ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম হাওলাদারের মৃত্যু


উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম হাওলাদারের মৃত্যু

বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আঃ রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ।

এ দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টার দিকে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজীরপাড় এলাকায়।

নিহতের ভাতিজা আরিফ জানিয়েছেন, সন্ধ্যার সময় তাঁর চাচা আঃ রহিম হাওলাদার বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য হোল্ডারে প্লাগ সংযুক্ত করছিলেন। এই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী, আখেরি মোনাজাত পরিচালনা করলেন চরমোনাই পীর সাহেব

নিহত আঃ রহিম হাওলাদার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর কারণে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়ার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়ার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন।

তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন। সফরের সময় সরকারপ্রধান দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন যে, স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।

প্রধানমন্ত্রী অনুশীলনস্থল পরিদর্শন করবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও দেখবেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখার সুযোগ পাবেন।

অনুশীলন পরিদর্শন শেষে, মঙ্গলবার বিকালে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

তারেক রহমানের এই সফরের মাধ্যমে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপে’ প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ অনুশীলনের মহড়া পরিদর্শন করতে যাচ্ছেন। স্থানীয়ভাবে স্বর্ণদ্বীপ ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

আধুনিক জীবনের ব্যস্ততায় অসুস্থতা আমাদের কাছে এক অসহনীয় বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। মাথাব্যথা, জ্বর, অ্যাসিডিটি কিংবা ত্বকের সমস্যা দেখা দিলে, আমরা তা থেকে মুক্তি পেতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। হাতের কাছে থাকা ব্যথানাশক বা উপসর্গ উপশমকারী ওষুধ গ্রহণ করে সাময়িক স্বস্তি পেলে, আমরা মনে করি রোগ সেরে গেছে।

কিন্তু প্রশ্ন হলো, বাহ্যিক উপসর্গগুলো সাময়িকভাবে মিলিয়ে যাওয়াটাই কি প্রকৃত ‘রোগারোগ্য’? নাকি অজান্তেই রোগকে শরীরের গভীরে ঠেলে দিচ্ছি?

রোগ ও আরোগ্য সম্পর্কে প্রচলিত ধারণার বিপরীতে হোমিওপ্যাথি একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও বিজ্ঞানসম্মত দর্শন উপস্থাপন করেছে। মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান প্রবর্তিত এই চিকিৎসা পদ্ধতিতে বলা হয়েছে, ‘রোগ কোনো বিচ্ছিন্ন অঙ্গের ত্রুটি নয়; বরং সমগ্র মানবসত্তার অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ।’

রোগ কী এবং কেন হয়

প্রচলিত বস্তুবাদী ধারণায় ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা শরীরের নির্দিষ্ট অঙ্গের বিকৃতি রোগের মূল কারণ হিসেবে ধরা হয়। ফলে চিকিৎসার লক্ষ্য থাকে ওই জীবাণু ধ্বংস করা বা আক্রান্ত অঙ্গের উপসর্গগুলোকে দমন করা। কিন্তু হোমিওপ্যাথিক দর্শন অনুযায়ী, মানবদেহ পরিচালিত হয় এক অদৃশ্য, অশরীরী ও গতিশীল ‘জীবনীশক্তি’ (ভাইটাল ফোর্স) দ্বারা। যখন এই জীবনীশক্তি সুস্থ ও ছন্দময় থাকে, তখন দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ সুশৃঙ্খলভাবে কাজ করে এবং কোনো রোগজীবাণু দেহে স্থায়ীভাবে বাসা বাঁধতে পারে না।

যখন বাহ্যিক বা মানসিক কোনো অশুভ প্রভাব এই জীবনীশক্তির ছন্দপতন ঘটায়, তখন দেহে নানাবিধ লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। অর্থাৎ জ্বর, ব্যথা বা চর্মরোগ মূল রোগ নয়; এগুলো হলো ভেতরের বিশৃঙ্খলা সম্পর্কে দেহের আত্মরক্ষামূলক সংকেত। রোগকে কেবল জীবাণুর আক্রমণ হিসেবে না দেখে জীবনীশক্তির দুর্বলতা হিসেবে দেখার দৃষ্টিভঙ্গিই হোমিওপ্যাথিকে অনন্য করে তোলে।

উপশম, দমন ও প্রকৃত আরোগ্য

আমাদের সমাজে চিকিৎসা নিতে গিয়ে প্রায়ই ‘উপশম’ (প্যালিয়েশন) ও ‘দমন’ (সাপ্রেশন)-কে ‘আরোগ্য’ (কিউর) মনে করা হয়। উদাহরণস্বরূপ, কারও শরীরে চর্মরোগ বা অ্যাকজিমা দেখা দিলে, বাইরে থেকে শক্তিশালী মলম ব্যবহার করে তা দ্রুত মিলিয়ে দেওয়া সম্ভব। এতে ত্বক পরিষ্কার হয়, কিন্তু ভেতরের রোগশক্তি নির্মূল হয় না। ফলে কিছুদিন পর সেই রোগীর মধ্যে হাঁপানি, শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিল অভ্যন্তরীণ ব্যাধি দেখা দেয়। হোমিওপ্যাথির ভাষায় এটি আরোগ্য নয়, বরং ‘রোগ দমন’—যা রোগীর জন্য আরও ভয়াবহ বিপদ ডেকে আনে। একইভাবে, মাথাব্যথা বা গিঁটের ব্যথায় সাময়িক ব্যথানাশক ওষুধ গ্রহণ করা হলো উপশম, যা ওষুধের কার্যকারিতা শেষ হলেই আবার ফিরে আসে।

মহাত্মা হ্যানিম্যান তার কালজয়ী গ্রন্থ ‘অর্গানন অব মেডিসিন’-এর ২ নম্বর সূত্রে প্রকৃত আরোগ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ‘চিকিৎসার সর্বোচ্চ আদর্শ হলো দ্রুত, মৃদু ও স্থায়ীভাবে স্বাস্থ্য পুনরুদ্ধার করা, অথবা সহজবোধ্য ও নিশ্চিত নীতিমালার ওপর ভিত্তি করে সবচেয়ে সংক্ষিপ্ত, নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করা।’

হোমিওপ্যাথিক আরোগ্যের পথরেখা

হোমিওপ্যাথি ‘রোগ নয়, রোগীকে চিকিৎসা করে’। একই নামের রোগে আক্রান্ত দুজন মানুষের চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। কারণ প্রতিটি মানুষের শারীরিক গঠন, মানসিক প্রবণতা, আবেগ-অনুভূতি, পছন্দ-অপছন্দ এবং রোগের লক্ষণ প্রকাশের ধরন আলাদা। এই ব্যক্তিস্বাতন্ত্র্য বিচার করে নির্বাচিত একক ও সূক্ষ্মমাত্রার ওষুধ সরাসরি দেহের জীবনীশক্তিকে উদ্দীপ্ত করে, যাতে দেহ নিজেই নিজেকে সুস্থ করে তুলতে পারে।

প্রখ্যাত হোমিওপ্যাথি ডা. কনস্ট্যান্টাইন হেরিং দেখিয়েছেন, প্রকৃত আরোগ্য কখনো এলোমেলোভাবে ঘটে না; বরং তা একটি সুনির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম মেনে চলে। একে ‘হেরিং-এর আরোগ্য সূত্র’ বলা হয়। এই সূত্র অনুযায়ী, প্রকৃত আরোগ্যের ক্ষেত্রে রোগের লক্ষণগুলো শরীরের ভেতর থেকে বাইরের দিকে, ওপর থেকে নিচের দিকে, অধিক গুরুত্বপূর্ণ অঙ্গ (যেমন—হৃৎপিণ্ড, মস্তিষ্ক বা ফুসফুস) থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের (যেমন—ত্বক) দিকে সরে আসে এবং রোগের লক্ষণগুলো যে ক্রমে এসেছিল ঠিক তার উল্টো ক্রমে বিদায় নেয়। আরোগ্যের এই প্রক্রিয়ায় রোগী কেবল শারীরিক কষ্ট থেকে মুক্তি পান না, বরং তার মানসিক প্রফুল্লতা, স্বাভাবিক ঘুম, ক্ষুধা ও কর্মস্পৃহাও ফিরে আসে।

বর্তমান বিশ্বে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং রাসায়নিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া যখন জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন রোগারোগ্য সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে। সাময়িক স্বস্তির আশায় উপসর্গ চাপা না দিয়ে, দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা জীবনীশক্তিকে জাগিয়ে তোলাই হতে পারে টেকসই সুস্থতার একমাত্র পথ।

হোমিওপ্যাথির এই মানবিক, বিজ্ঞানসম্মত ও প্রকৃতিসম্মত দর্শন আমাদের সেই পূর্ণাঙ্গ ও স্থায়ী সুস্থতার দিশা দেখায়।

কোট- ‘চিকিৎসাবিজ্ঞানের প্রচলিত ধারণায় যেখানে রোগের বাহ্যিক প্রকাশ বন্ধ করাকেই সুস্থতা ভাবা হয়, হোমিওপ্যাথি সেখানে দেহের অভ্যন্তরীণ প্রাণশক্তির ভারসাম্য ফিরিয়ে আনার মাধ্যমে স্থায়ী আরোগ্যের কথা বলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলেনস্কির রাশিয়ার সঙ্গে দ্রুত চারপক্ষীয় আলোচনার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


জেলেনস্কির রাশিয়ার সঙ্গে দ্রুত চারপক্ষীয় আলোচনার আহ্বান

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার নতুন করে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। তিনি ইউরোপের নেতাদেরও এই আলোচনায় অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন।

বার্লিনে ন্যাটোভুক্ত দেশগুলোর আইনপ্রণেতাদের এক সমাবেশে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন জেলেনস্কি। এ সময় তিনি মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরুর সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে নিয়ে চারপক্ষীয় বৈঠক যত দ্রুত সম্ভব আয়োজন করতে আমাদের সবকিছু করতে হবে। আমরা আলোচনায় বসতে প্রস্তুত। আক্ষরিক অর্থেই আগামীকাল।’

তিনি আরও বলেন, ‘আমাদের অংশীদারদের কাছ থেকে শুনেছি, বড়দিনের আগে বৈঠকটি আয়োজনের চেষ্টা করতে চান তারা। আমরা আশা করি, এর আগেই তা অনুষ্ঠিত হবে।’

আগের আলোচনাগুলোতে ইউরোপের দেশগুলোকে বাইরে রাখা হয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের আলোচনা যুক্ত হওয়ার উদ্যোগ আরও জোরালো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের বিরুদ্ধে লড়াই করে আসছে ইউক্রেন। দেশটির জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর নিরাপত্তার নিশ্চয়তা এবং জোটের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ তৈরির আহ্বান জানিয়ে আসছেন জেলেনস্কি।

তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধের অভিজ্ঞতা, আধুনিক প্রতিরক্ষা শিল্প এবং বড় সামরিক বাহিনী ন্যাটোর অন্য সদস্যদেরও উপকারে আসবে।

বার্লিনের সমাবেশে জেলেনস্কি বলেন, ‘ন্যাটোই এর সমাধান। আর শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী থাকলে ন্যাটোও আরও শক্তিশালী হবে- এ নিশ্চয়তা দেওয়া যায়।’

তবে ন্যাটোর বেশ কয়েকজন নেতা ইউক্রেনকে জোটের সদস্য করার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন।

গত সপ্তাহে বার্লিনে ইউক্রেনের সমর্থক দেশগুলোর এক সমাবেশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইউক্রেনকে উত্তর আটলান্টিক চুক্তির ৫ অনুচ্ছেদের আদলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

তবে সোমবার জেলেনস্কি বলেন, ন্যাটোর পূর্ণ সদস্যপদ ছাড়া এ ধরনের নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে কার্যকর হবে, তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়ে গেছে।

তিনি বলেন, ‘ইউক্রেন আবারও হামলার শিকার হলে কোন কোন দেশ আমাদের সহায়তায় এগিয়ে আসবে? আমাদের অংশীদাররা তখন ঠিক কী পদক্ষেপ নেবে? আগাম আমাদের ভূখণ্ডে কোন কোন দেশের সেনা মোতায়েন করা হবে? এতে কত ব্যয় হবে? আর এ ব্যবস্থা কি সত্যিই কার্যকর হবে?’

জেলেনস্কি বলেন, ‘এসব প্রশ্নের কোনোটিই সহজ নয়। এখন পর্যন্ত আমরা এ বিষয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট কোনো উত্তর পাইনি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের আহ্বানও পুনর্ব্যক্ত করেন। রাশিয়ার বিমান হামলা ঠেকাতে তিনি দেশগুলোকে নিজেদের মজুত অস্ত্র ইউক্রেনকে দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো গুদামে পড়ে থেকে ধুলা জমতে দেওয়া উচিত নয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নেতানিয়াহু নারাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নেতানিয়াহু নারাজ

ইসরাইলের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট বর্তমানে ইরানের বিরুদ্ধে তড়িঘড়ি করে কোনো সামরিক অভিযানে যাওয়ার প্রয়োজন অনুভব করছেন না।

তিনি সোমবার (২৩ নভেম্বর) নতুন সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে এই মন্তব্য করেন। তবে, তার এই বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বিপদকে খাটো করে না দেখার জন্য পাল্টা সতর্কবার্তা প্রদান করেছেন।

জেরুজালেমে ইসরাইলি পার্লামেন্টে সাংবাদিকদের সামনে সাবেক সেনাপ্রধান আইজেনকোট বলেন, "ইরানের হুমকি ইসরাইলের জন্য সবচেয়ে বড় বিপদ ঠিকই। কিন্তু নতুন সরকার গঠনের আগেই সামরিক হামলা চালাতে হবে—এমন কোনো সরাসরি বা তাৎক্ষণিক বিপদ তিনি এই মুহূর্তে দেখছেন না।"

অন্যদিকে, একই দিনে পার্লামেন্টের আরেক ব্রিফিংয়ে নেতানিয়াহু দেশের সামনে থাকা "গুরুতর ও মারাত্মক হুমকিগুলোর" কথা উল্লেখ করেন। তিনি বলেন, "চারপাশে ঘিরে থাকা এসব তাৎক্ষণিক বিপদকে যারা হালকাভাবে দেখছেন, তারা কেবল রাজনৈতিক ফায়দা লুটতেই এমন কথা বলছেন।" আইজেনকোট যখন নতুন জোট সরকার গঠনের চেষ্টা করছেন, ঠিক সেই সময়ে নেতানিয়াহু সকলকে নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গড়ার আহ্বান জানান।

সূত্র: আল-আরাবিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%