সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৪৮ পি.এম
রাজধানীর কিছু এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্যাস সরবরাহ পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে, যা গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য করা হচ্ছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ একটি বার্তায় এ তথ্য জানিয়েছে। আগামীকাল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এছাড়া, তিতাস জানায় যে, এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে।
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা জারি করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম প্রতিরোধ এবং তদারকি জোরদার করার লক্ষ্যে। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনের জবাব, কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা অথবা এ ধরনের গুরুত্বপূর্ণ চিঠিপত্র পাঠাতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তার (ক্যামেলকো) যৌথ স্বাক্ষর প্রয়োজন হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ (এএমএলডি) এই সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। সার্কুলারটি দেশের সকল ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধের জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়মিত ও বিশেষ পরিদর্শন পরিচালিত হয়। পরিদর্শনের সময় যদি কোনো অনিয়ম বা অসংগতি ধরা পড়ে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে জবাব চাওয়া হয় অথবা কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, এসব গুরুত্বপূর্ণ চিঠির জবাবে অনেক ক্ষেত্রেই ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা বা এমডির সরাসরি স্বাক্ষর অনুপস্থিত থাকে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনের জবাব, বিশেষ আর্থিক হিসাবসংক্রান্ত প্রতিবেদন এবং কারণ দর্শানোর নোটিশের ব্যাখ্যা এমডি বা সিইও এবং ক্যামেলকোর যৌথ স্বাক্ষরে জমা দিতে হবে।
যদি কোনো প্রতিষ্ঠানে এমডি পদ শূন্য থাকে অথবা এমডি অনুপস্থিত থাকেন, তাহলে আইন অনুযায়ী যিনি ওই পদে দায়িত্ব পালন করছেন তার স্বাক্ষর নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, গুরুত্বপূর্ণ এসব জবাব ও নথিতে প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের যৌথ স্বাক্ষর থাকলে দায়বদ্ধতা নিশ্চিত হবে এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে তদারকি আরো কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়ান গেমসে যাওয়ার আগে চোটের কারণে একটি বড় ধাক্কা খেয়েছে। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।
বিসিবি এক বিবৃতিতে জানায়, সাইফউদ্দিনের মাঠে ফিরতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান সাইফউদ্দিনের চোট সম্পর্কে বলেছেন, “১৯ সেপ্টেম্বর বোলিং অনুশীলন করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা এবং এমআরআই করার পর তার চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহের পুনর্বাসনের (রিহ্যাব) প্রয়োজন।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের চার দিনের ম্যাচে খেলার সময় সাইফউদ্দিন হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। অনুশীলনে আবার ব্যথা অনুভব করার পর পরীক্ষায় তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। এর ফলে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না তার।
এদিকে, দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্তও চোটে পড়েছেন। তার বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলের চামড়া ছিলে গেছে। তবে টিম ম্যানেজমেন্ট এতে খুব বেশি সমস্যা দেখছে না।
এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ২৫ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা করছে। ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কোয়ার্টার ফাইনালে লিটন দাসদের প্রতিপক্ষ নির্ধারিত হবে। প্রথম পর্বের ম্যাচ শেষে জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের যেকোনো একটি দল বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত ৩৩০০০/১১০০০ ভোল্ট এবং ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন এ বৈদ্যুতিক উপকেন্দ্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উপাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "এ উপকেন্দ্র চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলো এবং এর মাধ্যমে নোবিপ্রবিতে বিদ্যুৎ সমস্যার একটি স্থায়ী সমাধান হবে বলে আমি মনে করি।"
আরো পড়ুন
তিনি আরও উল্লেখ করেন, "একমাত্র জাতীয় গ্রিডের সমস্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত এই উপকেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।" উপাচার্য এ সময় শিক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আরো পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অ.দা) মো. জামাল হোসেন এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌ. মোহাম্মদ শরীফ হোসেন। এছাড়া, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) এর ডিজিএম ও পবিস সোনাপুর, নোয়াখালীর ডিজিএমসহ নোবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুর জেলার ধান ও সবজি খেতের কৃষকরা অধিক ফলনের প্রত্যাশায় কীটনাশক প্রয়োগের ফলে বাতাসে কীটনাশকের গন্ধ ছড়িয়ে পড়ছে। গ্রামীণ এলাকার ফসলের মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে কৃষকদের জমিতে কীটনাশক প্রয়োগ করতে দেখা যাচ্ছে। এই কারণে জমির আশপাশে চলাচলকারী পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। পাশাপাশি, কীটনাশকের সংস্পর্শে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা করছে জনসাধারণ।
কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ধান ও সবজি খেতে পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফসল রক্ষার্থে ঘন ঘন কীটনাশক প্রয়োগ করতে হয়। ফলে জমির আশপাশের রাস্তা, ঘরবাড়ি এবং জনবসতিপূর্ণ গ্রামীণ জনপদে কীটনাশকের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। এর ফলে কৃষিজমির পাশ দিয়ে চলাচলরত অনেক লোককে নাকে-মুখে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকার বাসিন্দারা জানান, অনেকেই সকাল থেকে বিকেল পর্যন্ত জমিতে কীটনাশক প্রয়োগ করেন। এর ফলে বাতাসে সেই গন্ধ আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে শিশু, বয়স্ক এবং সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে, যাদের নাকে-মুখে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে। অনেকের আশঙ্কা, অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক ব্যবহারে পরিবেশ এবং জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ধানসহ শাক সবজি উৎপাদনে পোকামাকড় দমন জরুরি। কিন্তু এই কারণ এবং অধিক ফলনের আশায় জমিতে অতি মাত্রায় কীটনাশক প্রয়োগের বিরূপ প্রভাব শুধুমাত্র ফসলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাছাড়া, কীটনাশক প্রয়োগের সময় পাশের লোকজনের সংস্পর্শে আসার কারণে বিষক্রিয়া হতে পারে। এজন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ এবং কৃষকদের কীটনাশক ব্যবহারে সতর্ক করার পাশাপাশি নির্ধারিত মাত্রা, সঠিক সময় এবং সঠিক পদ্ধতি অনুসরণের বিষয়ে সচেতন করার জন্য কৃষি বিভাগের কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করা প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
জেলা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, কৃষিজমিতে অতিরিক্ত বা অনিয়মতান্ত্রিকভাবে কীটনাশক প্রয়োগ মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। কীটনাশক প্রয়োগের ফলে সংস্পর্শ, শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ অথবা দূষিত পরিবেশের সংস্পর্শে আসার কারণে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে যারা কীটনাশক প্রয়োগ করেন, তাদের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ জরুরি।
কৃষকদের নিরাপত্তা এবং জমির আশপাশের মানুষের কথাও বিবেচনায় রেখে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে অনুমোদিত কীটনাশক, নির্ধারিত মাত্রা এবং ব্যবহারের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।
জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তাগণ বলেন, ধানখেতে মাজরা পোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকার আক্রমণ দেখা দিতে পারে। তবে পোকা দেখা দিলেই অতিরিক্ত মাত্রায় কীটনাশক প্রয়োগ করা সমাধান নয়। জমির অবস্থা এবং পোকার উপস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কৃষি বিভাগ শুধুমাত্র রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভর না করে সমন্বিত ব্যবস্থাপনায় কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ