প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন ডানপন্থী জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। শুক্রবার প্রকাশিত দেশটির চলতি মাসের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে একটি নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত ৭ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে লুক্সনের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টির জোট কোনোভাবে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল।
তবে আসনসংখ্যার ব্যবধান ছিল অত্যন্ত কম। শুক্রবার ঘোষিত চূড়ান্ত ফলাফলে লুক্সনের দল দুটি আসন হারিয়েছে। ফলে পপুলিস্ট দল এনজেড ফার্স্ট ও উদারপন্থী অ্যাক্ট পার্টিকে নিয়ে গঠিত তার জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র এক আসন পিছিয়ে পড়েছে।
নির্বাচনের পর লুক্সন দাবি করেছিলেন, নতুন সরকার গঠনের জন্য জনগণের কাছ থেকে তিনি ম্যান্ডেট পেয়েছেন।
গত ৭ নভেম্বরের নির্বাচনের পর থেকে লুক্সন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে এখন সরকার পরিচালনা করতে হলে তাকে কিউলেই ওংয়ের নেতৃত্বাধীন নতুন মধ্যপন্থী দল ‘অপরচুনিটি’র সমর্থন নিতে হবে।
দলটির সঙ্গে সমঝোতা না হলে, দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।
সহনশীল ও নমনীয় রাজনৈতিক চর্চার প্রতিশ্রুতির পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে ওংয়ের দল।
কয়েক দশকের মধ্যে এই প্রথম সাবেক কোনো মন্ত্রীর নেতৃত্ব ছাড়াই একটি দল নিউজিল্যান্ডের সংসদে জায়গা করে নিল।
ওং প্রতিশ্রুতি দিয়েছেন, সংসদে যে দলের আসনসংখ্যা সবচেয়ে বেশি হবে, তাদের সঙ্গেই কাজ করবেন।
তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় কমানো ও রাজনীতিতে স্বচ্ছতা ফিরিয়ে আনার বিষয়ে তার দলের নির্ধারিত শর্তগুলো নিয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন তিনি।
নির্বাচনী প্রচারের সময় ওং জানিয়েছিলেন, এনজেড ফার্স্ট দলের নেতা উইনস্টন পিটার্স পররাষ্ট্রমন্ত্রী থাকলে তিনি সেই সরকারের সঙ্গে কাজ করবেন না।
এর আগে চীনে জন্ম নেওয়া নিউজিল্যান্ডের এক আইনপ্রণেতাকে পিটার্স বলেছিলেন, ‘নিজের দেশে ফিরে যান।’
সরকার গঠনে নির্ধারক মধ্যপন্থী দল
নির্বাচনের পর লুক্সন ও প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স—দুজনই ওংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।
নিউজিল্যান্ডের পরবর্তী সরকার গঠনে এখন নির্ধারক অবস্থানে উঠে এসেছেন ওং।
৩৮ বছর বয়সী ওং আগে বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজিতে কাজ করতেন। গত বছরের আগস্টে তিনি এমন একটি দলের নেতৃত্ব গ্রহণ করেন, জনমত জরিপে যার সমর্থন ছিল মাত্র এক শতাংশের মতো।
ক্রমবর্ধমান রাজনৈতিক মেরুকরণের বিপরীতে তিনি ‘বাস্তবভিত্তিক রাজনীতি’র কথা বলেন।
তার ভাষায়, ‘আমি রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমাতে চাই।’
চলতি মাসের নির্বাচনে জয়ী হওয়ার পর ওং বলেন, বিশ্বজুড়ে এক দশক ধরে পপুলিজম ও উগ্রবাদের বিস্তারের পর এবারের ফলাফল রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, বিশ্বজুড়েই বাস্তবভিত্তিক রাজনীতির পক্ষে মানুষের সমর্থন বাড়ছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন