০১:৫৬ পি.এম
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে ২১ ঘণ্টা পর।
রোববার (২৮ জুন) সকালে সাড়ে ৯টায় উখিয়ার রেজুখালে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে বিচ কর্মী, ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড।
এর আগে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হন মোহাম্মদ সায়েম (২২), যিনি চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।
আরও পড়ুন: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির একাধিক অভিযোগ
সায়েমের বন্ধু মো. আরমান জানান, তারা দুই বন্ধু শনিবার সকালে বান্দরবান থেকে কক্সবাজার শহরে আসেন। এরপর মোটরসাইকেল নিয়ে দুজন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ঘুরতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সৈকতের দক্ষিণ পাশে জেটিঘাট সংলগ্ন (পালংকী রেস্তোরাঁর সামনে) সৈকতে গোসলে নামেন। হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় তার বন্ধু সায়েম গভীর সাগরের দিকে ভেসে যান। নির্জন সৈকতে তখন লাইফগার্ড, পুলিশ কিংবা লোকজনের তেমন উপস্থিতি ছিল না। পরে তিনি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এরপর স্থানীয় জেলে, বিচ কর্মী এবং পরে দমকল বাহিনীর একটি ইউনিট এসে তল্লাশি শুরু করে।
ইনানীস্থ টুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান বলেন, সায়েম ও আরমান দুই বন্ধু সকালে বান্দরবান থেকে কক্সবাজার পৌঁছান। দুপুরে মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ইনানী সৈকতে পৌঁছে জেটিঘাট এলাকায় গোসলে নামেন। এ সময় সায়েম নিখোঁজ হলেও অপর বন্ধু আরমান প্রাণে রক্ষা পান। এরপর ফায়ার বাহিনী, বিচ কর্মী, লাইফগার্ড, কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ ও জেলেদের সহযোগিতায় কয়েকটি ইঞ্জিন নৌকা নিয়ে সাগরে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সায়েমের খোঁজ মেলেনি। গোসলের সময় সাগরে ভাটা চলছিল।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন জানান, সারারাত সায়েমের বাবা মোহাম্মদ ইকবালকে অনেক খোঁজাখুঁজি করা হয়নি। পরে সকালে একসঙ্গে কোস্টগার্ড, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস তল্লাশি কার্যক্রম আবারও শুরু করেন। পরে রেজুখালে একটি মরদেহ ভাসছে খবর পেয়ে সবাই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মরদেহটি দেখে এটি সায়েমের বলে শনাক্ত করে তাঁর বাবা মোহাম্মদ ইকবাল। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩১ মে কক্সবাজার শহরের সিগাল সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন মো. আবির (১৮) নামের একজন পর্যটক। ওই দিন দুপুরে আট বন্ধুর সঙ্গে তিনি সমুদ্রে গোসলে নেমেছিলেন। আবির রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা ইলিয়াস মুন্সির ছেলে। পরের দিন ১ জুন ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার উত্তরে নাজিরারটেক সৈকতে আবিরের মরদেহ ভেসে আসে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশুদের ধর্ষণ-হত্যার হুমকি, ভাইরাল ভিডিও ঘিরে উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন