০৬:৫১ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ।’
তিনি আরও জানান, ‘মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
আজ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন।
আরও পড়ুন: সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং পরানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা।
সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধ লব্ধ অর্থের প্রবাহ তদন্ত করার সুপারিশও করেন।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।’
অপর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মন্তব্য করেন, ‘মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধুমাত্র মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।’
আরও পড়ুন: বরখাস্ত বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিতকরণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
এছাড়া, দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুটসমূহ চিহ্নিতকরণ এবং মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান পরিচালনা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: হাতকড়া ছাড়া জিয়াউল আহসানের আদালতে হাজিরা, সংসদে উদ্বেগ প্রকাশ ইলিয়াস আলীর স্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন