বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:০১ পি.এম
ভারত ও চীনের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট দেশ হলো নেপাল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৪০০ মিটার উঁচু উপত্যকায় গড়ে ওঠা রাজধানী কাঠমান্ডুতে পৌঁছানোর পর গাড়ির জানালা দিয়ে তাকালে চারদিকে সবুজ পাহাড়ের সারি চোখে পড়ে। পাহাড়ের ঢাল বেয়ে উপত্যকার বিস্তীর্ণ অংশজুড়ে অসংখ্য ভবন ছড়িয়ে রয়েছে। সবুজ পাহাড়ের বেষ্টনীতে গড়ে ওঠা শহরটি প্রকৃতি ও নাগরিক জীবনের এক অপূর্ব সহাবস্থানের নিদর্শন হিসেবে দেখা যায়।
রাস্তার দিকে নজর দিলে দেখা যায়, কেউ ঐতিহ্যবাহী পোশাকে, কেউ আধুনিক সাজে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। পথচারীদের ভিড়ে বিদেশি পর্যটকদের উপস্থিতিও চোখে পড়ে। বিভিন্ন দেশের মানুষের আনাগোনা দেখে মনে হয়, নেপাল ভ্রমণপিপাসুদের কাছে একটি পরিচিত গন্তব্য হয়ে উঠেছে।
দুপুর দুটোর দিকে কাঠমান্ডুর প্রাণকেন্দ্র থামেলে আমাদের হোটেলে পৌঁছানোর পর দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলে ক্লান্তি কেটে যায়। পরে বাইরে বেরিয়ে থামেলের দুপাশে সারি সারি দোকান, বার ও স্পা কেন্দ্র দেখা যায়। কিছুক্ষণ পর অপেক্ষমাণ বাসে উঠে রওনা হলাম স্বয়ম্ভূনাথ মন্দিরের উদ্দেশে।
পথে জানালা দিয়ে চোখে পড়ে ঘনবসতিপূর্ণ জনপদ, রাস্তার ধারের দোকানপাট, পুরোনো স্থাপনা এবং আধুনিক ভবন। কোথাও অতীত ও বর্তমানের স্থাপত্য পাশাপাশি দাঁড়িয়ে আছে; কোথাও নগরজীবনের ব্যস্ততা পথের দুপাশে ছড়িয়ে পড়েছে। শহরের দৃশ্য দেখতে দেখতে কখন যে স্বয়ম্ভূনাথের কাছাকাছি পৌঁছে গেলাম, টেরই পেলাম না।
বিশ্বাস ও ভক্তির প্রাঙ্গণ, স্বয়ম্ভূনাথ
মন্দিরের কাছাকাছি পৌঁছানোর পর গাড়ি পাহাড়ি পথ বেয়ে ওপরে উঠতে শুরু করল। ডান পাশে জঙ্গলের কাঁটাতারের বেড়ার ওপারে দেখা গেল দলে দলে বন্য বানর। কিছু বানর নিশ্চিন্তে বসে আছে, কিছু পিঠে বাচ্চা নিয়ে কৌতূহলী চোখে আমাদের দেখছে। লোকালয়ের এত কাছে তাদের অবাধ বিচরণ উপভোগ্য।
নেপালের অন্যতম প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান স্বয়ম্ভূনাথ। ধারণা করা হয়, পঞ্চম শতাব্দীর শুরুতে রাজা বৃষদেবের আমলে স্তূপটি প্রতিষ্ঠিত হয়। পাহাড়চূড়ার প্রাঙ্গণে বৌদ্ধ স্তূপের পাশাপাশি রয়েছে হিন্দু মন্দির। একই প্রাঙ্গণে দুই ধর্মের উপাসনালয় পাশাপাশি দাঁড়িয়ে আছে, যা স্বয়ম্ভূনাথকে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের একটি অনন্য নিদর্শনে পরিণত করেছে।
মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর অগণিত তীর্থযাত্রী ও দর্শনার্থীর ভিড় দেখা যায়। গেরুয়া পোশাকের সাধুরা ঘুরে বেড়াচ্ছেন; কেউ প্রার্থনায় নিমগ্ন, কেউ পূজার উপকরণ হাতে এগিয়ে চলেছেন দেবতার সান্নিধ্যে। চারপাশের দৃশ্যে স্পষ্ট হয়ে উঠেছে তীর্থস্থানটির ধর্মীয় গুরুত্ব।
মনে হলো, মানুষ এখানে শুধু প্রাচীন স্থাপনা দেখতে আসেনি; এসেছে বিশ্বাসের টানে, প্রার্থনা ও মানসিক প্রশান্তির সন্ধানে।
মন্দিরের পাথর, কাঠ ও ধাতুর দেবমূর্তি, প্রাচীন ভাস্কর্য এবং দেয়ালের পৌরাণিক চিত্রে ফুটে উঠেছে শিল্পীদের নিপুণ কারুকাজ। কোথাও মোমবাতি জ্বলছে, কোথাও তেলের প্রদীপের শিখা কাঁপছে। ধূপের ধোঁয়ার সঙ্গে হিন্দু নারীদের উলুধ্বনি মিলিয়ে প্রাঙ্গণে সৃষ্টি করেছে ভক্তিময় আবহ।
তীর্থভূমিতে দাঁড়িয়ে মনে হলো, জন্ম ও মৃত্যুর মধ্যবর্তী ক্ষুদ্র পরিসরে মানুষ যুগে যুগে জীবনের অর্থ ও পরম আশ্রয়ের সন্ধান করে চলছে।
মন্দিরের আধ্যাত্মিক আবহ পেছনে ফেলে সিঁড়ি বেয়ে আমরা রওনা হলাম স্বয়ম্ভূনাথের উদ্দেশে। পাহাড়চূড়ায় অবস্থিত প্রাচীন এই বৌদ্ধ স্তূপটি ‘মাঙ্কি টেম্পল’ নামেও পরিচিত। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই চোখে পড়ল অসংখ্য বানরের অবাধ বিচরণ। কেউ পথের ধারে বসে আছে, কেউ গাছের ডালে; আবার কেউ মন্দিরের সীমানাপ্রাচীর থেকে লাফিয়ে চলে যাচ্ছে গাছের ডালে।
স্তূপের বিশাল সাদা গম্বুজের ওপর সোনালি চূড়া দৃষ্টি আকর্ষণ করল। প্রাঙ্গণে মেরুন রঙের ঢিলেঢালা পোশাকে বৌদ্ধ সন্ন্যাসীদের কেউ প্রার্থনায়, কেউ ধর্মশাস্ত্র পাঠে নিমগ্ন। ধূপের ধোঁয়া, জপমালা আর তাঁদের নীরব সাধনায় চারপাশে ছড়িয়ে আছে এক শান্ত আধ্যাত্মিক আবহ।
বৌদ্ধধর্মে নির্বাণ হলো তৃষ্ণা, লোভ, ক্রোধ ও আসক্তির বন্ধন থেকে মুক্তির পরম অবস্থা। ধ্যান, প্রজ্ঞা ও আত্মসংযমের মধ্য দিয়ে সেই মুক্তির সাধনা চলে। সন্ন্যাসীদের জীবনাচার দেখতে দেখতে মনে হলো, ধর্ম শুধু উপাসনা বা আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়; মানুষের চিন্তা ও জীবনযাপনেও তার গভীর প্রকাশ ঘটে।
স্বয়ম্ভূনাথে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করল হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সহাবস্থান। কেউ স্তূপ প্রদক্ষিণ করছেন, কেউ দেবতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, কেউ আবার নীরবে প্রার্থনায় নিমগ্ন। উপাসনার পথ আলাদা, বিশ্বাসের প্রকাশও ভিন্ন; তবু একই প্রাঙ্গণে পাশাপাশি তাঁদের উপস্থিতি যেন একটি সহজ সত্যের কথা মনে করিয়ে দেয়। ভিন্ন বিশ্বাস নিয়েও মানুষ পারস্পরিক শ্রদ্ধায় একসঙ্গে থাকতে পারে। কাঠমান্ডু উপত্যকার বিশ্ব ঐতিহ্যের অংশ স্বয়ম্ভূনাথ তাই কেবল প্রাচীন ধর্মীয় স্থাপনা নয়, বহুত্ব ও সহাবস্থানেরও একটি জীবন্ত নিদর্শন।
গোধূলির আলোয় স্বয়ম্ভূনাথের চূড়ায়
দূরদূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখর প্রাঙ্গণে বিকেল গড়িয়ে গোধূলি নামছিল। পাহাড়চূড়ার সীমানাপ্রাচীরের কাছে দাঁড়িয়ে পশ্চিম দিগন্তে তাকালাম। আকাশজুড়ে তখন পাকা ডাবের মতো সোনালি-কমলা আভা।
সাদা মেঘের আড়ালের লাল সূর্যটি ধীরে ধীরে দিগন্তে হারিয়ে গেল। তার বিদায়ী আলো মেঘের গায়ে ছড়িয়ে দিল নানা রঙের আভা। দৃশ্যটি মনে গভীর প্রশান্তি এনে দিল। উপলব্ধি করলাম, সৌন্দর্য শুধু স্থির দৃশ্যে নয়, প্রকৃতির বদলে যাওয়ার মুহূর্তেও ধরা দেয়।
ধীরে ধীরে দর্শনার্থীদের কোলাহল কমে এল। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলে আমরা পাটান দরবার স্কয়ারের উদ্দেশে রওনা হলাম। পেছনে ফেলে এলাম পাহাড়চূড়ার সেই অপরূপ গোধূলি, দিগন্তজুড়ে রঙের শেষ আয়োজন আর অস্তগামী সূর্যের নীরব বিদায়। পথ চলতে চলতে মনে হচ্ছিল, কিছু দৃশ্যের সৌন্দর্য চোখে দেখা শেষ হলেও তার মুগ্ধতা কখনো ফুরায় না।
বাস থেকে নেমে সরু পথ ধরে এগোলাম ভক্তপুর দরবার স্কয়ারের দিকে। কাঠমান্ডু থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের এই প্রাচীন শহর নেপালের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারক।
পথের দুপাশে চোখে পড়ল লাল ইট ও কাঠের তৈরি পুরোনো বাড়ি। নিচতলায় কোথাও হস্তশিল্পের দোকান, কোথাও ক্যাফে, রেস্তোরাঁ ও বার। শতাব্দীপ্রাচীন বাড়িগুলোর গায়ে ইতিহাসের ছাপ, আর নিচতলার দোকানপাটে প্রতিদিনের নগরজীবনের ব্যস্ততা। ভক্তপুরে অতীত ও বর্তমান যেন পাশাপাশি পথ চলছে।
দরবার স্কয়ারে পৌঁছে মনে হলো, ইতিহাসের এক জীবন্ত অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছি। চারদিকে প্রাচীন প্রাসাদ, মন্দির, কারুকাজখচিত কাঠের জানালা ও পাথরের স্থাপনা। সব মিলিয়ে যেন উন্মুক্ত আকাশের নিচে এক ঐতিহাসিক জাদুঘর।
প্রচলিত বিবরণ অনুযায়ী, রাজা আনন্দ দেব ১১৯৭ সালে ভক্তপুর প্রতিষ্ঠা করেন। ৫৫ জানালাবিশিষ্ট রাজপ্রাসাদের নির্মাণ শুরু হয় ১৪২৭ সালে রাজা যক্ষ মল্লের আমলে; পরে রাজা ভূপতীন্দ্র মল্লের শাসনকালে তা সম্প্রসারিত হয়। শতাব্দীপ্রাচীন প্রাসাদটির সামনে দাঁড়িয়ে যেন ইতিহাসের এক রাজকীয় অধ্যায়ে ফিরে গেলাম।
১৭০২ সালে নির্মিত ন্যাতাপোল মন্দিরের সামনে
রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে কল্পনায় ভেসে উঠল তার অতীত। এই প্রাঙ্গণেই একসময় বসত রাজদরবার, নেওয়া হতো রাষ্ট্রীয় সিদ্ধান্ত, জমা হতো প্রজাদের কর। রাজকীয় উৎসব ও বিনোদনে মুখর থাকত চত্বর। ক্ষমতার সেই জৌলুশের আড়ালে ছিল কঠোর শাসন ও শাস্তির ইতিহাস।
কয়েক শতাব্দী পর আজ একই প্রাঙ্গণে রাজাদের অনুমতি ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। সময়ের পরিবর্তনে রাজতন্ত্রের অবসান ঘটেছে, রাজারা হয়েছেন ইতিহাসের অংশ; অথচ তাঁদের নির্মিত প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে।
প্রাসাদের সূক্ষ্ম কারুকাজের দিকে তাকিয়ে ভাবলাম, যে শিল্পীদের নিপুণ হাতে এসব সৃষ্টি হয়েছিল, তাঁরা আজ পৃথিবীতে নেই। কিন্তু তাঁদের শিল্পকর্ম শতাব্দী পেরিয়েও মানুষের বিস্ময় জাগায়। মানুষের জীবন ক্ষণস্থায়ী, সৃষ্টিকর্ম কখনো কখনো স্রষ্টার আয়ুকেও ছাড়িয়ে যায়।
ভক্তপুরের ইতিহাস বৃহত্তর নেপালের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও জড়িত। অষ্টাদশ শতকে গোরখার রাজা পৃথ্বী নারায়ণ শাহ বিচ্ছিন্ন রাজ্যগুলো একত্র করে নেপাল গঠনের উদ্যোগ নেন। ১৭৬৮ সালে কাঠমান্ডু এবং ১৭৬৯ সালে পাটন ও ভক্তপুর তাঁর অধীনে এলে মল্ল রাজবংশের শাসনের অবসান ঘটে।
পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা ও ১৯৯৬–২০০৬ সালের মাওবাদী সংঘাত নেপালকে সংকটে ফেলে। ২০০৬ সালের গণআন্দোলন ও শান্তিচুক্তির ধারাবাহিকতায় ২০০৮ সালের ২৮ মে গণপরিষদ নেপালকে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করে। এর মধ্য দিয়ে শাহ রাজবংশের প্রায় ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
রাজপ্রাসাদ পেরিয়ে দরবার স্কয়ারের অন্য প্রান্তে এগোলাম। রাতের আলোয় মন্দির ও প্রাচীন স্থাপনাগুলো ঝলমল করছিল। দৃষ্টি আটকে গেল সুউচ্চ ন্যাতাপোল মন্দিরে। ১৭০২ সালে রাজা ভূপতীন্দ্র মল্লের উদ্যোগে নির্মিত পাঁচতলা প্যাগোডা-শৈলীর মন্দিরটির উচ্চতা প্রায় ৩৩ মিটার। লাল ইটের গাঁথুনি ও কাঠের সূক্ষ্ম কারুকাজে ফুটে উঠেছে নেপালের ঐতিহ্যবাহী স্থাপত্যশিল্প। প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, এর পাঁচটি স্তর প্রকৃতির পাঁচ উপাদানের প্রতীক। মন্দিরের অভ্যন্তরে কেবল পুরোহিতদের প্রবেশাধিকার রয়েছে।
পাশেই তিনতলা ভৈরবনাথ মন্দির। ন্যাতাপোলের সুউচ্চ অবয়বের পাশে এর ভিন্ন স্থাপত্যশৈলীও দৃষ্টি কাড়ল। শত শত বছর আগে আধুনিক প্রযুক্তি ছাড়াই এমন নিপুণ নির্মাণশৈলী কীভাবে গড়ে উঠেছিল, তা ভেবে বিস্মিত হলাম।
১৫৬৬ খ্রিষ্টাব্দে নির্মিত চার নারায়ণ মন্দির
মন্দিরের সামনে নেপাল ও ভারত থেকে আসা অসংখ্য ভক্ত ও পর্যটক সমবেত হয়েছেন। কেউ হাত জোড় করে প্রার্থনা করছেন, কেউ দেবতার সামনে নতজানু। তাঁদের ভক্তি ও নিবেদন দেখে মনে হলো, রাজাদের শাসন ও ক্ষমতার অবসান ঘটলেও মানুষের বিশ্বাসে মন্দিরগুলোর আবেদন আজও অমলিন। রাজপ্রাসাদ ইতিহাসের সাক্ষী, আর মন্দির আজও মানুষের প্রার্থনার আশ্রয়।
রাতের সড়কবাতির আলোয় হোটেলের পথে ফিরতে ফিরতে পেছনে তাকালাম ভক্তপুরের দিকে। মনে হলো, একটি প্রাচীন শহর ছেড়ে যাচ্ছি। এই শহরের ইতিহাস ও স্থাপত্যের দৃশ্য স্মৃতিতে থেকে যাবে চিরকাল।
হোটেলে ফিরতে ফিরতে রাত্রি হয়ে গেল। রাতের খাবার সেরে থামেলের রাতের জীবন দেখতে বের হওয়ার পরিকল্পনা করলাম। শুনেছিলাম, সন্ধ্যার পর নাইট ক্লাবগুলো গভীর রাত পর্যন্ত সরব থাকে। এমন পরিবেশ আগে কাছ থেকে দেখা হয়নি; তাই কৌতূহল নিয়ে প্রস্তুতি নিচ্ছিলাম।
এক ভ্রমণসঙ্গীর অপেক্ষায় হোটেলের খোলা প্রাঙ্গণে বিশাল ছাতার নিচে বসে রইলাম। আকাশে ভারী মেঘ, সঙ্গে শীতল বাতাস। কিছুক্ষণের মধ্যেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলো।
থামেলের অলিগলিতে পর্যটকদের অবকাশযাপনের নানা আয়োজন। আমাদের হোটেলের পাশেই বার, সামনে স্পা সেন্টার। একসময় চোখে পড়ল, পাশের ছাতার নিচে বসে দুই বিদেশি পর্যটক গ্লাসে মদ ঢেলে পান করছেন। তাঁদের দেখে আমারও এক গ্লাস বিয়ার চেখে দেখার কৌতূহল জাগল। কিন্তু অর্ডার দিতে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভ্রমণসঙ্গীর দৃষ্টি চোখে পড়তেই সংকোচ বোধ করলাম। শেষ পর্যন্ত বিয়ারের বদলে কফির অর্ডার দিলাম।
পাশের স্পা সেন্টার থেকে কেউ সেবা শেষে বেরিয়ে আসছিলেন, আবার কেউ প্রবেশ করছিলেন। দৃশ্যটি চোখে পড়লেও কারও দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালাম না। মনে হলো, অন্যের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোও শিষ্টাচারের অংশ।
প্রকৃতি তখন বেশ অশান্ত। বাইরে অঝোরে বৃষ্টি ঝরছে, ঝোড়ো হাওয়ার দাপটে কেঁপে উঠছে চারপাশ। বৃষ্টির ছাট এসে লাগছিল মুখে, বাতাসে ভেসে আসছিল ভেজা মাটির সোঁদা গন্ধ। এমন আবহে কয়েক মিনিটের মধ্যেই হাতে এসে পৌঁছাল ধোঁয়া ওঠা এক মগ কফি।
কাপে চুমুক দিতে দিতে বাইরে তাকালাম। পাশে বার, সামনে স্পা সেন্টার। চারপাশের আয়োজন যেন পর্যটনকে ঘিরে গড়ে ওঠা নেপাল ভিন্ন জীবনধারার পরিচয় দিচ্ছিল। মনে হলো, নেপালে মন্দিরের ঘণ্টাধ্বনি, প্রার্থনা ও ধর্মীয় আচার যেমন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তেমনি পর্যটকদের আকৃষ্ট করতে গড়ে উঠেছে বার, নাইট ক্লাব, স্পা সেন্টারসহ বিনোদন ও অবকাশযাপনের নানা আয়োজন। এসব আয়োজন শুধু পর্যটকদের চাহিদাই পূরণ করছে না, নেপালের অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
বৃষ্টিস্নাত রাতে ছাতার নিচে কিছু একান্ত মুহূর্ত
ভাবনায় এবার বাংলাদেশের কথা এল। কক্সবাজারের দীর্ঘ সমুদ্রসৈকত, সুন্দরবনের বিস্তীর্ণ বনভূমি, সিলেটের চা-বাগান কিংবা পার্বত্য অঞ্চলের পাহাড়ি সৌন্দর্য। পর্যটনের সম্ভাবনা আমাদেরও অপরিসীম। তবে পর্যটকদের আকর্ষণ ধরে রাখতে শুধু প্রাকৃতিক সৌন্দর্য যথেষ্ট নয়; প্রয়োজন নিরাপদ আবাসন, উন্নত যাতায়াত ও পরিকল্পিত বিনোদনব্যবস্থা। নিজস্ব ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে বিদেশি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পর্যটকদের চাহিদা বিবেচনায় নেওয়ার মাধ্যমেও একটি সমৃদ্ধ পর্যটনব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
কফির শেষ চুমুকটুকু নিতে নিতে বুঝলাম, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। শেষ পর্যন্ত আবহাওয়ার কারণে রাতের থামেল ঘুরে দেখার পরিকল্পনা আর বাস্তবায়িত হলো না। যে রাতের রূপ দেখার অপেক্ষায় ছিলাম, সেই রাতই শেষ পর্যন্ত অদেখা থেকে গেল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে দীঘিনালা ডিগ্রি কলেজের সামনের হলুদ চত্বর এলাকায় পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোঃ আল মাহমুদ ওরফে বাবু (২২)। তিনি দীঘিনালা উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকার মোঃ জমির উদ্দিন ও পারভিন আক্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বোয়ালখালী বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দীঘিনালা ডিগ্রি কলেজের সামনের হলুদ চত্বর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে ক্রেতার অপেক্ষায় রয়েছেন। পরে রাত সাড়ে ৭টার দিকে এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই যুবককে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে সবুজ পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাত ৭টা ৪৫ মিনিটে উদ্ধার করা মাদকদ্রব্য বিধিমোতাবেক জব্দ করা হয়।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন ঘটবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিএনপির দলীয় কার্যালয়ে নয়াপল্টনে তিনি এই বক্তব্য প্রদান করেন।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, ‘বারবার যখন স্বৈরতন্ত্রের আগমন ঘটেছে, প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আরেকবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র, যে স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছিল, সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে, অবরুদ্ধ গণতন্ত্রকে, পরাধীনতার শৃঙ্খলাবদ্ধ হতে যাওয়া স্বাধীনতাকে মুক্ত করেছিলেন। এটা আমাদের ইতিহাস।’
তিনি যোগ করেন, ‘আমরা গণতান্ত্রিক আচরণ করব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণের আছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ