যক পুকুর ও ডোবা ছিল। নগরায়ণের ফলে অধিকাংশই ভরাট হয়ে গেছে এবং উল্লেখযোগ্যসংখ্যক পুকুর, ডোবা ও খাল দখল হয়ে গেছে। বর্তমানে বরিশাল নগরীর অধিকাংশ খাল মৃতপ্রায়। ৪৬টি খালের মধ্যে মাত্র চারটিতে পানিপ্রবাহ রয়েছে এবং সেগুলোও ময়লা-আবর্জনায় ভরপুর। তিনি বলেন, বর্তমান সরকার খাল খননের পাশাপাশি পুকুর ও ডোবা রক্ষায় কাজ করছে। তবে জলাশয় রক্ষায় কার্যকর উদ্যোগ ও নিয়মিত তদারকি জরুরি।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলা শাখার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানান, পুকুর ও জলাশয় ভরাট ঠেকাতে নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, জলাশয় সংকট ও জলাবদ্ধতা নিরসনে সরকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। তিনি বলেন, ৭৩০ কোটি টাকা ব্যয়ে বরিশাল মহানগরীর ৩০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন ও সংস্কার, ১৯টি ঘাটলা নির্মাণ এবং ৫৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে।

বিলকিস বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুতির আলোকে দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও শহরাঞ্চলের উন্নয়নমূলক কাজ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও নান্দনিক নগর গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন খালের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বরিশাল মহানগরীর উন্নয়নে এ প্রকল্প অনুমোদনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশাল জেলাকে নিজের জেলা মনে করতেন এবং তাঁর যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়াও বরিশালের উন্নয়নে আন্তরিক ছিলেন। তাঁর হাত ধরেই বরিশাল বিভাগ, বরিশাল সিটি করপোরেশন ও বিমানবন্দর প্রতিষ্ঠাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল।

তিনি বলেন, জিয়া পরিবারের আরেক সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উন্নয়নে তাঁর আন্তরিকতার স্বাক্ষর রেখেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনার মদনে টোল আদায়কারীর হামলায় জুলাইযোদ্ধা নিহত, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


নেত্রকোনার মদনে টোল আদায়কারীর হামলায় জুলাইযোদ্ধা নিহত, আটক ১

নেত্রকোনার মদনে পৌরসভার ইজারাদারের টোল আদায়কারীদের হামলার ফলে নিহত হয়েছেন আব্দুল বারেক (৭০) নামের একজন জুলাইযোদ্ধা। সোমবার দুপুরে, মাত্র ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণির পুত্র। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারিয়েছিলেন। মাত্র ২০ টাকার টোল নিয়ে আদায়কারীর ঘুষিতে তার মৃত্যু ঘটে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভায় চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। অভিযোগ রয়েছে যে, নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে পৌরসভার সীমানার বাইরেও টোল আদায় করে আসছিলেন ইজারাদারের লোকজন।

সোমবার দুপুরে, ময়মনসিংহ থেকে মদনগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এই সময় অটোরিকশায় থাকা জুলাইযোদ্ধা আব্দুল বারেক টোল আদায়কারীর ঘুষিতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর মদন থানা-পুলিশ আতিকুল ইসলাম (১৯) নামের একজন যুবককে আটক করেছে। আটক আতিকুল পৌরসভা এলাকার আব্দুর রশিদের ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘এখানে আমাদেরকে স্ট্রেট লাইনে (সঠিক পথে) থাকতে হবে। অপরাধী অপরাধী হিসেবেই চিহ্নিত হবে। প্রশাসনের পক্ষ থেকে আপনারা সেভাবেই এগোবেন। কাউকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে হোসেনপুর উপজেলার চরপুমদীতে অবস্থিত হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্যকে বরণ করে নেন।

বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম মাজহার। পুমদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা সংসদ সদস্যের কাছে বিদ্যালয়ের জন্য একটি নতুন একাডেমিক ভবন এবং বাউন্ডারি দেয়ালসহ প্রধান ফটক (গেট) নির্মাণের দাবি জানান।

জবাবে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সাথে নিয়ে বিদ্যালয়ে এসে সরেজমিনে পরিদর্শন ও আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নতুন ভবন ও বাউন্ডারি গেট নির্মাণের সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি তিনি পুমদী ইউনিয়নের সবগুলো ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক শাহেদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হাসিম সবুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন, কিশোরগঞ্জ জেলা ইটভাটা সমিতির সভাপতি খালেকুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী হেলাল উদ্দিন, পুমদি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার ইসলাম বাবুল এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%