০৩:৪৮ পি.এম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ-তারাটিয়া-সানন্দবাড়ি সড়কের হাতিভাঙ্গা ইউনিয়নের কাঁঠাল বিল এলাকায় নদীর ভাঙনরোধে নির্মিত প্যালাসাইডিং ও সিসি ব্লক ফাটল ধরার পর ধসে পড়েছে। কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই সড়কের সুরক্ষার জন্য নির্মিত এসব অবকাঠামো ধসে পড়ার ঘটনা ঘটে। ধসে পড়া অংশে ফের মেরামতের নামে জোড়াতালির কাজ শুরু হলেও স্থানীয়দের মধ্যে কাজের মান নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, দায়সারা মেরামতের কারণে নতুন করে ধসে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সিসি ব্লকে ফাটল ধরে ধসে পড়ে। ব্লকের চাপের কারণে প্যালাসাইডিং ভেঙে যায়। এছাড়া, সড়কের পাশের নদী থেকে মাটি তুলে প্যালাসাইডিংয়ের কাজে ব্যবহার করা হয়েছে। এর ফলে নির্মিত ব্লকগুলো দুর্বল হয়ে ফাটল ধরে ধসে পড়ে। বর্তমানে পুনরায় মেরামতের নামে জোড়াতালির কাজ চললেও তা নিয়েও স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ-তারাটিয়া বাজার-সানন্দবাড়ি সড়কের সংস্কার কাজের দায়িত্ব পায় মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ। ২০২৪ সালের ১ আগস্ট কাজ শুরু হয়। ২০২৫ সালের ৩ অক্টোবর কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে এর মেয়াদ বৃদ্ধি করা হয়। এ সড়কের কাঁঠাল বিল এলাকায় ৪৫৫ মিটার প্যালাসাইডিং নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয় ৩২ লাখ ৩১ হাজার ৮৬৫ টাকা। এছাড়া ২ হাজার ৫২৫ বর্গমিটার সিসি ব্লক নির্মাণের জন্য বরাদ্দ ছিল ২৪ লাখ ৮৪ হাজার ১৬৬ টাকা। সব মিলিয়ে এ দুটি কাজের বরাদ্দ ৫৭ লাখ ১৬ হাজার ৩১ টাকা। কাজ শেষ হওয়ার কিছুদিন পরই প্যালাসাইডিং ও সিসি ব্লকে ফাটল ধরে ধসে পড়ে। পরে সেগুলো মেরামতের উদ্যোগ নেয়া হয়। বর্তমানে পুনরায় মেরামতের কাজ চলছে।
আরও পড়ুন: ডা. জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবরার সৌজন্য সাক্ষাৎ
সরেজমিনে কাঁঠাল বিল এলাকায় গিয়ে দেখা যায়, ধসে পড়া প্যালাসাইডিং ও সিসি ব্লক মেরামতের কাজ চলছে। ধসে যাওয়া ব্লকগুলো তুলে নতুন করে বসানো হচ্ছে। কিন্তু ব্লক ধসে প্যালাসাইডিংয়ের মাঝখানে ভেঙে গেছে। সেখানে জিও ব্যাগ ফেলা হচ্ছে। সেই প্রকল্পে ২০ থেকে ৩০ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। আবার বিভিন্ন স্থানে ফাটল ধরা ও ক্ষতিগ্রস্ত অংশে সিমেন্টের প্রলেপ দিয়ে মেরামত করা হচ্ছে। কোথাও কোথাও ফাটল ও ভাঙা অংশ ঢেকে দেয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কের প্যালাসাইডিং নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। একপর্যায়ে সেগুলো ধসে পড়ে। বর্তমানে আবার মেরামতের কাজ শুরু হয়েছে। তবে অভিযোগ উঠেছে যে, শুধুমাত্র দায়সারা মেরামত করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, ‘নদী থেকে মাটি তুলে আবার সেখানেই ডাম্পিং করা হয়েছে। এরজন্য মাটি সড়ে গিয়ে ব্লক ধসে পড়েছে। বর্তমানে মেরামতের কাজ চললেও দায়সারা কাজ করা হচ্ছে। ভারি বৃষ্টি হলেই ব্লক ধসে যেতে পারে। আর প্যালাসাইডিংয়ের ভাঙা অংশে কোনো ধরনের মেরামত কাজ না করে সেখানে বালুর বস্তা ফেলে জোড়াতালির মেরামত কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
একই এলাকার রাকিব হাসান বলেন, ‘এ কাজে পুরোপুরি দুর্নীতি হয়েছে। এখান থেকে মাটি তুলে এখানেই দেয়া হয়েছে। কাজে সিমেন্ট ব্যবহার করা হয়েছে কম। দেওয়ালটা (প্যালাসাইডিং) ১০ ইঞ্চির জায়গায় ৫ ইঞ্চি করা হয়েছে। দুর্নীতি করার কারণেই ব্লক ধসে পড়ছে।’
আরও পড়ুন: বকেয়া আদায়ে বিটিআরসির কঠোর পদক্ষেপ, নিয়ম লঙ্ঘনকারী অপারেটরদের জরিমানা
এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের মালিক শ্যামল চন্দ্র সাহার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। তিনি ফোন রিসিভ করলেও এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে পরে ফোন করে কথা বলবেন বলে ফোন রেখে দেন তিনি।
দেওয়ানগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড নদী থেকে মাটি উত্তোলন করেছিল। ধসে যাওয়া অংশে পুনরায় সংস্কার কাজ করা হচ্ছে। বর্তমানে কাজ প্রায় শেষের দিকে।’
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রমজান আলী বলেন, ‘কাজ শেষ হওয়ার পরও এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে এর দায়ভার ঠিকাদার প্রতিষ্ঠানকে নিতে হবে। ধসে যাওয়া অংশে পুনরায় সংস্কার কাজ চলছে।
আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন