০৯:১৭ পি.এম
রাজধানীর আশুলিয়া থেকে অপহরণের তিন দিন পর সাইম (৮) নামের এক শিশুকে ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নাদিম ওরফে হৃদয় (৩৩) এবং তাঁর স্ত্রী আসমা আক্তারকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। একই দিন সকালে ভালুকা থানার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া নাদিম ময়মনসিংহের গফরগাঁও থানার নেওকা গ্রামের মৃত গফুর মৃধার ছেলে। তাঁর স্ত্রী আসমা আক্তারও এ মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।
আরও পড়ুন: কসবায় সিএনজি অটোরিকশায় মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সকাল ১১টার পর আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিম পাড়া গোচারটেক এলাকার ‘আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে প্লে-শ্রেণির ছাত্র সাইম নিখোঁজ হয়ে যায়। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শিশুটিকে জিম্মি করে তাঁর পরিবারের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় শিশুটির বাবা মো. নাছির উদ্দিন আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ভালুকার মনোহরপুর এলাকা থেকে নাদিম ও আসমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, "আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
আরও পড়ুন: আপন চাচাতো বোন পরিচয়ে প্রবাসীর স্ত্রী'র সঙ্গে মাদক কারবারি নয়নের পরকীয়া! অবশেষে জনতার হাতে আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন