০৭:৪২ পি.এম
গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্টের কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে ২ কোটি ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই অভিযানের সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মোশারফ হোসেন মুনসুরের পুত্র এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান শেখ (২৪)। অন্যজন হলেন শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোস্তফা কামালের পুত্র এবং ছাত্রলীগ নেতা ইমরানের সহযোগী রবিন আহাম্মদ (১৯)।
আরও পড়ুন: মারা গেলেন জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ বিপ্লব হোসেন
পুলিশের সূত্র থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার গিয়াসনগর এলাকা থেকে ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে শ্রীপুরের চন্নাপাড়ায় রবিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি বিদেশি পিস্তলসহ রবিনকেও গ্রেপ্তার করা হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, ইমরান শেখের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির সঙ্গে জড়িত সাতটি মামলা রয়েছে। রবিন আহাম্মদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে। তারা উভয়েই টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড চেয়ে শুক্রবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সন্ধ্যায় নরসিংদী থেকে প্রাইভেটকারে করে ২ কোটি ৩০ লাখ টাকা নিয়ে ফিরছিলেন শ্রীপুরের মাওনার একটি বিকাশ এজেন্টের কর্মকর্তারা। গাড়িটি নরসিংদী-মাওনা সড়ক হয়ে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্ণপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে। পরে কর্মকর্তাদের গুলি করে টাকা লুট করে নিয়ে যায় তারা।
আরও পড়ুন: ৩ ডিসেম্বর জকিগঞ্জে আসছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন