মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩০ পি.এম
দুর্গম পাহাড়ে চিকিৎসার সুযোগ সীমিত, দূরত্ব আর অর্থনৈতিক সংকট অনেকের জন্য নিয়মিত চিকিৎসা নেওয়ার পথে বাধা। এমন বাস্তবতায় খাগড়াছড়ির দীঘিনালায় আট শতাধিক মানুষের চোখ পরীক্ষা ও চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থাও নেওয়া হচ্ছে এ উদ্যোগে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে দীঘিনালা জোনের উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ চক্ষু চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চাকমা, বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ চিকিৎসা নিতে উপস্থিত হন। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চোখ পরীক্ষা, রোগ নির্ণয়, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যাঁদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাঁদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিয়েছে দীঘিনালা জোন।
চিকিৎসা নিতে আসা রত্না চাকমা বলেন, ‘টাকার অভাবে চোখের ডাক্তার দেখাতে পারি না। সেনাবাহিনী বিনা টাকায় চোখের চিকিৎসা করাচ্ছে। আমাদের এলাকার আরও অনেক মানুষ এই চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন, তাই আমিও এখানে এসেছি।’
আরেক রোগী বকুল হোসেন বলেন, ‘আমাদের এলাকা থেকে অনেকেই সেনাবাহিনীর এই চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন। তাঁদের দেখে আমিও চোখের ডাক্তার দেখাতে এসেছি।’
চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. আরেফ রহমান ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকরা।
ক্যাপ্টেন মো. আরেফ রহমান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় দীঘিনালা জোনের উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ দীঘিনালা মিনি স্টেডিয়ামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।’
দুর্গম পাহাড়ে চিকিৎসাসেবার সুযোগ সীমিত থাকা মানুষের কাছে এ ধরনের উদ্যোগ চোখের সমস্যায় ভোগা অনেক মানুষের উন্নত চিকিৎসার পথও খুলে দেয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইতালির সিসিলিতে একটি ফুটবল ম্যাচ চলাকালীন লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে এসে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। এই ভয়াবহ ঘটনার কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকরা পুলিশ ডাকতে বাধ্য হন। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
ঘটনাটি ঘটেছিল ইতালির তৃতীয় ডিভিশনের একটি অপেশাদার ফুটবল ম্যাচের সময়। গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্না মুখোমুখি হয়েছিল।
ম্যাচ চলাকালীন গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রতিপক্ষের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করেন। এই কারণে প্রথমে তাকে হলুদ কার্ড দেখানো হয়। পরে তিনি প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাথি মারলে রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে সরাসরি লাল কার্ড দেখান।
পাওলিনিকে লাল কার্ড দেখানোর প্রতিবাদে গ্যালাকটিকের কোচ কালান্দ্রা রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাকেও লাল কার্ড দেখান রেফারি, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
তবে ঘটনার ভয়াবহতা এরপর বাড়তে থাকে। লাল কার্ড দেখে ড্রেসিংরুমে চলে গেলেও কয়েক মিনিট পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন পাওলিনি। অভিযোগ রয়েছে যে, তিনি প্রতিপক্ষ অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখাতে থাকেন। এমনকি দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরার অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে রেফারি ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়।
এদিকে, ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। তারা ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঘটনার পাঁচ দিন পর সোমবার নিহতের ছেলে বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি মো. মোহায়মিনুল ইসলাম।
মামলায় নয়জনের নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
নিহত আশরাফ আলী (৫৮) দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।
আসামিরা হলেন- বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা রইস উদ্দিন ব্যাপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০),
আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামার গ্রামের কলেজ পাড়ার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনা মিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫), গোপরেখীর মো. ইয়াহিয়া (৩২)। তারা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
নিহত আশরাফ আলীর ছেলে ইয়াকুব আলীর করা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন এনায়েতপুর থানার এসআই ফরিদ উদ্দিন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহায়মিনুল ইসলাম মঙ্গলবার সকালে জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
মামলায় বলা হয়েছে, বুধবার রাতে গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের দোকানে বসেছিলেন আওয়ামী লীগ নেতা আশরাফ। সেই সময় মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে আসেন।
এক পর্যায়ে তারা আশরাফকে মারধর ও ছুরিকাঘাত করে চলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রমজান উপলক্ষে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো আমদানি ব্যয় হ্রাস করা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে ফলের দাম সহনীয় পর্যায়ে রাখা।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সোমবার (২৩ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এসআরও নম্বর ৪২০-আইন/২০২৬/কাস্টমস অনুযায়ী, এই নতুন সুবিধা অবিলম্বে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত সব ধরনের তাজা ও শুকনো খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। প্যাকেটজাত ও খোলা—দুই ধরনের খেজুরের আমদানিতে চারটি এইচএস কোডের আওতায় এই সুবিধা পাওয়া যাবে।
এছাড়া, আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য তাজা আপেল ও কমলা আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ফল দুটি আমদানিতে রেগুলেটরি ডিউটি (আরডি) ৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক (এসডি) ২০ শতাংশের অতিরিক্ত অংশ প্রত্যাহার করা হয়েছে। আমদানি পর্যায়ে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আগাম কর (এটি) সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রমজানের কয়েক মাস আগে শুল্ক-কর ছাড়ের ঘোষণা দেওয়ার ফলে আমদানিকারকেরা আগেভাগে পণ্য সংগ্রহ ও ঋণপত্র (এলসি) খোলার প্রস্তুতি নিতে সক্ষম হবেন। এর ফলে রমজানের আগে এসব ফলের আমদানি বৃদ্ধি পেতে পারে।
তবে, আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর সুফল খুচরা বাজারে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে আরও কয়েকটি বিষয়ের ওপর। আন্তর্জাতিক বাজারে ফলের দাম, ডলারের বিনিময় হার, পরিবহন ব্যয় এবং আমদানি ও বিপণন পর্যায়ে ব্যবসায়ীদের মুনাফার ওপরও খুচরা মূল্য নির্ভর করছে।
সুতরাং, শুল্ক-কর ছাড়ের সুফল সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছাতে আমদানি, সরবরাহ ও বাজারদর নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি তব্দুল হোসেন (৬২) মারা গেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অসুস্থ হয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা ২৫ অক্টোবর বন্দি তব্দুল হোসেনকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিম হোসেন জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ