বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৫৫ পি.এম
নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে, যা পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে করা হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।
ইসি আনোয়ারুল বলেন, পাবলিক পরীক্ষা বাদ দিয়ে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে কমিশন চিন্তা করছে। বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, জানুয়ারিতে নির্বাচন শুরু হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল, কিন্তু পরে দেখা যায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। পাশাপাশি বন্যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষাসহ অন্যান্য বিষয়গুলো পিছিয়ে যাওয়ার মতো বিষয়গুলোও রয়েছে। তাই রমজান, ঈদ, পূজা, এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ সব দিক বিবেচনা করে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে কমিশন।
অন্য একটি প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সরকারের কোনো চাপে নির্বাচন কমিশন তারিখ পেছায়নি। বরং বাস্তবতা, আইন ও সংবিধান সবকিছু বিবেচনা করেই কমিশন তারিখ ঘোষণা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের কার্যকরী ভূমিকা রাখার প্রত্যয় আজ প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা ও রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কিভাবে বৃহৎ পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। এছাড়া, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও দুই পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের সামগ্রিক ভূমিকার প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।
তিনি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রম সম্পন্ন করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে রুই (১৬০ কেজি), কাতলা (১২০ কেজি), মৃগেল (৮০ কেজি), কালিবাউস (৪০ কেজি) মাছের ৪০০ কেজি পোনা অবমুক্ত করা হয়।
এই অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেসসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ৩১ বিজিবির অধীন লেংগুড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। স্থানটি সীমান্ত পিলার ১১৭২/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
অভিযানকালে ওই এলাকা থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা ভারতীয় মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ৩১ বিজিবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ