০৯:০৩ পি.এম
নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য শীতকালে ঘর গরম রাখার খরচ কমানোর উদ্দেশ্যে আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার (২ নভেম্বর) থেকে শুরু হয়েছে এবং এটি চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের তথ্য অনুযায়ী, ২০২৬–২০২৭ অর্থবছরের গৃহস্থালি জ্বালানি সহায়তা কর্মসূচির আওতায় যোগ্য পরিবারগুলো সর্বোচ্চ ৯৯০ ডলার পর্যন্ত সহায়তা পেতে সক্ষম হবে।
নিউইয়র্কের গৃহস্থালি জ্বালানি সহায়তা কর্মসূচি (এইচইএপি) মূলত শীতের মৌসুমে বাড়ি গরম রাখার ব্যয় কমাতে নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা প্রদান করে। তবে, সহায়তার পরিমাণ নির্ভর করবে পরিবারের আয়, সদস্যসংখ্যা, ব্যবহৃত জ্বালানির ধরন এবং কর্মসূচির নির্ধারিত শর্তের ওপর।
আরও পড়ুন: ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল
কারা পাবেন সর্বোচ্চ ৯৯০ ডলার
তেল, কেরোসিন বা প্রোপেনের মতো জ্বালানি ব্যবহারকারী যোগ্য পরিবারগুলো সর্বোচ্চ ৯৯০ ডলার পর্যন্ত সহায়তা পেতে পারে। অন্য জ্বালানি ব্যবহারকারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী সহায়তার পরিমাণ ভিন্ন হতে পারে।
তবে, সর্বোচ্চ ৯৯০ ডলারের সহায়তা সবার জন্য প্রযোজ্য নয়। আবেদন করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া নিশ্চিত হবে না। আবেদনকারীর আয় ও অন্যান্য যোগ্যতা যাচাই করেই সহায়তা প্রদান করা হবে।
বাড়ির মালিক ও ভাড়াটিয়ারাও আবেদন করতে পারবেন। এই কর্মসূচিতে যোগ্য বাড়ির মালিকদের পাশাপাশি ভাড়াটিয়ারাও আবেদন করতে পারবেন। এমনকি যেসব বাড়ির ভাড়ার মধ্যেই ঘর গরম রাখার খরচ অন্তর্ভুক্ত রয়েছে, সেসব বাড়ির কিছু বাসিন্দা শর্ত পূরণ করলে সহায়তা পেতে পারেন।
আরও পড়ুন: মদিনায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের
আবেদনের আগে ঠিকানার প্রমাণ, পরিবারের সদস্যদের পরিচয়পত্র, সাম্প্রতিক আয়ের প্রমাণ এবং জ্বালানি বা বিদ্যুৎ বিল প্রস্তুত রাখা ভালো। পরিবারের সদস্যদের পরিচয় ও সামাজিক নিরাপত্তা নম্বরসংক্রান্ত শর্তও পূরণ করতে হতে পারে।
কোথায় ও কীভাবে আবেদন করবেন
নিউইয়র্ক সিটির বাসিন্দারা অনলাইনে আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য অ্যাকসেস এইচআরএ ওয়েবসাইট দেখতে পারবেন। এ ছাড়া আবেদন ও যোগ্যতা সম্পর্কে জানতে ৭১৮-৫৫৭-১৩৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে। নিউইয়র্ক স্টেটজুড়ে কর্মসূচির তথ্য জানতে ফোন করা যাবে ১-৮০০-৩৪২-৩০০৯ নম্বরে।
কর্মসূচির আওতায় সাধারণত অনুমোদিত সহায়তার অর্থ সরাসরি জ্বালানি সরবরাহকারী অথবা বিদ্যুৎ ও গ্যাস সেবাদাতার কাছে পাঠানো হয়। এতে শীতকালে ঘর গরম রাখার ব্যয় কমাতে পরিবারগুলো সহায়তা পায়। তাই যোগ্য পরিবারগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: নবনির্বাচিত সেনেটর এল-সায়েদ মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন