০৫:১৫ পি.এম
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীনকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সততা ও বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশন করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক জয়নাল আবেদীনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই একটি স্বার্থান্বেষী মহল এ ধরণের হয়রানিমূলক পদক্ষেপ নিয়েছে।
সমাবেশ থেকে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাদার সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা স্বাধীন সংবাদপত্রের ওপর সরাসরি আঘাত। অনতিবিলম্বে সাংবাদিক জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁকে নিঃশর্ত মুক্তি না দিলে পরবর্তীতে চট্টগ্রামসহ সারাদেশে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রাম ও সীতাকুণ্ডের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের কর্মীরা সংহতি জানিয়ে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন