০২:১৭ এম
বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স (PACAF) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত পাঁচ দিনের বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে বৃহস্পতিবার এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মহড়ার সমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি বক্তব্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় যৌথ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার বিভিন্ন সফল কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেগে জেগেই ঘুমাচ্ছে!
এই মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা, বিমানসংক্রান্ত চিকিৎসা, আকাশপথে মালামাল পরিবহন, বিমান ঘাঁটির নিরাপত্তা এবং দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও দ্রুত উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের সশস্ত্র বাহিনী অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করে।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন অভিজ্ঞ সদস্য অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন