শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
১২:০০ পি.এম
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। শুক্রবার প্রকাশিত দেশটির চলতি মাসের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে একটি নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে লুক্সনের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টির জোট কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল।
তবে আসনসংখ্যার ব্যবধান ছিল অত্যন্ত কম। শুক্রবার ঘোষিত চূড়ান্ত ফলাফলে লুক্সনের দল দুটি আসন হারিয়েছে। ফলে পপুলিস্ট দল এনজেড ফার্স্ট ও উদারপন্থী অ্যাক্ট পার্টিকে নিয়ে গঠিত তার জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র এক আসন পিছিয়ে পড়েছে।
নির্বাচনের পর লুক্সন দাবি করেছিলেন, নতুন সরকার গঠনের জন্য জনগণের কাছ থেকে তিনি ম্যান্ডেট পেয়েছেন।
গত ৭ নভেম্বরের নির্বাচনের পর থেকে লুক্সন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে এখন সরকার পরিচালনা করতে হলে তাকে কিউলেই ওংয়ের নেতৃত্বাধীন নতুন মধ্যপন্থী দল ‘অপরচুনিটি’র সমর্থন নিতে হবে।
দলটির সঙ্গে সমঝোতা না হলে, দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।
সহনশীল ও নমনীয় রাজনৈতিক চর্চার প্রতিশ্রুতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে ওংয়ের দল।
কয়েক দশকের মধ্যে এই প্রথম সাবেক কোনো মন্ত্রীর নেতৃত্ব ছাড়াই একটি দল নিউজিল্যান্ডের সংসদে জায়গা করে নিল।
ওং প্রতিশ্রুতি দিয়েছেন, সংসদে যে দলের আসনসংখ্যা সবচেয়ে বেশি হবে, তাদের সঙ্গেই কাজ করবেন।
তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় কমানো ও রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনার বিষয়ে তার দলের নির্ধারিত শর্তগুলো নিয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনী প্রচারের সময় ওং জানিয়েছিলেন, এনজেড ফার্স্ট দলের নেতা উইনস্টন পিটার্স পররাষ্ট্রমন্ত্রী থাকলে তিনি সেই সরকারের সঙ্গে কাজ করবেন না।
এর আগে চীনে জন্ম নেওয়া নিউজিল্যান্ডের এক আইনপ্রণেতাকে পিটার্স বলেছিলেন, ‘নিজের দেশে ফিরে যান।’
সরকার গঠনে নির্ধারক মধ্যপন্থী দল
নির্বাচনের পর লুক্সন ও প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স—দুজনই ওংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।
নিউজিল্যান্ডের পরবর্তী সরকার গঠনে এখন নির্ধারক অবস্থানে উঠে এসেছেন ওং।
৩৮ বছর বয়সী ওং আগে বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজিতে কাজ করতেন। গত বছরের আগস্টে তিনি এমন একটি দলের নেতৃত্ব গ্রহণ করেন, জনমত জরিপে যার সমর্থন ছিল মাত্র এক শতাংশের মতো।
ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণের বিপরীতে তিনি ‘বাস্তবভিত্তিক রাজনীতি’র কথা বলেন।
তার ভাষায়, ‘আমি রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমাতে চাই।’
চলতি মাসের নির্বাচনে জয়ী হওয়ার পর ওং বলেন, বিশ্বজুড়ে এক দশক ধরে পপুলিজম ও উগ্রবাদের বিস্তারের পর এবারের ফলাফল রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, বিশ্বজুড়েই বাস্তবভিত্তিক রাজনীতির পক্ষে মানুষের সমর্থন বাড়ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর পরিচালিত এসব অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত মামলায় দুজন, বরিশাল মহানগর অধ্যাদেশে ছয়জন এবং অন্যান্য আইনে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ আভিযানিক কার্যক্রমে বিভিন্ন অপরাধে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার রয়েছেন তিনজন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে বিএমপি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।
মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : রাজধানী বাঙ্গুইয়ের রাশিয়া পরিচালিত ‘মস্কো’ নামের একটি পানশালায় বসে ফুটবল খেলা দেখছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের তরুণেরা, হাতে ভদকা কিংবা বিয়ারের বোতল নিয়ে।
পানশালার কিছু বোতলে স্থানীয় ভাষা সাঙ্গোতে লেখা রয়েছে, ‘রাশিয়ার প্রযুক্তিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে তৈরি’।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। এই দেশটি রাশিয়ার আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। একসময় প্রয়াত ইয়েভগেনি প্রিগোজিনের নেতৃত্বে পরিচালিত হতো এই বাহিনী।
আফ্রিকার অন্যান্য দেশে ধীরে ধীরে ওয়াগনারের জায়গা নিচ্ছে ‘আফ্রিকা কোর’, যা সরাসরি মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
রাজধানী বাঙ্গুইয়ের রাস্তায় প্রায়ই রাশিয়ার সেনা ইউনিফর্ম পরা লোকজনকে দেখা যায়, যাদের মুখ ঢাকা থাকে এবং কোমরে অস্ত্র থাকে।
রেস্তোরাঁ ও সুপারমার্কেটের সামনে তাদের সামরিক ছদ্মবেশী যানবাহন সহজেই চোখে পড়ে। এসব গাড়ি এতটাই পরিচিত যে, রাস্তায় অন্যান্য গাড়িগুলো দ্রুত সরে গিয়ে তাদের চলাচলের পথ করে দেয়।
ভদকার ছোট প্যাকেটও বিক্রি হচ্ছে
২০১৮ সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফস্টিন-আর্চেঞ্জ তোয়াদেরার অনুরোধে দেশটির সেনাবাহিনীকে সহায়তা করতে ওয়াগনার যোদ্ধাদের মোতায়েন করা হয়। এরপর থেকে তারা সরকারের প্রধান নিরাপত্তা সহযোগী হয়ে ওঠে। বিনিময়ে, দেশটির স্বর্ণ ও হীরা খাতে লাভজনক ব্যবসায়িক চুক্তির সুযোগ পায় এই গোষ্ঠী।
এখন ব্যবসার পরিধি বাড়িয়ে পানীয় উৎপাদন ও বাজারজাতকরণেও নিজেদের অবস্থান শক্ত করছে ওয়াগনার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে দেশেই তৈরি হচ্ছে পানি, কোমল পানীয়, বিয়ার ও ভদকা।
এসব পণ্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক কম দামে বিক্রি করা হচ্ছে।
এমনকি রাস্তার বিক্রেতারাও ৫০ মিলিলিটারের নারকেলের স্বাদযুক্ত ভদকার ছোট প্যাকেট বিক্রি করছেন। প্রতিটির দাম ১৫০ সিএফএ ফ্রাঁ, যা প্রায় ২৫ মার্কিন সেন্টের সমান।
মধ্য আফ্রিকান গবেষক সোলেইল-পারফে কালেসোপো এএফপিকে বলেন, ‘তারা যত ছোট পরিসরই হোক না কেন, সব জায়গায় নিজেদের অবস্থান তৈরি করতে চায়। ক্যাস্টেল গ্রুপই এখন তাদের একমাত্র বড় প্রতিদ্বন্দ্বী।’
ফরাসি প্রতিষ্ঠান ক্যাস্টেল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মোকাফ ব্রুয়ারি ১৯৫৩ সাল থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ব্যবসা করছে। রাশিয়ার প্রতিদ্বন্দ্বীরা আসার আগে দেশটির মদ ও অ্যালকোহলজাতীয় পানীয়ের বাজারে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল।
দেশটিতে নিজেদের উৎপাদনের পরিমাণ সম্পর্কে এএফপির প্রশ্নের জবাবে ক্যাস্টেল কোনো তথ্য দেয়নি।
২০২৩ সালের মার্চে প্রতিষ্ঠানটির একটি কারখানায় আগুন দেওয়া হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওয়াগনার ভাড়াটে যোদ্ধাদের মতো পোশাক পরা মুখোশধারী চার ব্যক্তি সেখানে পেট্রলবোমা ছুড়ছেন।
রুশ প্রতিদ্বন্দ্বীদের আগমনের পর ব্যবসায়িক পরিস্থিতি কেমন—এমন প্রশ্নের জবাবে ক্যাস্টেল গ্রুপ জানায়, ‘২০২৩ সালের ঘটনাগুলো এখন অতীত।’
জুন আফ্রিক সাময়িকীর তথ্য অনুযায়ী, রাশিয়ার উৎপাদিত পানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির প্রধান দিমিত্রি সিতি। তিনি বাঙ্গুইয়ে অবস্থিত রাশিয়ান হাউসের পরিচালকও। ‘অল আইজ অন ওয়াগনার’ নামের একটি পর্যবেক্ষক গোষ্ঠী তাকে মধ্য আফ্রিকায় ওয়াগনার নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে।
‘গণতন্ত্রের জন্য বিপজ্জনক’
২০২১ সালে চালু হওয়া রাশিয়ান হাউস বাঙ্গুইয়ের বাসিন্দাদের জন্য বিনামূল্যে নানা সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে। সেখানে রুশ ভাষা শেখার সুযোগও রয়েছে।
প্রতিদিন বিকেলে কেন্দ্রটির বাগানে শিশুরা গোলচত্বর, ট্রাম্পোলিন ও দোলনায় খেলাধুলা করে। এ সময় সেখানে রাশিয়ার প্রচারমূলক ভিডিও প্রচারিত হয়।
সাংস্কৃতিক কেন্দ্রটির সামনে উবাঙ্গি নদীর তীরে রয়েছে ওয়াগনার প্রধান প্রিগোজিনের একটি ভাস্কর্য। ২০২৩ সালে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে তিনি নিহত হন।
এর মাত্র দুই মাস আগে রাশিয়ায় তার নেতৃত্বে ব্যর্থ বিদ্রোহের ঘটনা ঘটেছিল।
দেশটিতে রাশিয়ার উপস্থিতির আরেকটি প্রতীক দেখা যায় একটি বাজারের দেয়ালে আঁকা দেয়ালচিত্রে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদেরার সঙ্গে করমর্দন করতে দেখা যায়।
তবে দেশটির অনেক মানুষই রাশিয়ানদের ভয় পান। প্রতিশোধ বা হয়রানির আশঙ্কায় তাদের উপস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলতেও অনেকে রাজি হন না।
গবেষক কালেসোপো বলেন, ‘তাদের দমন-পীড়নের ধরন ও কর্মকৌশল এমন যে, সাধারণ মানুষ সত্যিই আতঙ্কিত হয়ে পড়ে।’
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ বিভিন্ন দেশে ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে একাধিক মানবাধিকার সংগঠন।
বিরোধী রাজনৈতিক জোট রিপাবলিকান ব্লক ফর দ্য ডিফেন্স অব দ্য কনস্টিটিউশনের (বিআরডিসি) সদস্য ও আইনজীবী ক্রেপিন মবোলি-গুম্বা মনে করেন, অর্থনীতি ও রাজনীতিতে ওয়াগনার যোদ্ধাদের সম্পৃক্ততা গণতন্ত্রপন্থী মানুষ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিপজ্জনক।
ওয়াগনার ও আফ্রিকা কর্পসের ভূমিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
মালির মতো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রেও ওয়াগনারের জায়গায় আফ্রিকা কর্পসকে প্রতিষ্ঠিত করতে চাইছে মস্কো। তবে এ ক্ষেত্রে প্রেসিডেন্ট তোয়াদেরের কিছুটা অনীহা রয়েছে। কারণ, কয়েক বছর ধরে তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছে ওয়াগনার-সংশ্লিষ্ট বাহিনী।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একজন মন্ত্রী এএফপিকে নিশ্চিত করেছেন, দেশটিতে আফ্রিকা কর্পসের উপস্থিতি রয়েছে। তবে বিষয়টি এখনো বেশ স্পর্শকাতর।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো প্রকল্পবিষয়ক মন্ত্রী পাসকাল বিদা কোয়াগবেলে বলেন, ‘একটি চুক্তি হয়েছিল।’
তিনি আরও বলেন, ওয়াগনার সদস্যদের সবচেয়ে বড় সুবিধা হলো, তারা স্থানীয় পরিস্থিতি ও ভূখণ্ড সম্পর্কে ভালো জানেন।
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি দেশটির যোগাযোগমন্ত্রী এভারিস্তে এনগামানা।
তিনি বলেন, ‘ওয়াগনার হোক কিংবা আফ্রিকা কর্পস—তাতে কিছু যায় আসে না।’
রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ সের্গেই এলেদিনভ বলেন, আফ্রিকা কর্পসের সঙ্গে ‘সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা’ বাড়ানোর অর্থ এই নয় যে ওয়াগনার বাহিনীকে পুরোপুরি সরিয়ে দেওয়া হচ্ছে।
তবে ওয়াগনার ও আফ্রিকা কর্পসের দায়িত্ব ও ভূমিকা নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, তা দেশটির অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী রাজনীতিক আনিসে-জর্জ দোলোগেলে।
তার মতে, প্রেসিডেন্ট তোয়াদেরা বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের নির্দেশ অমান্য করার সাহস দেখাতে পারেন—এমন মানুষ খুব বেশি দেখিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচী প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান-২০২৬ শুরু করেছে নারায়ণগঞ্জ মহানগর শাখা। আজ ২৫ নভেম্বর বুধবার বিকালে নারায়ণগঞ্জের জামি'আ আরাবিয়া দারুল উলূম দেওভোগ মাদ্রাসা এলাকায় গ্রুপ দাওয়াতের মাধ্যমে এঅভিযান শুরু করা হয়।
সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের নেতৃত্বে পরিচালিত উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ক্যাম্পাস ও ছাত্রকল্যাণ সম্পাদক আমির মুহাম্মদ সিয়াম, বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ জাওয়াদুল ইসলাম, ফতুল্লা থানা সভাপতি আবু সাঈদ,
সেক্রেটারি নাজিম হাসান স্বপ্ন, বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম, মাদ্রাসা বিভাগের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সিয়াম, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, ফতুল্লা থানা প্রচার সম্পাদক নাজমুল হক , সিরাজুল উলুম মাদ্রাসা শাখা সভাপতি আলাউর রহমান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদী, ২৭ নভেম্বর, ২০২৬ : জেলার মনোহরদীতে অবস্থিত আল নূর বেকারির বিরুদ্ধে বৈধ কাগজপত্রের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা আরোপ করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় এ বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানটি মনোহরদী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজিয়া হক। এ সময় মনোহরদী থানা পুলিশ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন বেকারিটির বৈধ কাগজপত্রের অভাব, খাদ্য তৈরিতে অনুমোদনহীন রঙের ব্যবহার এবং পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই অভিযান পরিচালিত হয়েছে।
পরিদর্শনের সময় বেকারিটির কর্তৃপক্ষ বিএসটিআই অনুমোদন, হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস ও পরিবেশগত ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।
এছাড়া, বেকারিটির উৎপাদন কক্ষে অপরিচ্ছন্ন পরিবেশে পাউরুটি, বিস্কুট, কেকসহ বিভিন্ন বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।
খাদ্যদ্রব্যে অনুমোদনহীন উপাদান ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে। কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও ঘাটতি ছিল।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম বাসসকে জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, আল নূর বেকারিতে অভিযানকালে কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ