০৪:৩৪ পি.এম
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সরকারের কাছে আবেদন করেছে, যাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা অথবা কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ নিশ্চিত করা হয়। এ বিষয়ে কার্যকর নির্দেশনা জারির জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদনটি করা হয়েছে।
সম্প্রতি এই আবেদনটি সংগঠনটির পক্ষ থেকে করা হয়। আবেদনে উল্লেখ করা হয়েছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক তাদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা বা কর্মস্থল থেকে দূরে চাকরি করছেন। দূরে চাকরি করার ফলে তারা দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে, দাম্পত্য জীবনে একসঙ্গে বসবাস, সন্তানদের লালন-পালন এবং বয়স্ক বাবা-মায়ের দেখাশোনা করার ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের।
দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি শিক্ষকদের পারিবারিক জীবন ও মানসিক স্বস্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই মানবিক দিক বিবেচনায় প্রচলিত বদলি নীতিমালা এবং সরকারি আদেশের আলোকে স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা কিংবা কর্মস্থলের কাছাকাছি বিদ্যালয়ে বদলির সুযোগ দেয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য আসন সংরক্ষণ ও বিশেষ কোটা
সমিতির আবেদনে আরো বলা হয়েছে, বদলির ক্ষেত্রে বিদ্যালয়ের শূন্যপদ, শিক্ষক চাহিদা এবং প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় রেখে একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর বদলি ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এতে শিক্ষকদের পারিবারিক সমস্যা কমানোর পাশাপাশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও স্বাভাবিক রাখা সম্ভব হবে।
সংগঠনটি জানায়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মরত আছেন। তাদের পারিবারিক ও মানবিক সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে বদলির সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আশা প্রকাশ করেছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইতিবাচক উদ্যোগ শিক্ষকদের পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে সাহায্য করবে।
আরও পড়ুন: আজিজুল হক কলেজে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন