ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

চিংড়ি উৎপাদন বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটির পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী


চিংড়ি উৎপাদন বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটির পরামর্শ দিলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আন্তর্জাতিক প্রিমিয়াম বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থানকে শক্তিশালী করতে পরিবেশবান্ধব উৎপাদন, শ্রমিকের অধিকার এবং উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, চিংড়ি চাষের জমির পরিমাণে বাংলাদেশ এগিয়ে থাকলেও প্রতিবেশী ভারতকে রপ্তানিতে পেছনে ফেলতে পারছে না। এই ব্যবধান কমাতে উৎপাদনশীলতা ও গুণগত মান বৃদ্ধি করার পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে চিংড়ি খাতবিষয়ক এক উচ্চপর্যায়ের সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম (এমবিএ) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্য প্রতিষ্ঠান টোটালফুড প্রসেসিং (প্রা.) লিমিটেড যৌথভাবে এই সংলাপের আয়োজন করেছে।

আরও পড়ুন: রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হলেন জাহাঙ্গীর আলম

রপ্তানি বহুমুখীকরণে চিংড়ি খাতের সম্ভাবনা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছর বাংলাদেশের হিমায়িত মাছ ও চিংড়ির রপ্তানি ১৯ শতাংশ বেড়ে প্রায় ৩০ কোটি ডলারে পৌঁছেছে। তবে তিনি জানান, এ খাতে প্রবৃদ্ধির সুযোগ আরও অনেক বেশি রয়েছে। ২০২৪-২৫ সালে ভারত ৫০০ কোটি ডলারের বেশি চিংড়ি রপ্তানি করেছে। বাংলাদেশের চিংড়ি চাষের জমি ভারতের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেশি থাকা সত্ত্বেও রপ্তানিতে পিছিয়ে থাকার বিষয়টিকে উৎপাদনশীলতা ও মানোন্নয়নের বড় সুযোগ হিসেবে দেখতে হবে।

আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ক্রেতারা এখন শুধু পণ্যের মান যাচাই করেন না; তারা দেখতে চান পণ্যটি কারা উৎপাদন করেছেন, শ্রমিকদের কাজের পরিবেশ কেমন এবং উৎপাদন পরিবেশসম্মত হয়েছে কি না—এসব বিষয়ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তাই কাগুজে নথিনির্ভর পদ্ধতি থেকে বেরিয়ে সমন্বিত ও স্বচ্ছ ডিজিটাল ট্রেসেবিলিটি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে ‘রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট সেল’ গঠন করেছে। শ্রম অধিকারসহ দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের জাতীয় নীতিমালা এবং ট্রেসেবিলিটি কৌশল প্রণয়নেও কাজ চলছে।

খন্দকার আব্দুল মুক্তাদির ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের চিংড়ির সবচেয়ে বড় বাজার হিসেবে উল্লেখ করে বলেন, মুক্ত বাণিজ্য চুক্তিসহ (এফটিএ) দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে সরকার বিভিন্ন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

উপকূলীয় মানুষের জীবিকা ও অর্থনীতিতে চিংড়ি শিল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এ খাতের সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত কৃষক, ডিপো কর্মী, প্রক্রিয়াজাত কারখানার শ্রমিক ও রপ্তানিকারক—সবার ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেয়জা। সমাপনী বক্তব্য দেন আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনন।

আলোচকরা বলেন, সরকার, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ বাংলাদেশের চিংড়িকে আন্তর্জাতিক বাজারে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও টেকসই প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: প্রশ্ন ফাঁস রোধে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের একদিন আগে গাইবান্ধায় ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩২ এম


বিয়ের একদিন আগে গাইবান্ধায় ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের

গাইবান্ধা জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিয়ের একদিন আগে আরিফ শাহরিয়ার সৌমিক নামক এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিফ শাহরিয়ার সৌমিক (২১) জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সুলতান মিয়ার পুত্র।

পরিবারের সূত্রে জানা গেছে, সৌমিক প্রায় এক মাস আগে ঢাকা থেকে গাইবান্ধার বাড়িতে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

স্বজনরা তাকে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে নিয়ে যান। পরে রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সৌমিককে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) তার বিয়ের দিন নির্ধারিত ছিল। আজ বৃহস্পতিবার ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। বিয়ের জন্য দুই পরিবারেই নানা প্রস্তুতি চলছিল। কনের বাড়িতে আলোকসজ্জার গেট সাজানো হয়েছিল এবং বাড়িঘরও সাজানো হয়েছিল।

অন্যদিকে সৌমিকের বাড়িতেও বিয়ের আয়োজন চলছিল। কিন্তু বিয়ের আগের দিন তার মৃত্যুতে সকল আয়োজন থেমে যায়। বিয়ের সব প্রস্তুতি হঠাৎ বিষাদে পরিণত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৩ এম


ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য নতুনভাবে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস। আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী এই ট্রেনটি কক্সবাজার পর্যন্ত চলবে। ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা তাদের নিজ নিজ স্টেশন থেকে সরাসরি কক্সবাজারে পৌঁছানোর সুযোগ পাবেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে এবং সকাল ৬টায় কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ২৬ অক্টোবরের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে।

ফেরার পথে, কক্সবাজার থেকে সকাল ৯টায় ট্রেনটি ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে। উল্লেখ্য, রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। কক্সবাজার থেকে ঢাকায় ফেরার জন্য ২৭ অক্টোবরের টিকিট বিক্রি শুরু হবে শনিবার (১৭ অক্টোবর)।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের প্ল্যাটফর্ম মাস্টার মো. মেহেদী হাসান সময় সংবাদকে জানিয়েছেন, মহানগর এক্সপ্রেসের জন্য কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ৬৮৫ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৫৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ২৪০ টাকা এবং সর্বোচ্চ ৫৪৭ টাকা।

মধ্যবর্তী জেলার যাত্রীদের সুবিধা

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার রুটে দুই জোড়া এবং চট্টগ্রাম থেকে দুই জোড়া ট্রেন চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এই রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশন থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হবে।

ঢাকার কমলাপুর থেকে ছেড়ে মহানগর এক্সপ্রেস বর্তমানে ১২টি স্টেশনে যাত্রাবিরতি দেয়। তবে, বর্ধিত রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে আগের মতোই থামবে ট্রেনটি।

রেলওয়ের দাফতরিক আদেশ অনুযায়ী, মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। ট্রেনটির আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬ করা হয়েছে।

কুমিল্লার বাসিন্দা রোকেয়া বেগম মন্তব্য করেন, সরাসরি ট্রেন না থাকায় আগে কুমিল্লা থেকে কক্সবাজার যেতে বাড়তি সময় ও ঝামেলা পোহাতে হতো। নতুন ট্রেন চালু হলে স্টেশন পরিবর্তন না করেই কক্সবাজার যাওয়া যাবে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটন খাতও উপকৃত হবে।

আরেক যাত্রী আবির হোসেন বলেন, বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতির কারণে আরও বেশি মানুষ কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। তবে ট্রেনের সময়সূচি ঠিক রাখা জরুরি। নিয়মিত বিলম্ব কমানো গেলে যাত্রীদের আগ্রহ আরও বাড়বে।

টিকিটপ্রাপ্তি ও সময়ানুবর্তিতা নিয়ে প্রত্যাশা

নতুন ট্রেন চালুর খবরে খুশি হলেও যাত্রীরা টিকিটের সহজলভ্যতা, কালোবাজারি বন্ধ এবং সময়মতো ট্রেন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন। যাত্রী সাবিনা হক বলেন, নতুন ট্রেন চালু হওয়ায় আমরা আনন্দিত। তবে সহজে টিকিট পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে মানুষ প্রয়োজন অনুযায়ী যাতায়াত করতে পারেন।

পর্যটক কেয়া হক জানান, অনলাইন ও অফলাইন; কোনো মাধ্যমেই অনেক সময় সহজে ট্রেনের টিকিট পাওয়া যায় না। টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এ পরিস্থিতিতে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এবং টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন সময় সংবাদকে জানান, মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে ট্রেনটির যাত্রা শুরু হবে। আর ২৭ অক্টোবর থেকে কক্সবাজার স্টেশন থেকে নিয়মিত যাত্রীসেবা চালু হবে। যাত্রীদের সেবা নিশ্চিত করতে স্টেশন কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

তবে স্টেশনে কিছুটা জনবলসংকট রয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে প্রভাবের আশা

মহানগর এক্সপ্রেস চালু হলে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে, সরাসরি ট্রেন যোগাযোগের ফলে মধ্যবর্তী জেলার মানুষের জন্য কক্সবাজার ভ্রমণ সহজ হবে। এতে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসাসহ পর্যটননির্ভর বিভিন্ন খাতে আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে।

হোটেল কক্স-টুডের মহাব্যবস্থাপক আবু তালেব শাহ সময় সংবাদকে বলেন, নতুন ট্রেন চালুর ফলে বিভিন্ন অঞ্চলের যাত্রীরা নিজ নিজ এলাকা থেকে সরাসরি কক্সবাজারে আসার সুযোগ পাবেন। এতে দেশীয় পর্যটকের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। পর্যটকের সংখ্যা বাড়লে হোটেল-রেস্তোরাঁর পাশাপাশি পরিবহন, মাছ ও সবজির বাজার এবং পর্যটনসংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়বে। বাড়তি চাহিদা মোকাবিলায় দক্ষ জনবল গড়ে তোলা ও নিয়োগের উদ্যোগও নেয়া হচ্ছে।

রেলওয়ের এই উদ্যোগে কক্সবাজারের সঙ্গে দেশের মধ্যবর্তী জেলাগুলোর সরাসরি যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে নতুন ট্রেনের সুফল পুরোপুরি পেতে টিকিটের সহজলভ্যতা, সেবার মান ও সময়ানুবর্তিতা নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন যাত্রীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলে সাজানো গাড়িতে অবসরে যাওয়া শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষার্থী ও সহকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৩ এম


ফুলে সাজানো গাড়িতে অবসরে যাওয়া শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষার্থী ও সহকর্মীরা

দীর্ঘ শিক্ষকতার ক্যারিয়ার শেষ করে অবসরে গেলেন কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. রেহানা আক্তার। প্রিয় শিক্ষিকার বিদায়কে স্মরণীয় করে তুলতে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকেরা ফুলে সাজানো গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ তৈরি হয়।

নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেহানা আক্তারের অবসর উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত শিক্ষিকা মোসা. পারুল আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নিমসার জুনাব আলী কলেজের সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম। মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো. গোলাম সারওয়ারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রয়াত শিক্ষিকা পারুল আক্তারের আত্মার মাগফিরাত এবং অবসরপ্রাপ্ত শিক্ষক রেহানা আক্তারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

সহকারী শিক্ষক মোসা. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে রেহানা আক্তারের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়। এ সময় বক্তারা তাঁর শিক্ষকতা জীবনের অবদান স্মরণ করেন।

অনুষ্ঠানে মোকাম ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকেরা রেহানা আক্তারকে ফুলে সাজানো গাড়িতে করে তাঁর বাড়িতে পৌঁছে দেন। প্রিয় শিক্ষিকাকে বিদায় জানাতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ফুলে সজ্জিত গাড়িতে তাঁর বাড়ি ফেরার দৃশ্য হয়ে ওঠে শিক্ষকতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার এক আবেগঘন স্মারক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার ও টিসিকে মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৪ এম


টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার ও টিসিকে মারধরের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়ার কারণে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার এবং টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সাকির জাহান এবং টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডল। তাদের পরে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে স্টেশনমাস্টারের কক্ষের সামনে এই ঘটনা ঘটে। স্টেশন কর্তৃপক্ষ এবং রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে পৌঁছায়। এ সময় টিকিট পরীক্ষা করছিলেন টিসি সঞ্জিত মণ্ডল।

১ নম্বর প্ল্যাটফর্মের প্রধান ফটকে এক যাত্রীর কাছে টিকিট দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপর তাকে স্টেশন থেকে বের হওয়ার ফটকে আটকে রাখা হয়। এ নিয়ে ওই যাত্রীর সঙ্গে টিসির বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সঞ্জিত মণ্ডল ওই যাত্রীকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেখানে অবস্থানকালে ওই যাত্রী ফোন করে তার সহযোগীদের ডেকে আনেন। কিছুক্ষণের মধ্যে ১০ থেকে ১২ জন যুবক সেখানে উপস্থিত হন। স্টেশন ও পুলিশ সূত্রের মতে, ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম মিয়া বিষয়টি মীমাংসা করে ওই যাত্রীকে ছেড়ে দেন। স্টেশন কর্মকর্তা ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ফাঁড়ি থেকে ছাড়া পাওয়ার পর দুপুর ১২টার দিকে ওই যাত্রী আরও ৮ থেকে ১০ জন যুবককে সঙ্গে নিয়ে লাঠিসোঁটাসহ স্টেশনে আসেন। এ সময় স্টেশনমাস্টারের কক্ষের সামনে টিসি সঞ্জিত মণ্ডলকে একা পেয়ে তারা মারধর শুরু করেন।

সঞ্জিত মণ্ডলের চিৎকার শুনে কক্ষ থেকে বেরিয়ে আসেন ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সাকির জাহান। হামলাকারীরা তার ওপরও চড়াও হন এবং তাকে মারধর করেন। পরে স্টেশনের অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার সাকির জাহান বলেন, ‘ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করা এক যাত্রীকে আইন অনুযায়ী আটক করায় টিকিট কালেক্টরের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে আমিও হামলার শিকার হই। আমরা এখন চরম আতঙ্কের মধ্যে আছি।’

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া জানান, বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় স্টেশন কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। হামলাকারীরা শহরের কান্দিপাড়া এলাকার মাইমলহাটির বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%