ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আবারও হাইকোর্টে জয়া আহসান, রুল জারি


আবারও হাইকোর্টে জয়া আহসান, রুল জারি

হাতির ওপর নির্যাতন বন্ধের জন্য রিটের পর সম্প্রতি ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার এই আবেদনের প্রেক্ষিতে ঘোড়ার মাংস খাওয়া যাবে কি না এবং এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ কেন নেয়া হয়নি, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছেন।

একইসঙ্গে ঘোড়ার মাংসের বাণিজ্যিক ব্যবহার ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ন্ত্রণে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরির নির্দেশ দেয়াও হয়েছে।

রোববার (৭ জুন) জয়া আহসানের রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ প্রদান করেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

গত ১১ মে রিটটি দায়ের করেন জয়া আহসান। রিটে অসুস্থ প্রাণীকে মানুষের খাদ্য হিসেবে প্রতারণামূলকভাবে বাজারজাত করার অভিযোগে উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। পূর্ববর্তী অনুরোধের পরেও কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ায় পিটিশনকারীরা আদালতের শরণাপন্ন হয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে মন্ত্রণালয়ে পাঠানো পূর্ববর্তী অভিযোগগুলোর নিষ্পত্তি, যথাযথ আইনি প্রক্রিয়া শুরু এবং গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্যের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ এবং সময়সীমাবদ্ধ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

পিটিশনকারীরা আরও অনুরোধ করেছেন যে, এ ধরনের কার্যক্রম বন্ধে ৬০ দিনের মধ্যে একটি জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হোক, বাজেয়াপ্ত ও অসুস্থ ঘোড়ার নিলাম অবিলম্বে বন্ধ করা হোক এবং উদ্ধারকৃত প্রাণীর পরিচর্যা ও পুনর্বাসনের জন্য যথাযথ সুবিধা বা অভয়ারণ্য—বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্থাপনের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পিটিশনকারীদের মতে, তাৎক্ষণিক বিচারিক হস্তক্ষেপ ছাড়া এই অবৈধ কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে থাকতে পারে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

এর আগে, বন্দি হাতির সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়েবাড়িতে শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র‌্যালিতে বিজ্ঞাপনের মতো বা বিনোদন কাজে হাতি ব্যবহার করার এবং এই ব্যবহারের জন্য হাতিকে বাধ্য করতে নির্যাতনের মাধ্যমে প্রশিক্ষণ বন্ধ করতে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেছিলেন অভিনেত্রী জয়া আহসান এবং প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পিএডব্লিউ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার আশ্রয় শিবিরে শৌচাগার সংকটে ভুগছেন লাখো ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


গাজার আশ্রয় শিবিরে শৌচাগার সংকটে ভুগছেন লাখো ফিলিস্তিনি

গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনির জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগারের সংকট এখন একটি বড় মানবিক সমস্যায় পরিণত হয়েছে। উপত্যকার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বিশাল অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাসকারী মানুষ প্রতিদিনই এই দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। বর্তমানে গাজায় প্রায় ১৭ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় শিবিরে বসবাস করছেন। যুদ্ধ ও সংঘাতের কারণে ঘরবাড়ি হারিয়ে তারা তাবুতে দিন কাটাচ্ছেন। তবে খাদ্য ও পানির সংকটের পাশাপাশি শৌচাগারের অভাবও তাদের দৈনন্দিন জীবনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ গাজার একটি তাবুশিবিরে বসবাসকারী ৩৮ বছর বয়সী মোস্তফা শাবান পরিবারের জন্য নিজেই একটি অস্থায়ী শৌচাগার তৈরি করেছেন। পরিবারের সদস্যদের গণশৌচাগার ব্যবহার থেকে রক্ষা করতেই তিনি এই উদ্যোগ নেন। শাবান প্রথমে বালুমাটিতে একটি অগভীর গর্ত খনন করেন। পরে গর্তের চারপাশে কংক্রিটের আস্তরণ দেন, যাতে সেটি কিছুটা টেকসই হয়। এরপর গর্তের ওপর তলাবিহীন একটি প্লাস্টিকের বালতি বসান। সবশেষে পুরোনো একটি প্লাস্টিকের টয়লেট সিট লাগিয়ে শৌচাগারটি ব্যবহারের উপযোগী করেন।

তবে এই শৌচাগার ব্যবহারের অভিজ্ঞতাও সুখকর নয়। গর্ত থেকে সব সময় তীব্র দুর্গন্ধ বের হয়। সেখানে মাছি ও মশার উপদ্রবও রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো, শৌচাগারটি পরিবারের ঘুমানোর জায়গা এবং খাবার রান্নার স্থানের খুব কাছেই অবস্থিত। ফলে স্বাস্থ্যঝুঁকি আরো বেড়ে যায়।

শাবান জানান, প্রতি সপ্তাহে তাকে গর্তে জমে থাকা মলমিশ্রিত কাদা নিজ হাতে পরিষ্কার করতে হয়। অস্বাস্থ্যকর এই কাজ তার জন্য কষ্টকর হলেও পরিবারের সদস্যদের কিছুটা গোপনীয়তা ও স্বস্তি দিতে তিনি এটি করে যাচ্ছেন। তার মতে, এই অস্থায়ী শৌচাগার আশ্রয় শিবিরের গণশৌচাগারগুলোর তুলনায় ভালো। কারণ সেই সাধারণ শৌচাগারগুলো শত শত মানুষ ভাগাভাগি করে ব্যবহার করেন। অতিরিক্ত ব্যবহারের কারণে সেগুলো খুবই নোংরা হয়ে থাকে এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়।

মোস্তফা শাবান বলেন, 'আমি চাইনি আমার স্ত্রী ও সন্তানরা গণশৌচাগার ব্যবহার করুক। সেখানে গোপনীয়তা নেই, আর পরিস্থিতিও খুব খারাপ। এটি তাদের জন্য অপমানজনক।' দুই বছর আগে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে তাকে নিজের বাড়ি ছেড়ে যেতে হয়। দক্ষিণ গাজার রাফাহ থেকে সরে গিয়ে তিনি বর্তমানে খান ইউনিস এলাকায় আশ্রয় নিয়েছেন। সেখানে একটি তাবু শিবিরে পরিবারের সঙ্গে বসবাস করছেন। নিজের তৈরি শৌচাগার সম্পর্কে শাবান বলেন, পরিস্থিতি খুবই খারাপ এবং অস্বাস্থ্যকর। কিন্তু অন্তত সেখানে তার পরিবারের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা কিছুটা হলেও বজায় থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান-ফিলিপাইন সমুদ্রসীমা বিষয়ে আলোচনার পর তাইওয়ানের জলসীমায় চীনের ‘বিশেষ অভিযান’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


জাপান-ফিলিপাইন সমুদ্রসীমা বিষয়ে আলোচনার পর তাইওয়ানের জলসীমায় চীনের ‘বিশেষ অভিযান’

জাপান এবং ফিলিপাইনের মধ্যে তাইওয়ানের পূর্বদিকে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে সম্প্রতি আলোচনার পর তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জলসীমায় চীন একটি ‘বিশেষ অভিযান’ পরিচালনা করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের মাধ্যমে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

গত মাসে টোকিও এবং ম্যানিলা ঘোষণা দেয় যে, তারা তাদের মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও মহীসোপানের সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে। এ ঘোষণা বেইজিংয়ের তীব্র অসন্তোষের মুখে পড়েছে।

চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে মনে করে এবং জাপান ও ফিলিপাইনের এই আলোচনা ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছে। একই সময়ে ওই জলসীমার ওপর নিজেদের একক কর্তৃত্বের দাবীও পুনর্ব্যক্ত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শনিবার চীনের পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ফুজিয়ান ও গুয়াংডং উপকূলীয় প্রদেশের সামুদ্রিক পুলিশ বাহিনী তাইওয়ান দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় একটি ‘বিশেষ সামুদ্রিক ট্রাফিক আইন প্রয়োগ অভিযান’ করে।

তবে অভিযানের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযান কতক্ষণ চলেছে, এটি অব্যাহত আছে কি না, কিংবা ওই এলাকায় সামুদ্রিক পুলিশ জাহাজ মোতায়েন করা হয়েছিল কি না- এসব বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

সিনহুয়া জানিয়েছে, তাইওয়ানের নিকটবর্তী অঞ্চলে জাপান ও ফিলিপাইনের একতরফাভাবে সমুদ্রসীমা নির্ধারণের আলোচনা শুরুর ঘোষণার প্রেক্ষিতে চীনের এই অভিযান ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ ছিল।

তাইওয়ান আগামী বুধবার জানিয়েছে যে, জাপান-ফিলিপাইনের এই আলোচনায় তাদেরও অন্তর্ভুক্ত করা উচিত।

চীনের সমুদ্রসীমা সংক্রান্ত দাবির কারণে দীর্ঘদিনের বিরোধের ফলে সাম্প্রতিক বছরগুলোতে ম্যানিলা ও টোকিওর মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধির দিকে গেছে।

পূর্ব চীন সাগরে জাপান এবং চীনের মধ্যে ভূখণ্ড ও অর্থনৈতিক স্বার্থ নিয়ে বিরোধ রয়েছে। সেখানে দুই দেশের কোস্টগার্ড জাহাজ প্রায়ই মুখোমুখি অবস্থানে এসে উত্তেজনা বৃদ্ধি করে।

অন্যদিকে, দক্ষিণ চীন সাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রবালপ্রাচীর এবং দ্বীপগুলোতে ফিলিপাইনের প্রবেশ ঠেকাতে চীন নৌবাহী এবং কোস্টগার্ডের জাহাজ মোতায়েন করেছে। এর ফলে দুই দেশের মধ্যে ধারাবাহিকভাবে একাধিক উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের ক্ষেত্রে সরকার আত্মঘাতী অবস্থান নিয়েছে: ড. ইফতেখারুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


দুদকের ক্ষেত্রে সরকার আত্মঘাতী অবস্থান নিয়েছে: ড. ইফতেখারুজ্জামান

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সরকার গঠনের ১০০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গঠনের জন্য দৃশ্যমান উদ্যোগ না নেয়া সত্যিই উদ্বেগজনক।

তিনি রোববার (৭ জুন) টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিচার বিভাগ স্বাধীন না হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

সরকারের ১০০ দিনের কার্যক্রম একদিকে আশা জাগানিয়া এবং সম্ভাবনাময়, কিন্তু অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখার ঘাটতি নিয়ে উদ্বেগজনক একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এভাবেই বিএনপি সরকারের ১০০ দিনের কার্যক্রম পর্যালোচনা করে বিশ্লেষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক সরকারের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি বারবার দুদক কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশন না থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ইফতেখারুজ্জামান বলেন, "দুদকের ক্ষেত্রে সরকার আত্মঘাতী অবস্থান নিয়েছে। কমিশন থাকা খুবই গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, "তিন মাসেও কমিশন গঠন না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বিব্রতকর। কমিশনের এখতিয়ার সচিবকে দেয়া প্রতিহত করতে হবে।"

তিনি দলীয় পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার বিষয়টিতেও উদ্বেগ প্রকাশ করেন। তার বক্তব্যে বিচার বিভাগ স্বাধীন না হওয়ার আক্ষেপের কথাও উঠে আসে।

সরকার গঠনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মব সংস্কৃতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেও এসব পরিস্থিতি থামাতে সরকারের সমালোচনা করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, "অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়ে দুদকের ভূমিকা রাখা উচিত। কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


রামিসা হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলায় রায় আসায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘এ ঘটনায় পুলিশের ভূমিকা প্রশংসিত। তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করায় এই আলোচিত মামলাটি প্রমাণ করা কঠিন ছিল না। এভাবেই আমরা জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’

রোববার (৭ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে রামিসা হত্যা মামলার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক সময়ে এই ধরনের আরও কয়েকটি ঘটনায় দ্রুত ও কার্যকর ভূমিকা রাখার জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেন। আদালতের রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় অপরাধের নৃশংসতা বিবেচনা করে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। একই সঙ্গে প্রধান আসামিকে ৫ লাখ ও তার স্ত্রীকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেয় আদালত, যা ভুক্তভোগী শিশুটির পরিবার পাবে।

রায় পাঠের সময় আদালত পর্যবেক্ষণে বলেন, ‘ধর্ষণ শুধু পরিবার নয়, পুরো সমাজের হৃদয়কে ব্যথিত করে।’ সুরতহাল রিপোর্টে রামিসাকে হত্যার আগে ধর্ষণের বিষয়টি এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে বলে বিচারক উল্লেখ করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে ঘর থেকে বের হয়ে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে যান। পরে রামিসাকে ধর্ষণের পর পৈশাচিক উপায়ে গলা কেটে হত্যা করা হয়।

মেয়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি একপর্যায়ে আসামিদের ঘরের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। ডাকাডাকিতে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করে।

এই নৃশংস ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারের পর প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

হত্যাকাণ্ডের পরে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। রেকর্ড গড়ে মাত্র ৫ দিনের মাথায় (২৪ মে) পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলাটিতে মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে মাত্র ৪ কার্যদিবসের মধ্যে আজ এই ঐতিহাসিক রায় দেয়া হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%