ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন


দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি  ঘোষণা করলেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

সাভার, ১ নভেম্বর, ২০২৬ : ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি উল্লেখ করেন, এই সরকারের সময়ে দুর্নীতি করে কেউ কোনোভাবেই পার পাবে না।

আজ সাভারের বিসিএস লাইভস্টক একাডেমীর মসজিদ সংলগ্ন মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৪২তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৬-২৭-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ে ইতঃপূর্বে নেওয়া দুর্নীতিবিরোধী পদক্ষেপ ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ভূমি মন্ত্রণালয়ের যে কোনো দুর্নীতির বিষয়ে ইতোমধ্যে একটি আধুনিক ট্রাকিং সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে পাওয়া অভিযোগের সত্যতা দ্রুত যাচাই করে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বর্তমান সরকার স্মার্ট ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদান করতে ই-নামজারি, ডিজিটাল ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান ও ম্যাপ সরবরাহসহ সার্বিক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা জোরদার করেছে।

আরও পড়ুন: মৌলভীবাজারে ১৬ বছর বয়সী কিশোরীকে জিম্মি করে ধর্মান্তর ও ধর্ষণের অভিযোগে মানববন্ধন

অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থী তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে প্রতিমন্ত্রী বলেন, ভূমি প্রশাসন ও বিচারিক সেবায় আপনাদের দক্ষতা, মেধা ও সততার ওপর সাধারণ মানুষের আস্থা নির্ভর করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে ৫১ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে জুডিশিয়াল, প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারের মোট ৫৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি মিজ সায়মা ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১১ জেলায় ৮৭৯ জন গ্রেপ্তার, ৩০৩ কিশোর অভিভাবকের জিম্মায় মুক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে আগের চেয়ে ১৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


চলতি অর্থবছরে আগের চেয়ে ১৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০ হাজার ১৪৯ মিলিয়ন ডলার। এই পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান অর্থবছরের রেমিট্যান্স আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের অক্টোবর মাসে এই পরিমাণ ছিল ২ হাজার ৫৬৪ মিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরের অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহ ১২ দশমিক ১ শতাংশ বেড়ে গেছে।

এদিকে, ২৯ থেকে ৩১ অক্টোবর এই তিন দিনে দেশে ২১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিবারিক সচেতনতা সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে : ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


পারিবারিক সচেতনতা সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে : ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ১ নভেম্বর, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন, পারিবারিক সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা সন্তানদের বাল্যবিবাহ, মাদক, যৌতুক ও জুয়ার মতো ভুল পথে যাওয়া থেকে রক্ষা করতে পারে।

মন্ত্রী বলেন, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। যুবশক্তিকে দুর্বল করে দেওয়ার মাধ্যমে একটি জাতিকে ধ্বংস করা সম্ভব। তাই শিক্ষার্থীদের এসব অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে এবং নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আজ লালমনিরহাট সরকারি কলেজের আয়োজনে একাদশ শ্রেণির (২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেওয়া আইনত অপরাধ। এর ফলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। যদি কোনো ছাত্রী বাল্যবিবাহের ঝুঁকিতে পড়ে, তবে তাকে ভয় না পেয়ে প্রশাসনের সহযোগিতা নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে হবে। মন্ত্রী এ সময় অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের নিয়মিত খোঁজখবর রাখতে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, আমাদের সমাজে বিয়ের সময় যৌতুক গ্রহণের মাধ্যমে যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, তা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই যৌতুকবিরোধী মানসিকতা এখন থেকেই গড়ে তুলতে হবে।

যুবসমাজকে ধ্বংসের অপচেষ্টা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে এখন তরুণরা ঘরে বসেই অনলাইন জুয়া, বেটিং ও ক্যাসিনোয় আসক্ত হচ্ছে। তাছাড়া অনেক তরুণ মাদকাসক্তি, বেকারত্ব ও হতাশার কারণে নিজেদের সম্ভাবনা নষ্ট করছে। এই অবস্থা থেকে উত্তরণে যুবসমাজকে সৃজনশীল ও উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত হতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি যুবসমাজকে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কাজ করছেন। বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পরিচালিত এসব কার্যক্রমে প্রশাসনও সহযোগিতা করছে। আর এসব উদ্যোগের ফলে এলাকায় মাদকসেবীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যুবসমাজ সাহসী ভূমিকা রেখেছে। তারা প্রমাণ করেছে ‘সাহসী যৌবনই সুন্দর আগামী’।

বর্তমান সময় উন্নয়ন ও উৎপাদনের উল্লেখ করে তিনি বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবসমাজকে দেশপ্রেম, আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক আব্দুর রহিম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ যুবক আব্দুর রহিম গ্রেফতার

চট্টগ্রাম, ১ নভেম্বর, ২০২৬ : পুলিশ চট্টগ্রামের রাউজানে আব্দুর রহিম বাদশা (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে, তার কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি ছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আব্দুর রহিম বাদশাকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করার সময় একটি বিদেশি পিস্তল, পিস্তলে লোড করা একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ‘মেইড ইন ইউএসএ’ লেখা ছিল।

গ্রেফতার হওয়া আব্দুর রহিম বাদশা রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের হিংগলা নতুনপাড়া এলাকার মৃত রাজা মিয়ার পুত্র।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আজ আদালতে হাজির করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোগামী সদস্যদের ব্রিফিং দিলেন বিমান বাহিনী প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোগামী সদস্যদের ব্রিফিং দিলেন বিমান বাহিনী প্রধান

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে (ডিআর কঙ্গো) নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউটিলিটি এভিয়েশন ইউনিটের কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে।

আজ রোববার, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

তিনি এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী এবং দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান।

পরে, তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকায় নিয়োজিত এয়ার অফিসার এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি এমআই সিরিজ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টসহ ১৩৪ জন সদস্য বর্তমানে ডিআর কঙ্গোতে জাতিসংঘের মনুস্কো শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩ দলটি তাদের স্থলাভিষিক্ত করবে। এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।

গত ২৮ অক্টোবর কন্টিনজেন্টের ২৩ সদস্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে রওনা হন। কন্টিনজেন্টের বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%